সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী ভয়াবহ ফলাফলজটে পড়েছেন। পরীক্ষার ১৫ দিনের মধ্যে উত্তরপত্র মূল্যায়ন এবং এক মাসের মধ্যে ফলাফল প্রকাশের আইন থাকলেও কোনো বিভাগেই সেটি মানা হচ্ছে না। স্থাপত্যবিদ্যা বিভাগে একটি পরীক্ষা নেওয়ার আড়াই বছরেও ফল প্রকাশিত হয়নি। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রায় সব বিভাগেই ফলাফলজট রয়েছে।বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ১৯৯০-৯১ শিক্ষাবর্ষ থেকে শুরু হয়। প্রথম কয়েক বছর সময়মতো ফল প্রকাশের জন্য প্রতিষ্ঠানটির সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ে। কিন্তু সেই সুনাম পরে আর ধরে রাখা যায়নি।পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্র জানায়, বিলম্বে ফল প্রকাশের সমস্যা প্রকট রূপ নেয় ২০০১ সাল থেকে। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের একজন ছাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, শিক্ষকদের রাজনীতি, দলীয় কোন্দল, জবাবদিহির অভাব ও দায়িত্বহীনতার কারণে ফল প্রকাশে বিলম্ব হয়।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০০৭-০৮ শিক্ষাবর্ষে স্থাপত্যবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফল দুই বছর আট মাস, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) ও অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফল দুই বছর সাড়ে পাঁচ মাসেও প্রকাশ করা হয়নি। ২০০৬-০৭ শিক্ষাবর্ষে গণিত বিভাগের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার এক বছর ১০ মাসেও ফল প্রকাশ করা হয়নি। এ ছাড়া, ২০০৭-০৮ শিক্ষাবর্ষে ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার এক বছর আট মাসেও ফল প্রকাশ করা হয়নি। ২০০৮-০৯ শিক্ষাবর্ষে বন ও পরিবেশবিজ্ঞান এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগে দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষা নেওয়ার এক বছর আট মাস পেরিয়ে গেলেও ফলাফল অপ্রকাশিত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কটি বিভাগে ফল প্রকাশের ক্ষেত্রে বাস্তবতা প্রায় একই রকম।পরীক্ষা নিয়ন্ত্রক ছালিকুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, শুধু শিক্ষকদের অবহেলার জন্য শিক্ষার্থীদের ফলাফল বছরের পর বছর আটকে থাকে। ইতিপূর্বে তিন থেকে চার বছর পর্যন্ত ফলাফল আটকে থাকার নজির রয়েছে। বর্তমান উপাচার্য দায়িত্ব গ্রহণের পর ব্যক্তিগত উদ্যোগে শিক্ষকদের চাপ দিয়ে দ্রুত ফল প্রকাশের ব্যবস্থা করছেন।ফলাফলজটের কারণ হিসেবে সাধারণত শিক্ষার্থীদের ‘ড্রপ’ (কোনো কোর্সের চূড়ান্ত পরীক্ষায় সময়মতো অংশ না নেওয়া) করাকে দায়ী করেন উপাচার্য। এ ছাড়া ভিন্ন বিভাগ থেকে পরিচালিত বিভিন্ন কোর্সের ফল বিলম্বে প্রকাশের কারণে চূড়ান্ত ফল প্রকাশে বিলম্ব হয় বলে মন্তব্য করেছেন স্থাপত্যবিদ্যা বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান। এ ছাড়া, বন ও পরিবেশ বিভাগের প্রধান নারায়ণ সাহা বলেন, ‘আমাদের বিভাগের বিভিন্ন কোর্সের ফল নির্দিষ্ট সময়ে প্রকাশ করলেও অন্যান্য বিভাগ থেকে পরিচালিত কোর্সের ফল সময়মতো পাওয়া যায় না। তাই সার্বিক ফল প্রকাশ বিলম্বিত হয়।’অর্থনীতি বিভাগের প্রধান সায়ন চক্রবর্তী বলেন, ‘বিলম্বে ফল প্রকাশের কারণ দুটি। প্রথমত, শিক্ষার্থীরা অবাধে ড্রপকোর্স নেওয়ার সুযোগ পায়। দ্বিতীয়ত, ফলাফল প্রক্রিয়াকরণের স্বয়ংক্রিয় কোনো সফটওয়্যার আমরা চালু করতে পারিনি। তাই ম্যানুয়াল পদ্ধতিতে ফলাফল তৈরি করতে গিয়ে জটিলতা দেখা দিচ্ছে।’পিএমই বিভাগের প্রধান শফিকুল ইসলাম বলেন, অন্যান্য বিভাগ পরিচালিত কোর্সের ফলাফল পেতে বিলম্ব, কয়েকজন শিক্ষকের ছুটিতে থাকা এবং বিভাগে শিক্ষকস্বল্পতার কারণে অনেকগুলো সেমিস্টারের খাতা মাত্র কয়েকজন শিক্ষককে দেখতে হয়। তাই সময়মতো ফল প্রকাশ করা সম্ভব হয় না। ‘ড্রপকোর্স’ যখন অজুহাত: ফল প্রকাশের ক্ষেত্রে প্রধান বাধা হিসেবে শিক্ষার্থীদের ‘ড্রপ’ করাকে শিক্ষকেরা প্রধানত দায়ী করলেও অনুসন্ধানে ভিন্ন চিত্র পাওয়া গেছে। কোনো ‘ড্রপকোর্স’ বা অনিয়মিত শিক্ষার্থী না থাকা সত্ত্বেও ২০০৯-১০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষায় বন ও পরিবেশ বিভাগে এক বছর নয় মাস এবং অর্থনীতি বিভাগে এক বছর ছয় মাসেও ফল প্রকাশ করা হয়নি। একই শিক্ষাবর্ষে প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় গণিত ও লোকপ্রশাসন বিভাগে এক বছর সাড়ে পাঁচ মাস, রসায়ন বিভাগে এক বছর সাড়ে চার মাস, ইংরেজি বিভাগে এক বছর চার মাস, বন ও পরিবেশবিজ্ঞান বিভাগে এক বছর তিন মাস, পিএমই বিভাগে এক বছর দুই মাস পেরিয়ে গেলেও নিয়মিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়নি। এ ছাড়া, স্নাতকোত্তর ২০০৮-০৯ শিক্ষাবর্ষে প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষার নিয়মিত ফল অপ্রকাশিত রয়েছে নৃবিজ্ঞানে এক বছর সাড়ে পাঁচ মাস, রসায়নে এক বছর সাড়ে চার মাস, গণিতে এক বছর চার মাস, অর্থনীতিতে এক বছর দুই মাস, সমাজবিজ্ঞানে এক বছর ধরে। এদিকে কোনো ‘ড্রপকোর্স’ না থাকা সত্ত্বেও ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রায় ১১ মাস পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের মোট ২৫টি বিভাগের মধ্যে ২২টিতেই ফল প্রকাশ করা হয়নি।নাম প্রকাশ না করার শর্তে বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষার্থী বলেন, সব বিভাগ যদি বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে উত্তরপত্র মূল্যায়নের পরীক্ষার কাজ ১৫ দিনের মধ্যে শেষ করে, তাহলে ফল প্রকাশে সমস্যা হওয়ার কথা নয়। দ্বিতীয় বা তৃতীয় বর্ষের কোনো সেমিস্টারের শিক্ষার্থীদের পরীক্ষার ফল এক থেকে দুই বছর পর্যন্ত অপ্রকাশিত থাকলে চার বছরের শিক্ষাজীবনে ওই শিক্ষার্থীরা ‘ড্রপকোর্স’ সম্পন্ন করার সুযোগ অন্তত দুবার হারান। এতে তাঁদের শিক্ষাজীবন দীর্ঘায়িত হয় এবং শিক্ষকেরা এই দায় এড়াতে পারবেন না।ভোগান্তির শিকার শিক্ষার্থীরা: স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের ছাত্র বখতিয়ার রানা বলেন, ‘স্নাতক পরীক্ষার পর ফল দেরিতে প্রকাশ করায় অনেকগুলো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদন করতে পারিনি। অন্য বিশ্ববিদ্যালয়ে আমাদের একই শিক্ষাবর্ষের বন্ধুরা চাকরি পেয়ে গেছে। অথচ আমরা ফলাফলের জন্য বসে আছি।’নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্রী রুনা রায় বলেন, স্নাতক পরীক্ষার ফল প্রকাশে দেরির কারণে মাস্টার্সের প্রথম সেমিস্টার শেষ করতে ছয় মাসের জায়গায় এক বছর লেগেছে।ফল প্রকাশের জন্য শিক্ষকদের তাগিদ দিতে গেলে বেশির ভাগ ক্ষেত্রেই তাঁরা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরীক্ষায় অকৃতকার্য রাখার হুমকি দেন। ফল বিপর্যয়ের ভয়ে শিক্ষার্থীরা বিলম্বের বিষয়টি নীরবে সহ্য করেন। এ অবস্থা থেকে উত্তরণের উপায় জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক ছালিকুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সঠিক সময়ে খাতা না দেখলে শিক্ষকদের পারিতোষিক কর্তন এবং উত্তরপত্র ফেরত নিয়ে অন্য শিক্ষকদের দেওয়া, ফল প্রকাশ না করে নতুন সেমিস্টার শুরু করা থেকে বিরত থাকা, পরীক্ষা দপ্তরকে উত্তরপত্র বিতরণসহ পরীক্ষা নিয়ন্ত্রণের যাবতীয় ক্ষমতা দেওয়া এবং আইন সংশোধন করলে এই সমস্যা আর থাকবে না।’কাগুজে আইন, কেউ মানেন না: বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে সব বিভাগের প্রধান ও অধ্যাপকদের উপস্থিতিতে পাস করা হয় পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন আইন। তবে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক পরীক্ষাসংক্রান্ত আইন অমান্য করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক ছালিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, ‘পরীক্ষাসংক্রান্ত আইন শিক্ষকদের কেউ কোনো দিন মানেননি। এটি একটি কাগুজে আইনে পরিণত হয়েছে।’উপাচার্যের আশ্বাস: ফলাফলজট প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষাসংক্রান্ত আইন না মানা, কয়েকজন শিক্ষকের অবহেলা, জবাবদিহির অভাবসহ বেশ কিছু কারণে ফল প্রকাশ বিলম্বিত হচ্ছে। পরীক্ষাসংশ্লিষ্ট সবার সহযোগিতা পেলে এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব। শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে আমি এই সমস্যা থেকে উত্তরণের জোর প্রচেষ্টা চালাচ্ছি।’