ফলাফলে নতুন মাইলফলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক যেন মাইলফলক তৈরি করছে তরুণ শিক্ষার্থীরা। সাফল্যের আনন্দে ভেসে তারা গত কয়েক বছরের মতো এবারও পার হলো মাধ্যমিক বিদ্যালয়। উত্তীর্ণের হার ও মেধাবীদের সংখ্যা—দুই দিক থেকেই এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে নতুন মাইলফলক তৈরি হয়েছে। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় গড় উত্তীর্ণের হার এবার ৮২ দশমিক ১৬ শতাংশ। আগের মাইলফলক ভাঙা গতবারের গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ১৯ শতাংশ। এবার উত্তীর্ণের হার ৩ দশমিক ৯৭ শতাংশ বেশি। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘এবার ইতিহাসের সবচেয়ে বেশি শিক্ষার্থী পাস করেছে।’গেলবারের চেয়ে এবার মেধাবীদের সংখ্যা অর্থাৎ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৬৫৪ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ৬২ হাজার ৭৮৮ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৬২ হাজার ১৩৪ জন।গতকাল বৃহস্পতিবার দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর আগে বেলা ১১টায় শিক্ষামন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাঁর সচিবালয়ের কার্যালয়ে গিয়ে ফলাফলের কপি হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান তাঁর প্রেস সচিব আবুল কালাম আজাদ। প্রেস সচিব সাংবাদিকদের জানান, যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন জানিয়েছেন এবং যারা অকৃতকার্য হয়েছে, তাদের পড়ালেখায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।এসএসসির পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল ও কারিগরি বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলও ঘোষণা করা হয়। আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১০টি শিক্ষা বোর্ডে গড় উত্তীর্ণের হার ৮২ দশমিক ৩১ শতাংশ। গতবার এই হার ছিল ৭৯ দশমিক ৯৮ শতাংশ। এবার উত্তীর্ণের হার ২ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। তবে মাদ্রাসায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে সাত হাজার ৯৯৯ জন কমেছে। এ জন্য ১০টি বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মোট সংখ্যাও কমেছে। এবার সব মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ৭৬ হাজার ৭৪৯ জন, যা গেলবার ছিল ৮২ হাজার ৯৬১ জন।এবার সারা দেশের দুই হাজার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বিপরীতে ২৮টি থেকে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হয়নি। এসএসসির ফলে গতবারের মতো এবারও ঢাকা বোর্ডে সবার শীর্ষে অবস্থান করছে রাজধানীর রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ।বেলা দুইটায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কথা থাকলেও তার কিছু আগে থেকেই ফল প্রকাশ হতে থাকে। আর ফল প্রকাশের সঙ্গে সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে হাসি-কান্নার চিরাচরিত চিত্রও দেখা যায়। উত্তীর্ণ শিক্ষার্থী, তাদের অভিভাবক ও স্বজনেরা উল্লাসে মেতে ওঠে। একই সঙ্গে মিষ্টি ও ফুলের দোকানগুলোতে ভিড় বাড়তে থাকে। পাশাপাশি প্রত্যাশিত ফল না হওয়ায় কারও কারও মুখে বিষাদের ছায়া নেমে এসেছিল। শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি ওয়েবসাইট ও মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও ফল জানা গেছে। কয়েক হাজার প্রতিষ্ঠান থেকে নিবন্ধিত ই-মেইলেও ফল পাঠানোর ব্যবস্থা ছিল। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম ও গোপালগঞ্জের দুটি বিদ্যালয়ে ই-মেইলে ফল পাঠান। একই সঙ্গে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যালয় দুটির শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার আটটি সাধারণ বোর্ডের এসএসসিতে মোট নয় লাখ ৮৬ হাজার ৬৫০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে আট লাখ ১০ হাজার ৬৬৬ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এক লাখ ৯৬ হাজার ১৯১ জন বিজ্ঞানের, তিন লাখ ১০ হাজার ৬৯১ জন মানবিকের এবং তিন লাখ তিন হাজার ৭৮৪ জন ব্যবসায় শিক্ষার শিক্ষার্থী। বিজ্ঞানে উত্তীর্ণের হার ৯০ দশমিক ৭৬ শতাংশ, মানবিকে ৭৪ দশমিক ১৯ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় উত্তীর্ণের হার ৮৬ দশমিক ৩৭ শতাংশ।কুমিল্লা বোর্ডে উত্তীর্ণের হার বেশি: এবার পাসের হার সবচেয়ে বেশি কুমিল্লা শিক্ষা বোর্ডে, ৮৫ দশমিক ৮৫ শতাংশ। এই বোর্ডে এক লাখ ১৬ হাজার ১৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৯ হাজার ৭৫৭ জন। জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৯৮১ জন।উত্তীর্ণের হার কম দিনাজপুর বোর্ডে: পাসের হার সবচেয়ে কম হয়েছে দিনাজপুর বোর্ডে, ৭৭ দশমিক ৪৮ শতাংশ। এই বোর্ডে এক লাখ ২৪ হাজার ৬৫৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৯৬ হাজার ৫৭৯ জন। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৪৮৫ জন। তবে এই বোর্ডের চেয়ারম্যান জেসমিন ফেরদৌস প্রথম আলোকে বলেন, ‘গতবারের চেয়ে আমাদের বোর্ডের ফল এবার ভালো হয়েছে। গতবার এই বোর্ডে পাসের হার ছিল ৭০ দশমিক ৭০ শতাংশ। এবার সৃজনশীল ও ইংরেজি বিষয়ের ওপর জোর দেওয়ায় পাসের হার বেড়েছে।’ঢাকা বোর্ড: ঢাকা শিক্ষা বোর্ডে এবার উত্তীর্ণের হার ৮৪ দশমিক ৬৩ শতাংশ। এই বোর্ডে মোট তিন লাখ ৫৭১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে দুই লাখ ৫৪ হাজার ৩৬৮ জন। এ বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা সর্বাধিক ২৪ হাজার ২৯০ জন। গতবারও এই বোর্ডে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছিল।রাজশাহী বোর্ড: এ বোর্ডে পাসের হার ৮০ দশমিক ৩২ শতাংশ। এখানে এক লাখ ২৯ হাজার ৯৯৫ জন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে এক লাখ চার হাজার ৪১১ জন। জিপিএ-৫ পেয়েছে নয় হাজার ৯৩৭ জন।যশোর বোর্ড: যশোর বোর্ডে এক লাখ ২৭ হাজার ৮৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ সাত হাজার ৪৩০ জন। এ বোর্ডে পাসের হার ৮৪ দশমিক শূন্য ৪ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা সাত হাজার ৩৭৩ জন।সিলেট বোর্ড: সিলেট বোর্ডে গড় পাসের হার ৮১ দশমিক ২৩ শতাংশ। এ বোর্ডে ৪৮ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩৯ হাজার ৩৭৮ জন। জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ১৪৮ জন।চট্টগ্রাম বোর্ড: চট্টগ্রাম বোর্ডে ৭৭ হাজার ৩২৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬০ হাজার ৫২১ জন। এ বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ২৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৮১৯ জন।বরিশাল বোর্ড: এ বোর্ডে ৬১ হাজার ৫৯০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৮ হাজার ২২২ জন। পাসের হার ৭৮ দশমিক ৩০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৭৫৫ জন।লিবিয়া কেন্দ্রের সব শিক্ষার্থী উত্তীর্ণ: ঢাকা বোর্ডের অধীন বিদেশের আটটি কেন্দ্রে মোট ২৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৪৩ জন। বিদেশের কেন্দ্রের পাসের হার ৯৮ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন। এবার অস্থিতিশীল পরিস্থিতির কারণে লিবিয়ার ত্রিপোলি কেন্দ্রের শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে শঙ্কা ছিল। এ জন্য তাদের কাছে বিশেষ ব্যবস্থায় পরীক্ষার প্রশ্নপত্রসহ আনুষঙ্গিক বিষয় পাঠানো হয়। তবে ফলাফলে দেখা গেছে, সেখানকার আটজন শিক্ষার্থীর সবাই পাস করেছে। তবে কেউ জিপিএ-৫ পায়নি।মান বৃদ্ধির সূচকে ইতিবাচক লক্ষণ: সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, গত বছরের তুলনায় এ বছরের ফলাফলে দেখা যাচ্ছে, মান বৃদ্ধির সূচকে ইতিবাচক লক্ষণ প্রকাশ পেয়েছে। শতকরা পাসের হার বেড়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা বাড়ার পাশাপাশি অনুত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। ফলাফলের এ তথ্যগুলো পুরো শিক্ষাব্যবস্থার জন্য খুবই ইতিবাচক। শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত নানা পদক্ষেপ, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত প্রচেষ্টাসহ সমগ্র শিক্ষা-পরিবারের সার্বিক সহযোগিতার কারণে এই অবস্থায় পৌঁছানো সম্ভব হয়েছে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুনসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা।গত ১ ফেব্রুয়ারি শুরু হয়ে এ পরীক্ষা শেষ হয়েছিল ১০ মার্চ। পরীক্ষার দুই মাস দুই দিন পর ফলাফল প্রকাশ করা হলো।ভর্তিতে আসনসংকট হবে না: সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চাপ বাড়লেও সারা দেশে একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে আসনসংকট হবে না। বরং গতবার দেখা যায়, প্রায় এক লাখ আসন খালি ছিল।আরেক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘মাত্র ফল প্রকাশিত হয়েছে। এখন বিশ্লেষণ করে দেখব, ভর্তির ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা দরকার কি না।’