ফলাফলে সবার ওপরে সিলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শিক্ষা বোর্ডে এসএসসিতে এবার পাসের হার ৯১ দশমিক ৭৮ শতাংশ। সারা দেশে পাসের হারের দিক থেকে অন্য সব শিক্ষা বোর্ডের ওপরে স্থান করে নিয়েছে সিলেট।সিলেট শিক্ষা বোর্ড জানায়, সিলেট শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৮ হাজার ৩৭৬ জন। এর মধ্যে পাস করেছে ৫৩ হাজার ৫৭৯ জন। জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৬১১ জন।পরীক্ষা নিয়ন্ত্রক মো. মনিরউদ্দিন ফলাফল ঘোষণার পর প্রথম আলো ডটকমকে বলেন, ‘এবারের ফলাফলে সিলেটে শিক্ষাদীক্ষার অতীত ঐতিহ্যের প্রত্যাবর্তন ঘটেছে। গতবারের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা যেমন বেড়েছে, তেমনি পাসের হারও বেড়েছে। এবার দেশ সেরা ফলাফল হওয়ায় ভবিষ্যতে আমাদের শতভাগ সাফল্য অর্জন করার চেষ্টা থাকবে।’অতীত ঐতিহ্যে ফেরা: এই সাফল্যে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক থেকে শুরু করে শিক্ষানুরাগী—সবাই সিলেটের ‘অতীত ঐতিহ্যে ফেরা’ বলে মন্তব্য করেছেন।সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ মো. আবদুল আজিজও সিলেট শিক্ষা বোর্ডের ফলাফলকে একটি মাইলফলক বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘সারা দেশে সিলেট শিক্ষা বোর্ড প্রথম স্থান অর্জন করেছে—নিঃসন্দেহে তা আমাদের জন্য সুখবর। তবে এ থেকে শিক্ষাও নিতে হবে। ভবিষ্যতে যেন ফলাফলের ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকে, এ জন্য এখন থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে।’সারা দেশের মধ্যে সিলেট শিক্ষা বোর্ড পাসের হারের দিক দিয়ে সবার ওপরে থাকায় শিক্ষক ও শিক্ষার্থীসহ সবার মধ্যে অন্য রকম উত্সাহ-উদ্দীপনা দেখা গেছে।সিলেট নগরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হুসনে আরা বলেন, ‘এ অর্জন সামগ্রিকভাবে শিক্ষার্থীদের সাফল্য। এ জন্য আমরা বেশি আনন্দিত ও গর্বিত।’শিক্ষায় পদ্ধতিগত পরিবর্তনে এমন ফলাফল এসেছে বলে মন্তব্য করে সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল হাসেম বলেন, ‘সৃজনশীল শিক্ষা পদ্ধতির আশানুরূপ সাফল্য ধরা দিয়েছে।’