উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, বর্তমান পদ্ধতির কারণে শিক্ষার্থীদের একদিকে যেমন কোচিংয়ের ওপর নির্ভরশীল হতে হয়, অন্যদিকে একাধিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ায় তাঁরা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হন। তা ছাড়া বর্তমান পদ্ধতির পরীক্ষায় প্রকৃত মেধারও যাচাই হয় না।উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীসহ তাঁদের অভিভাবকদের মধ্যে ভর্তির বিষয়টিই এখন সবচেয়ে আলোচিত। কীভাবে, কোন পদ্ধতিতে ভর্তি হবেন, পছন্দের জায়গায় ভর্তি হতে পারবেন কি না, সেগুলোই আলোচনা হচ্ছে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একাদশ শ্রেণীতে এখন মাধ্যমিকের (এসএসসি) ফলাফলের ভিত্তিতেই ভর্তি করা হয়। কোনো পরীক্ষা হয় না। এতে কোচিং যেমন কমেছে; কমেছে অনিয়ম, হয়রানি এবং ঝামেলা। তাই উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রেও বিষয়টি ভাবা উচিত। কারণ, শিক্ষার্থীরা এসএসসি ও এইচএসসির মতো দুটি পাবলিক পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেই উত্তীর্ণ হন। তা ছাড়া নকল কমে যাওয়ায় এসব পরীক্ষার গ্রহণযোগ্যতা বেড়েছে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমার মনে হয়, উচ্চশিক্ষায় ভর্তিতে এখন এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপরই জোর দিয়ে সামান্য নম্বরের লিখিত পরীক্ষা হতে পারে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য বলেন, বর্তমানে যেভাবে ঠিক নৈর্ব্যক্তিক প্রশ্নের ভিত্তিতে পরীক্ষা হয়, সেটা প্রকৃত মেধা যাচাইয়ের জন্য যথেষ্ট নয়। হয়তো একসঙ্গে খাতা দেখাসহ কিছু ক্ষেত্রে সুবিধার কারণেই এই পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়। এ ধরনের পরীক্ষার কারণে কোচিংয়ের ওপর নির্ভরতাও থাকছে।সম্প্রতি সংসদে উপস্থাপিত ইউজিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনেও ভর্তি পরীক্ষার বর্তমান পদ্ধতিকে ত্রুটিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, উচ্চ-শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রথম বর্ষে ভর্তির বর্তমান প্রক্রিয়া ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ব্যয়বহুল। ভর্তি পরীক্ষার গুণগত মানও প্রশ্নবিদ্ধ। বর্তমানে বেশির ভাগ শিক্ষার্থীকে ছয় থেকে ১০টি ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। তা ছাড়া ভর্তি পরীক্ষার জন্য তাঁরা কোচিং সেন্টারে যান। এ জন্য ভর্তি-প্রক্রিয়ার আমূল সংস্কারের সুপারিশ করা হয় প্রতিবেদনে।এ বিষয়ে ইউজিসির চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষায় ভর্তিতে পরিবর্তন আনার জন্য ইউজিসির একটি দল গবেষণা করছে।শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সূত্রমতে, মেডিকেল কলেজগুলোর মতো একই ঘরানার সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছ করে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হলেও এখনো বিশ্ববিদ্যালয়গুলো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।জানতে চাইলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল মান্নান আকন্দ গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘এটা অবশ্যই হওয়া উচিত। এ বিষয়ে শিগগির পরিষদের সভা ডাকা হবে। এটা হলে শিক্ষার্থীদের খরচ ও হয়রানি কমবে।’জিপিএ-৫ পেয়েও ভর্তির চিন্তা: এবার যে ফলাফল হয়েছে, তাতে জিপিএ-৫ পেয়েও শিক্ষার্থীদের নামকরা উচ্চ-শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির নিশ্চয়তা নেই। বিজ্ঞানের শিক্ষার্থীদের প্রথম লক্ষ্য থাকে মেডিকেল কলেজ কিংবা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি হওয়া। এরপর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বিজ্ঞানের ভালো বিষয়গুলোর প্রতি আকর্ষণ থাকে। অথচ এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে কেবল বিজ্ঞানেই জিপিএ-৫ পেয়েছেন ৩০ হাজার ১২৩ জন শিক্ষার্থী। বিপরীতে সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন আছে আড়াই হাজারের মতো। আর বুয়েটে আসন আছে ৯৬৫টি। অর্থাৎ, ভালো ফল করেও বিজ্ঞানের বেশির ভাগ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী কাঙ্ক্ষিত উচ্চ-শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন না।মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভালো ফল করা শিক্ষার্থীরাও প্রত্যাশিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন না। এবার আট বোর্ডের এইচএসসিতে মানবিকে জিপিএ-৫ পেয়েছেন ছয় হাজার ৪২৩ জন শিক্ষার্থী। আর ব্যবসায় শিক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৯২৩ জন। সাধারণ বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে সব বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ৬১ হাজার ১৬২ জন। তাঁরা সবাই উচ্চশিক্ষায়, বিশেষ করে ভালো প্রতিষ্ঠানগুলোতে ভর্তির চেষ্টা করবেন। কিন্তু আসনস্বল্পতায় তাঁদের ভর্তিযুদ্ধ করতে হবে।ইউজিসির হিসাবে, বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন আছে সাড়ে পাঁচ হাজার, রাজশাহীতে প্রায় তিন হাজার ২০০, চট্টগ্রামে প্রায় চার হাজার, জাহাঙ্গীরনগরে প্রায় এক হাজার ৭০০, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৯০০। এর বাইরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে অনার্সে আসন আছে প্রায় দুই লাখ, ডিগ্রি পাস কোর্সে আছে প্রায় এক লাখ ৯০ হাজার। তবে পাস কোর্সের এই সংখ্যা প্রতিবছরই বাড়ে। বরং অনেক কলেজ শিক্ষার্থীও পায় না। এগুলোসহ অন্যান্য পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে প্রায় পাঁচ লাখ ২১ হাজার আসন আছে। এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আসন ধরা হয়েছে প্রায় ৬০ হাজার। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন সেমিস্টার (বছরে তিন সেমিস্টারে ভর্তি করা হয়) মেলালে এই সংখ্যা হয় এক লাখ ৮০ হাজার। এর বাইরে ফাজিল ও অনার্স থাকা ৩০টি মাদ্রাসায় আছে আরও কয়েক হাজার আসন। তবে প্রায় সব প্রতিষ্ঠানে প্রতিবারই কিছু আসন বাড়ে।গত বুধবার প্রকাশিত আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার মোট পাস করেছেন সাত লাখ ২১ হাজার ৯৭৯ জন শিক্ষার্থী। সরকারের এই হিসাব অনুযায়ী, শিক্ষার্থীরা কোথাও না কোথাও ভর্তির হয়তো সুযোগ পাবেন। তবে ভালো শিক্ষার্থীদের সবাই নামীদামি প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন না।এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ভর্তির আসন নিয়ে কোনো সমস্যা হবে না, তবে পছন্দমতো জায়গায় ভর্তির সমস্যা তো থাকবেই।