ফলাফলের ভিত্তিতেই কলেজে ভর্তির নীতিমালা প্রকাশ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারও মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে। রাজধানীর বিভিন্ন কলেজের অধ্যক্ষরা এ বিষয়ে মতৈক্য প্রকাশ করেছেন।গতকাল রোববার বিকেলে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় অধ্যক্ষরা তাঁদের মতামত দেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভায় সভাপতিত্ব করেন। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, অধ্যক্ষদের সুপারিশ অনুযায়ী হয়তো আগের নীতিমালার ভিত্তিতেই এবারের ভর্তির নীতিমালা চূড়ান্ত করা হবে। প্রয়োজনে নীতিমালায় কিছু সংশোধনী আনা হতে পারে। গত বছর মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড পয়েন্ট এভারেজের (জিপিএ) ভিত্তিতে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হয়েছিল। এ ছাড়া একই মানের শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে কিছু নীতি ঠিক করে দেওয়া হয়।শিক্ষামন্ত্রী বলেন, কেউ কেউ বলছে, অনেক শিক্ষার্থী এবার ভর্তি হতে পারবে না। এ কথা ঠিক নয় বলে মনে করেন মন্ত্রী। তিনি বলেন, এ বছর রাজধানী ঢাকায় ২২৯টি কলেজে আসন আছে ৮১ হাজার ৬৩১টি। আর এই বোর্ডে এসএসসি উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৪৭ হাজার ৬৯৭ জন। মন্ত্রী আরও বলেন, ২০০৯-১০ শিক্ষাবর্ষে রাজধানীতে ১৯ হাজার ৫০৯টি আসন খালি ছিল। রাজধানীর বাইরে থেকে এসে ভর্তি হয়েছিল ১৮ হাজার ৬১৮ জন। এ ছাড়া গত বছর আটটি সাধারণ বোর্ড ও মাদ্রাসা বোর্ড থেকে উত্তীর্ণ হওয়া ৫৫ হাজার ২৫৬ জন শিক্ষার্থী কারিগরি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। মন্ত্রী জেলা-উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের নিজ এলাকার ভালো কলেজে ভর্তি হতে উদ্বুদ্ধ করার জন্য সংশিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।শিক্ষামন্ত্রী বলেন, এবার দেশে প্রায় আট হাজার কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ১১ লাখ ৮৬ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এবার দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে নয় লাখ ৬০ হাজার ৭৫২ জন পরীক্ষার্থী এসএসসি পাস করেছে। ফলে প্রায় সোয়া দুই লাখ আসান খালি পড়ে থাকবে।