ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট গঠনে বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনস্বাস্থ্য উন্নয়নে খাদ্যভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট গঠন করার লক্ষ্যে ‘বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বিল- ২০১২’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।আজ সোমবার জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।বিলটি সাত দিনের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলটি আইন হিসেবে কার্যকর হলে পুষ্টি ও মানবসম্পদ উন্নয়ন বোর্ড গঠন-সংক্রান্ত রেজুলেশন রহিত হবে।বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে কৃষিমন্ত্রী বলেন, দেশের জনগণের পুষ্টির স্তর উন্নয়নের লক্ষ্যে নিরাপদ ও প্রয়োজনীয় সুষম খাদ্য নিশ্চিত করে জনস্বাস্থ্য উন্নয়নের জন্য খাদ্যভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের বিধান করা প্রয়োজন।মন্ত্রী বলেন, ২০১১ সালে বাংলাদেশ ফলিত পুষ্টি ও মানবসম্পদ উন্নয়ন বোর্ড (বাফমাউব) রেজুলেশনের মাধ্যমে প্রণীত হয়। প্রতিষ্ঠানটির আইনগত ভিত্তি সুদৃঢ় করতে এবং খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি বিস্তারের মাধ্যমে জনগণের পুষ্টির স্তর ও জনস্বাস্থ্য উন্নয়ন, দারিদ্র্য বিমোচনের প্রচেষ্টা গ্রহণ এবং মেধাসম্পন্ন দক্ষ মানবসম্পদ তৈরি করতে ওই রেজুলেশন রহিত করে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বিল-২০১২ প্রণয়ন করা হয়েছে।প্রস্তাবিত আইনে বলা হয়েছে, ইনস্টিটিউটের প্রধান কার্যালয় হবে নারায়ণগঞ্জে। তবে প্রয়োজনে দেশের যেকোনো স্থানে এর আঞ্চলিক কার্যালয় স্থাপন করা যাবে। বিলের ছয় দফায় কৃষিমন্ত্রীকে চেয়ারম্যান, কৃষিসচিবকে ভাইস চেয়ারম্যান করে ১৭ সদস্যের পরিচালনা বোর্ডের কথা বলা হয়েছে। বোর্ডের সদস্যদের মেয়াদকাল তিন বছর হবে বলে বিলে উল্লেখ করা হয়।