ফলে জড়ানো হাড়গজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছটি প্রথম দেখি মধুপুরের শালবনে। দূর থেকে ভেবেছিলাম চালতাগাছ। কারণ পাতার গড়ন প্রায় অভিন্ন। গাছও একই পরিবারের। কথাশিল্পী হুমায়ূন আহমেদের ‘নুহাশ পল্লী’তেও একটি হাড়গজাগাছ দেখেছি।কিন্তু গত বছর বৃক্ষমেলায় হটার্স নার্সারিতে দেখি, গাছটির নাম লেখা আজবীগাছ। চারাগাছটির গায়ে একটি সুদৃশ্য ফুলের ছবিও ঝোলানো। পরে বইপত্র ঘেঁটে দেখি প্রকৃত নাম হাড়গজা (Dillenia scabrella)। প্রচলিত নাম আজুলি ও আকুশ।ঢাকায় গাছটি প্রায় দুষ্প্রাপ্য। বনানী রেলক্রসিংয়ের পাশে কাবাবঘরের প্রাঙ্গণে একটি অপরিণত গাছ চোখে পড়ে কিছুদিন আগে। হয়তো অনেক আগে থেকেই গাছটি ছিল এখানে। দিন কয়েক আগে শিশুসাহিত্যিক রুদ্রাক্ষ রহমান ফোনে একটি গাছের বর্ণনা দিয়ে জানান, গাছটিতে অচেনা ধরনের ফল ধরেছে। ছবি তুলতে গিয়ে দেখি, সত্যিই তো হাড়গজা। গাছের কাণ্ডজুড়ে শুধু ফল আর ফল। হলদেটে ফলগুলো অনেকটা লটকনের মতো ঝুলে আছে। গাছতলায়ও পড়ে আছে বেশ কিছু।হাড়গজা মাঝারি আকৃতির গাছ। ২৫ মিটার উঁচু হতে পারে। কচি কুঁড়িগুলো লম্বা রেশমি রোমে ঢাকা। পাতা বড়, লম্বাটে, ১৫ থেকে ৩০ সেন্টিমিটার লম্বা। ওপরের দিকে রুক্ষ, নিচে হালকা রোমশ, পাতার কিনার সামান্য দাঁতাল। বোঁটা আড়াই থেকে সাড়ে তিন সেন্টিমিটার লম্বা।শীতে সব পাতা ঝরে পড়ার পর বসন্তে নিষ্পত্র গাছ ভরে হলুদ রঙের গুচ্ছবদ্ধ ফুল ফোটে সকালে, ঝরে পড়ে সন্ধ্যায়। চার সেন্টিমিটার চওড়া তিন থেকে সাতটি ফুল থাকে লম্বা প্রশাখার আগায়। ফুলের বোঁটা আড়াই থেকে চার সেন্টিমিটার লম্বা। বৃতি প্রায় মসৃণ। গর্ভকেশর পাঁচ থেকে সাতটি।গাছটি সিলেট ও চট্টগ্রামের পাহাড়ে দেখা যায়। আদি আবাস বাংলাদেশ ও ভারতের চিরহরিৎ বন হলেও মিয়ানমার, কম্বোডিয়া, নেপাল ও থাইল্যান্ডে সচরাচর দেখা যায়। কাঠ ততটা মজবুত না হলেও নানা কাজে লাগে। ফল খাওয়ার উপযোগী, তবে স্থানীয়দের পছন্দ।হরগোজা (Acanthus ilicifolius) নামে কাছাকাছি নামের আরেকটি গুল্ম আছে আমাদের দেশে। প্রথমোক্ত গাছটির সঙ্গে এই গাছের কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নেই। প্রচলিত অন্য নাম হরকুচ কাঁটা। জন্মে উপকূলের নোনা বালু ও পানিতে। সুন্দরবন থেকে একেবারে টেকনাফ হয়ে সেন্ট মার্টিন পর্যন্ত বিস্তৃত। মাটির ক্ষয়রোধে এদের ভূমিকা অনন্য।