ফলে ফরমালিন: হাইকোর্টের সাম্প্রতিক রুল
ফলে রাসায়নিক পদার্থের ব্যবহার বন্ধে সম্প্রতি মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ একটি জনস্বার্থ মামলা করে। শুনানি শেষে ‘ফল পাকাতে রাসায়নিক দ্রব্যের ব্যবহার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এ ব্যাপারে কেন কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না’ তা জানতে চেয়ে সরকারের প্রতি তিন সপ্তাহের রুল জারি করেন আদালত। ১০ মে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালত একই সঙ্গে নিম্নলিখিত পাঁচ দফা নির্দেশনা দেন: বাণিজ্য, খাদ্য ও স্বরাষ্ট্রসচিব, সংশ্লিষ্ট প্রত্যেক মন্ত্রণালয়ের প্রতিনিধি সমন্বয়ে পর্যবেক্ষণ কমিটি গঠনপূর্বক ফলে রাসায়নিক দ্রব্য মিশ্রণ বন্ধে সুপারিশ প্রণয়ন করে ১৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করবেন।এনবিআরের চেয়ারম্যান দেশের সব আমদানি পয়েন্টে রাসায়নিক দ্রব্যমিশ্রিত ফল আমদানি বন্ধ করবেন এবং ১৫ দিনের মধ্যে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করবেন।রাজশাহীর ডিআইজি বাণিজ্যিক আমের বাগান, আড়তসহ সব স্থানে পুলিশ মোতায়েন করে আমে রাসায়নিক দ্রব্যের মিশ্রণ বন্ধ করবেন।ফলে রাসায়নিক দ্রব্যের মিশ্রণ ঠেকাতে এবং খোলাবাজারে রাসায়নিক দ্রব্যমিশ্রিত আম বিক্রি বন্ধে বিএসটিআই এবং র্যাবের মহাপরিচালক রাজধানীর ফলের আড়তগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবেন এবং যখন-তখন, যত্রতত্র অভিযান পরিচালনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সদা তৎপর থাকবেন।সর্বক্ষেত্রে অপরাধীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করতে হবে।এ সম্বন্ধে রিটকারী সংগঠনের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও খাদ্য অধ্যাদেশে ক্ষতিগ্রস্ত ভোক্তাদের এ ক্ষেত্রে সরাসরি আইনি সুরক্ষা ও প্রতিকার পাওয়ার সুযোগ থাকলেও এর বাস্তবসম্মত প্রয়োগ নেই। অন্যদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গঠিত হয়েছে বটে। তবে এখনো এর কার্যক্রম শুরু হয়নি।’ ১০ মের রুলের ব্যাপারে সরকার ইতিমধ্যে কোনো পদক্ষেপ নিয়েছে কি না জানতে চাইলে মনজিল মোরসেদ ২৬ মে জানান, ‘হাইকোর্টের পাঁচ দফা নির্দেশনা পালনে সরকারের বিশেষ কর্মতৎপরতা-বিষয়ক সুনির্দিষ্ট কোনো তথ্য আমার কাছে নেই, তবে পত্রপত্রিকায় দেশের বিভিন্ন জায়গায় রাসায়নিক মিশ্রিত আম ধ্বংসের সংবাদ দেখতে পাচ্ছি। তাতে বোঝা যায়, নির্দেশনাগুলো হুবহু না মানলেও বিক্ষিপ্তভাবে সরকার কাজ করছে।’