ডুমুরের প্রসঙ্গ উঠলেই তার ফুলের কথাটি এসে যায়। ‘ডুমুরের ফুল’ অতিদুর্লভ বস্তুর খুব চালু উপমা। এখন অবশ্য ডুমুর নিজেই দুর্লভ। তবে বাস্তবে কিন্তু ডুমুরের ফুল হয়। তাকে অন্যসব ফুলের মতো চট করে দেখা যায় না বলেই সেটি দুর্লভদর্শন। বসন্তকাল ডুমুরের ফুলের মৌসুম। গাছের কাণ্ড ও শাখার বাকল ফেটে অগণিত মার্বেলের মতো গুটি বের হয়। ডুমুরের ফুল থাকে এই ফলের ভেতরে। সে কারণে ফলটি না কাটলে ফুল দেখা যায় না।ডুমুরের ফল হচ্ছে আসলে পুষ্পাধার, অর্থাৎ ফুলের ধারক। ফুলের এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে ডুমুরের একটি নাম ‘আন্তপুষ্প’। ফলের ভেতর অনেক সময় পিঁপড়ে বা ক্ষুদ্র কীটপতঙ্গ ঢুকে পড়ে দিব্বি বাসা বানায়। এ জন্য ডুমুরের অন্য এক নাম ‘জন্তুফল’।ডুমুরগাছে দুধের মতো সাদা এবং একটু ঘন রস হয়। এই রসের জন্য একে ‘ক্ষীরীবৃক্ষ’ও বলা হয়। প্রচলিত নাম যজ্ঞডুমুর বা জগডুমুর, সংস্কৃতে ‘উদম্বুর’, ফারসিতে ‘আঞ্জির’, আরবিতে এরই নাম ‘ত্বীন’। পবিত্র কোরআনে এই গাছের নাম উল্লেখ আছে, সূরা ত্বীনে। বৈজ্ঞানিক নাম Ficus ৎacemosa.ডুমুর পৃথিবীর প্রাচীনতম ফলগুলোর মধ্যে একটি। জগডুমুর শাখা-প্রশাখাময় বিশালাকার বৃক্ষ। পাতা বড়, ডিম্বাকৃতির ও অমসৃণ। বাকল পুরু। বসন্তের শুরুতে ফুল আসে। গ্রীষ্মের মাঝামাঝি থেকে ফল পাকতে থাকে। কাঁচা ফল সবুজ, পাকলে টুকটুকে লাল। আমাদের দেশের রাজশাহী অঞ্চল, বিশেষত চাঁপাইনবাবগঞ্জ, পার্বত্য এলাকার খাগড়াছড়ি ও রাঙামাটি, সিলেটের মৌলভীবাজার ও টাঙ্গাইলে ডুমুর তুলনামূলক বেশি জন্মে। দেশের অন্যত্রও বিক্ষিপ্তভাবে ডুমুরের গাছ দেখা যায়। কাঁচা ফল অতি উন্নত সবজি। শুধু ডুমুর বা অন্যান্য সবজির সঙ্গে মিলিয়ে ডুমুরভাজি অথবা এর ভর্তা উপাদেয়। এ ছাড়া ছোট মাছের সঙ্গে ডুমুরের ঝোলও রাঁধা হয়। তবে ডুমুর সহজলভ্য নয় বলেই হয়তো তেমন জনপ্রিয় নয়। পাকা ফল অল্প মিষ্টি।ডুমুরের আরও একটি প্রজাতি আছে আমাদের দেশে। এটি বনে-জঙ্গলে হয়। এর প্রচলিত নাম কাকডুমুর। গাছ তুলনামূলক ছোট ও পাতা অত্যন্ত খসখসে। এই পাতা দিয়ে গ্রামাঞ্চলে অনেকে শিং, মাগুরজাতীয় মাছ কাটার আগে ঘষে পিচ্ছিলতা পরিষ্কার করেন। অনেক ক্ষেত্রে বাড়িতে গবাদিপশু জবাই করার পর মাংসে পশুর লোম লেগে গেলে এই পাতা ঘষে সেই লোম ছাড়ানো হয়। এ ছাড়া কাকডুমুর পাখপাখালির প্রিয় খাদ্য। এরও ভেষজ গুণ রয়েছে। বৈজ্ঞানিক নাম Ficus hispida.ডুমুর খুবই উচ্চমানের ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ। বিভিন্ন রোগের চিকিৎসায় স্মরণাতীতকাল থেকে ডুমুরের পাতা, কাঁচা ও পাকা ফল, নির্যাস, বাকল, মূল প্রভৃতি কার্যকরভাবে ব্যবহূত হয়ে আসছে। প্রতি ১০০ গ্রাম ডুমুরে খাদ্যশক্তি ৩৭ কিলোক্যালরি, ১২৬ মাইক্রোগ্রাম ক্যারোটিনসহ ভিটামিন এ, বি, সি এবং অন্যান্য উপাদান আছে।দেশের প্রাচীন ইউনানী চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান তিব্বিয়া হাবিবিয়া কলেজের শিক্ষক ফেরদৌস ওয়াহিদ জানালেন, গুটিবসন্ত, ডায়াবেটিস, হূদরোগ, কিডনি ও মূত্রসংক্রান্ত সমস্যা, স্নায়বিক দুর্বলতা, মস্তিষ্কের শক্তিবৃদ্ধি, সর্দিকাশি, ফোড়া বা গ্রন্থস্ফীিতি (টিউমার) ও স্ত্রীরোগের চিকিৎসায় জগডুমুর কার্যকর। সরকারি উদ্যোগে বাংলাদেশ জাতীয় ইউনানী ফরমুলারীতে ডুমুর নিয়ে বৈজ্ঞানিক গবেষণা হচ্ছে। ভারতে ব্যাপক গবেষণা হয়েছে।