ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় দিন শেষেই চট্টগ্রাম টেস্টে ফলোঅনের শঙ্কায় কাঁপছে বাংলাদেশ। রানের বোঝা মাথায় নিয়ে ব্যাটিংয়ে নেমে ৫১ রানেই ইমরুল, জুনায়েদ ও আফতাবকে হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে ১০৯ বলে ৯৪ রানের দুর্দান্ত একটি জুটি গড়ে তামিম-মাহমুদউল্লাহ চেষ্টা করেছিলেন ঘুরে দাঁড়াতে। মাহমুদউল্লাহ ব্যক্তিগত ৫১ রানে বিদায় নিলে ভেঙে যায় সেই প্রতিরোধও। বিপদ আরও বাড়ে দিনের খেলা শেষ হওয়ার মাত্র ১০ বল আগে অধিনায়ক সাকিবের বিদায়ে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৫৪। কাল ব্যাটিং শুরু করবেন ৮১ রানে অপরাজিত তামিম আর রানের খাতা খোলার অপেক্ষায় নাইটওয়াচম্যান শাহাদাত। ফলোঅন এড়াতেই বাংলাদেশের এখনো প্রয়োজন ২৪৬ রান।এর আগে ৬ উইকেটে ৫৯৯ করে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে এটিই তাদের সর্বোচ্চ স্কোর। অ্যালিস্টার কুকের পর আজ সেঞ্চুরি করেছেন পল কলিংউড।সকালে শুরুটা খারাপ করেনি বাংলাদেশ, অনেকটা সময় আটকে রাখতে পেরেছিল রানের গতিটা। অ্যালিস্টার কুক নিজের সর্বোচ্চ স্কোরটা পেয়ে গেছেন, তবে ইনিংসটাকে আজ আর খুব একটা বড় করতে পারেননি তিনি। ইংলিশ অধিনায়ক আউট হয়েছেন ১৭৩ রান করে। উইকেটটা অবশ্য অনেকটা ভাগ্যগুণে পাওয়া। মাহমুদউল্লাহর একটি শর্ট বলে টাইমিংয়ে গড়বড় করে ফিরতি ক্যাচ দিয়ে বসেন কুক। তবে চাপটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ, স্বচ্ছন্দে খেলে উল্টো বাংলাদেশের ওপরই চাপ ফিরিয়ে দিয়েছেন কলিংউড-বেল।৭৬ ফিফটি করা কলিংউডের সেঞ্চুরি এসেছে ১৫৭ বলে। ১৮৮ বলে ১৫৪ রানের ইনিংসে ১০টি চারের পাশাপাশি আছে ৪টি ছয়। এটি কলিংউডের দশম টেস্ট সেঞ্চুরি। ৮০ রানের মাথায় অল্পের জন্য রানআউট হননি। ১১৯ রানে বেঁচে গেছেন সাকিবকে ফিরতি ক্যাচ দিয়েও। পঞ্চম উইকেটে বেলের সঙ্গে গড়েছেন ইনিংসের সবচেয়ে বড় ১৮৪ রানের জুটি। মাত্র ৩৪.৪ ওভারে গড়া এই জুটিতে রান এসেছে ওভারপ্রতি ৫.৩০ করে! ১০৫ বলে ৮৪ রান করা বেল সাকিবের বলে রুবেলের হাতে ধরা পড়েছেন লংঅফ সীমানায়। ৩৪.৩ ওভার বোলিং করে বাংলাদেশ অধিনায়কের উইকেট ১টিই, ৭৮ রানে ২ উইকেট নিয়ে সফলতম বোলার মাহমুদউল্লাহ।