ফলোআপ মানিকদীর ছাত্রলীগ নেতা খুন হন দলীয় কোন্দলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে খুন হয়েছেন ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগের সভাপতি এ বি এম ফারুক হোসেন। গত শুক্রবার রাতে এ খুনের ঘটনা ঘটে। গতকাল তদন্তের শুরুতেই পুলিশ কর্মকর্তারা এ অভিমত দিয়েছেন। একই কথা বলেন ফারুকের পরিবারের সদস্যরাও। পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এঁদের মধ্যে একজন জামায়াতে ইসলামীর কর্মী বলে জানা গেছে।ক্যান্টনমেন্ট থানা সূত্র জানায়, শুক্রবার রাতে মানিকদী আদর্শ বিদ্যানিকেতনের মাঠে সন্ত্রাসীরা ফারুককে গুলি করে হত্যা করে। ঘটনার সময় স্কুল প্রাঙ্গণে ছিলেন নিরাপত্তাকর্মী গোলাপ হোসেন ও ক্যান্টিন কর্মী শাহাদত হোসেন। পুলিশ কর্মকর্তারা জানান, খুনের পর স্থানীয় ছাত্রলীগের অভিযোগের ভিত্তিতে জামায়াতের কর্মী আইনজীবী মনিরুল হককে আটক করা হয়। পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনা তদন্ত করছে। তদন্তের সঙ্গে সম্পৃক্ত পুলিশ কর্মকর্তারা জানান, সম্প্রতি ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পড়ে। ছাত্রলীগের নেতৃত্ব ও কর্তৃত্ব নিয়ে ওই দলগুলোর সঙ্গে ফারুকের বিরোধ শুরু হয়। ফারুক তাঁর দলীয় কর্মী ও বন্ধুদের নিয়ে আদর্শ বিদ্যানিকেতনের মাঠে একটি ক্যান্টিন চালু করেন। এ নিয়েও প্রতিদ্বন্দ্বী পক্ষগুলো তাঁর ওপর ক্ষুব্ধ ছিল। তদন্তকারীরা এসবই খুনের সম্ভাব্য কারণ মনে করছেন। তবে ছাত্রলীগ এ হত্যাকাণ্ডের জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে বিবৃতি দিয়েছে।নিহত ফারুকের বাবা সাবেক সেনাসদস্য এ বি এম মোবারকউল্লাহ প্রথম আলোকে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁর ছেলে খুন হন। ’৯৬ সালে ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন ফারুক। ২০০৭ সালে সভাপতি নির্বাচিত হওয়ায় দলের কেউ কেউ তা মেনে নিতে পারেননি। তাঁর ছেলের বিরুদ্ধে থানায় মামলা কিংবা সাধারণ ডায়েরি নেই বলে জানান তিনি। নিহতের নানা মুজিবুর রহমান মনে করেন, দলীয় কোন্দলের জের ধরে কিংবা সন্ত্রাস ও মাদকবিরোধী কমিটি গঠনের উদ্যোগ নেওয়ায় ফারুককে হত্যা করা হয়েছে। তাঁর মতে, জামায়াত-শিবির এই হত্যায় জড়িত নয়। তাদের জড়ানো হলে মামলার তদন্ত ভিন্ন দিকে রূপ নেবে এবং প্রকৃত খুনিরা পার পেয়ে যাবে। এতে তাঁরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন। তিনি জানান, ফারুক সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে এলাকায় সোচ্চার ছিলেন। গতকাল এলাকায় সন্ত্রাসবিরোধী কমিটি হওয়ার কথা ছিল। মামা মহসিন রহমান জানান, ছাত্রলীগের দলীয় কোন্দলের কারণে ফারুককে প্রাণ দিতে হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল বেলা ১১টায় ফারুকের লাশ বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে নেওয়া হয়। এ সময় হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। জানাজা শেষে লাশ মানিকদীর আদর্শ বিদ্যানিকেতন প্রাঙ্গণে নেওয়া হয়। এর আগে বঙ্গবন্ধু এভিনিউয়ে জানাজায় অংশ নেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির, সাংসদ রাশেদ খান মেনন এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। ফারুকের লাশ মানিকদীতে পৌঁছালে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ মিছিল বের করে। এতে এলাকাবাসী অংশ নেয়। পরে বাদ আসর আদর্শ বিদ্যানিকেতনের মাঠে জানাজা শেষে মানিকদীর কবরস্থানে মরদেহ দাফন করা হয়।দুপুরে ঘটনাস্থল আদর্শ বিদ্যানিকেতনের মাঠের দক্ষিণ দিকের সীমানাপ্রাচীর ঘেঁষে দেখা যায়, শুকিয়ে যাওয়া রক্তের দাগের চারদিকে ইট দিয়ে ঘিরে রাখা হয়েছে। দলীয় কর্মীরা কালো ব্যাজ ধারণ করেছেন। এলাকাবাসী জানায়, হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল থেকে তারা তিন দিন দোকানপাট বন্ধ রাখবে। ফারুকদের ৪৫৫/১ মানিকদীর বাসায় দেখা যায় স্বজন ও প্রতিবেশীদের ভিড়। ফারুককে হারিয়ে তাঁর মা পারুল বেগম শয্যাশায়ী। স্বজনেরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।ক্যান্টনমেন্ট থানা যুবলীগের আহ্বায়ক বশির আহমেদ বলেন, এলাকায় চাঁদাবাজি ও বেপরোয়া মাদক ব্যবসা চলছে। সন্ত্রাসের কারণে এলাকার মানুষ শান্তিতে নেই। চাঁদাবাজদের উত্পাতে মানুষ এলাকায় বাড়িঘর বানাতে পারে না। ফারুক এর বিরুদ্ধে সোচ্চার ছিলেন। গতকাল সন্ত্রাস ও মাদকবিরোধী কমিটি গঠন করে এলাকাবাসীকে নিয়ে মিছিল করার পরিকল্পনা নিয়েছিলেন ফারুক। এ কারণে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে।এলাকাবাসী জানায়, মানিকদী এলাকার বারনটেক, বাইনারটেক, নামাপাড়া, তালতলা, আজিজ মার্কেট, হাজি মার্কেট ও বালুঘাট এলাকায় মাদকের আখড়া গড়ে উঠেছে। মাদকের আখড়া থেকে হেরোইন, ফেনসিডিল ও গাঁজা চলে যায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের হাতে। এসব মাদক ব্যবসার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী ও চিহ্নিত সন্ত্রাসীরা জড়িত। গত সংসদ নির্বাচনের কয়েক দিন আগ থেকে এ পর্যন্ত মাদক ব্যবসা ও চাঁদাবাজির টাকার ভাগবাটোয়ারা নিয়ে দলীয় সন্ত্রাসীদের অন্তর্দ্বন্দ্বের জের ধরে ওই এলাকায় নয়টি খুন হয়েছে।গতকাল রাতে নিহতের বাবা বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় হত্যা মামলা করেন। এজাহারে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের আসামি করা হয়েছে।ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসনে আরা বেগম প্রথম আলোকে বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে গ্রেপ্তার দেখানো হবে।