ফসল হারিয়ে বিপন্ন কৃষক
ফসল হারিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন গ্রামে চলছে আহাজারি। বর্ষবরণের কোনো আয়োজন ছিল না সেখানে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে এ জেলার ধরমপাশা উপজেলার বেড়িবাঁধ ভেঙে গত বুধবার গভীর রাতে আরও ৫০০ হেক্টর জমির বোরো ফসল তলিয়ে গেছে। দিরাই উপজেলার ঝুঁকিপূর্ণ চাপতির হাওর রক্ষার জন্য সমাবেশ করেছে পাঁচ হাজার লোক। তাহিরপুর: পয়লা বৈশাখে উপজেলা সদর বাজারসহ সব কটি বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক বলেন, ফসল হারিয়ে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। বর্ষবরণ তো দূরে থাক, উপজেলার স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান বলেন, একমাত্র ফসল হারিয়ে উপজেলার গ্রামগুলোয় লোকজনের আহাজারি চলছে।গতকাল মাটিয়ান হাওরপারের সূর্যের গাঁও গ্রামের কৃষক কৃপেশ দাস তলিয়ে যাওয়া এ হাওরের বুক সমান পানিতে দাঁড়িয়ে কাঁচা ধান কাটছিলেন। নতুন বছরের কথা জিজ্ঞেস করতেই বললেন, ‘হাওরের পানি আর কয়েক ঘণ্টার মধ্যেই মাথাসমান হয়ে যাবে। গরুকে বাঁচাতে হবে। তাই কাঁচা ধান কাটছি। নববর্ষের কথা মাথায় নেই। এখন শুধু ভাত খেয়ে বাঁচার চিন্তা।’ধরমপাশা: সুনামগঞ্জের ধরমপাশার মধ্যনগর ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বড় গোড়াডোবা বেড়ি বাঁধ ভেঙে আরও ৫০০ হেক্টর জমির বোরো ফসল তলিয়ে গেছে। বুধবার রাত সোয়া দুটায় ভারী বর্ষণ শুরু হলে বাঁধে ভাঙন ধরে। এতে খালিসাকান্দা, কামাউড়া, করুয়াযান, মাছুুয়াকান্দা ও নিয়ামতপুর গ্রামের কৃষকেরা তাঁদের ফসল হারিয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল লতিফের দেওয়া তথ্যমতে, উপজেলার ৩১টি হাওরের ছয় হাজার ৩২৫ হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। আর নিমজ্জিত রয়েছে সাত হাজার হেক্টর জমি। উপজেলায় মোট হাওর ৭৬টি। এ বছর উপজেলায় বোরো চাষ করা হয় ৩০ হাজার ৪০০ হেক্টর জমিতে।দিরাই: সুনামগঞ্জের দিরাই উপজেলার ঝুঁকিপূর্ণ চাপতির হাওর রক্ষার জন্য নিজ অর্থ ও শ্রম ব্যয়ের শপথ নিয়েছেন দিরাইয়ের পূর্বাঞ্চলের ২৭টি গ্রামের পাঁচ সহস্রাধিক মানুষ। সরকারের কোনো সাহায্য না পেয়ে তাঁরা নিজেরাই চাঁদা তুলে বাঁধ রক্ষার কাজ করছেন। বুধবার দুপুর একটার দিকে চাপতির হাওরের বাঁধ রক্ষা করার জন্য এসব মানুষ সমাবেশ করেন। হাওর রক্ষা কমিটির সভাপতি নাজির উদ্দিন বলেন, ‘এ পর্যন্ত আমরা সরকারের কোনো সাহায্য পাইনি।’ নেত্রকোনায় বাঁধে ভাঙন: নেত্রকোনা প্রতিনিধি জানান, ভারতের উজান থেকে নেমে আসা ঢলের তোড়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড় খাপন ইউনিয়নের গড়াডোবা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাংশ ভেঙে বুধবার রাতে প্রায় দুই হাজার হেক্টর বোরো ধানের জমি তলিয়ে গেছে ।কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেকান্দর হায়াত বলেন, পাহাড়ি ঢলের পানির তোড়ে গড়াডোবা বাঁধের একাংশ ভেঙে বড় খাপন, চৌহাট্টা, গোবিন্দপুর, রিকা, বাইটা, ইসবপুর, করলাপুর, বড় ইউন্দসহ বেশ কয়েকটি এলাকার হাওরে পানি ঢুকে প্রায় দুই হাজার হেক্টরের বোরো ধান তলিয়ে গেছে। এলাকাবাসীর সহায়তায় বাঁধ মেরামতের কাজ চলছে।