২০০৯ সালের ২৫ মে আঘাত হানে ঘূর্ণিঝড় আইলা। পেরিয়ে গেছে তিন বছর। কিন্তু এর ভয়ংকর ছোবলের প্রভাব রয়ে গেছে এলাকায়। বিশেষ করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নবাসী বয়ে বেড়াচ্ছে ধকল। গাবুরার অনেককে কাজের সন্ধানে এলাকা ছাড়তে হচ্ছে। আবার অনেকে কোনোমতে দিন পার করছে।সায়েরা বানুর (৬০) বাড়ি গাবুরা ইউনিয়নের সোরা গ্রামে। তিনি জানালেন, তাঁদের ১৫ বিঘা জমি রয়েছে। কিন্তু সরকারি নিষেধাজ্ঞার কারণে পানি তুলতে না পারায় সেখানে চিংড়ি চাষ করা যাচ্ছে না। ধানের যা ফলন, তাতে খরচ উঠছে না। এক চোখ দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও এই বয়সে স্বামীর সঙ্গে খোলপেটুয়া নদীতে জাল টেনে মাছধরে কোনোরকমে দিন পার করছেন।গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মো. শাহাজান হোসেন জানান, তাঁর বাবার ৪০ বিঘা জমি রয়েছে। কিন্তু আইলার পর থেকে পানি তুলতে না পারায় চিংড়ি চাষ বন্ধ। এদিকে পুঁজির অভাবে কোনো ব্যবসা করতে পারছেন না। মাটিতে লবণাক্ততার পরিমাণ দিন দিন বেড়ে যাওয়ায় তিন বছর ধরে ধানের মুখ দেখতে পাচ্ছেন না। বাধ্য হয়ে চার ভাইয়ের তিনজনই কাজের সন্ধানে যশোরে গেছেন। আর তিনি বাড়িতে কোনোরকমে দিন পার করছেন।প্রায় অভিন্ন অবস্থা ইউনিয়নজুড়ে। এই ইউনিয়নে সাড়ে ছয় হাজার পরিবারের বসবাস। আইলার প্রভাবে তীব্র লবণাক্ততার কারণে এ এলাকার চাষের জমিতে ধান উৎপাদন হচ্ছে না। চিংড়ি চাষের জন্য প্রয়োজনীয় পানি তোলা বন্ধ থাকায় এলাকাজুড়ে এখন কর্মসংস্থানের সংকট চলছে।উপজেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, উপজেলার মোট উৎপাদিত চিংড়ির এক-পঞ্চমাংশ গাবুরা থেকে আসত। সেখানে মোট আবাদযোগ্য জমির দুই-তৃতীয়াংশ (প্রায় তিন হাজার হেক্টর) চিংড়ি চাষের কাজে ব্যবহার হতো। কিন্তু আইলার পর থেকে বাঁধ কেটে বা ছিদ্র করে নদীর লোনা পানি লোকালয়ে নিতে সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়। এ কারণে সেখানে চিংড়ি উৎপাদন কমে গেছে।কৃষি বিভাগ সূত্র জানায়, গাবুরায় ধানের জমির পরিমাণ প্রায় পাঁচ হাজার হেক্টর। কিন্তু আইলার কারণে গোটা এলাকা দীর্ঘদিন ধরে লোনা পানিতে নিমজ্জিত থাকায় এখনো সব জমিতে ধান চাষের অনুকূল পরিবেশ ফিরে আসেনি। তাই কাজকর্মের অভাবে অনেকে এলাকা ছেড়ে চলে যাচ্ছে।সরেজমিনে জানা যায়, এই ইউনিয়নের তিন দিকে নদী ও একদিকে সুন্দরবন। কাজেই এই এলাকার মানুষের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। তাই উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত—সবাই পার করছে চরম দুঃসময়। যারা সংগ্রাম করে টিকে আছে, তাদের একমাত্র অবলম্বন পাশের সুন্দরবন আর খোলপেটুয়া নদী। কিন্তু নদীতে মাছের আকাল আর বনে দস্যুবাহিনীর উপদ্রব তাদের জীবনকে করে তুলেছে দুর্বিষহ। এলাকায় কাজকর্ম না থাকায় ইতিমধ্যে ভিটেবাড়ি ফেলে চকবারা গ্রামের তোফাজ্জল হোসেন, ফজলু গাজী, আবদুল্লাহ সরদার ও জলিল গাজীর মতো অনেকে পরিবার-পরিজন নিয়ে পাড়ি জমিয়েছে দেশের বিভিন্ন স্থানে।‘আগে ভিক্ষে করতাম—উল্লেখ করে খলিশাবুনিয়া গ্রামের জাহানারা খাতুন (৬৩) জানান, আইলার পরতে (পর থেকে) কেউ ভিক্ষেও দিতে না। তাই মানুষের খালে জাল ট্যানে কুষ্টে দিন পার করতি।’কাদের সরদার ও লোকমান গাজী জানান, আইলার পর থেকে নদীর লোনা পানি তোলা বন্ধ থাকায় বর্তমানে চিংড়ি চাষ এক প্রকার বন্ধ রয়েছে। লোনা পানির কারণে জমিতে ধানও তেমন হচ্ছে না।সোরা গ্রামের ওহাব গাজী ও রহমান গাজী জানান, চরম দুর্দশার মধ্যে এখন পর্যন্ত তাঁদের মতো কিছু পরিবার রয়ে গেছে, শুধু প্রধানমন্ত্রী ঘোষিত গৃহনির্মাণ মঞ্জুরির অর্থসহায়তা পাওয়ার আশায়।গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রবিউল ইমলাম বলেন, গাবুরার অধিকাংশ জমি এখন অনাবাদী পড়ে আছে। এলাকাজুড়ে দুর্ভিক্ষ চলছে। এরই মধ্যে আড়াই হাজার পরিবার অন্যত্র চলে গেছে।শ্যামনগর উপজেলা প্রকল্প কর্মকর্তা জাফর রানা জানান, আইলার পর থেকে এলাকায় তেমন চিংড়ি চাষ হচ্ছে না। এলাকায় ধান চাষও হচ্ছে না। প্রতিকূল পরিবেশের কারণে গাবুরা ছাড়াও উপজেলার কয়েকটি এলাকা থেকে অনেক মানুষ অন্য এলাকায় চলে যাচ্ছে।উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস জানান, নদীর পানি তোলা বন্ধ থাকায় চিংড়ি উৎপাদন আশঙ্কাজনকভাবে কমছে। তবে আন্তমন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর এ-সংক্রান্ত জটিলতার অবসান ঘটতে পারে বলে তিনি উল্লেখ করেন।উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলী হোসেন জানান, আইলার পর থেকে লবণাক্ততার কারণে ওই সব এলাকায় কৃষি ফসল উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কিন্তু তিন বছরের বৃষ্টিতে লবণাক্ততা কিছুটা কমেছে দাবি করে তিনি জানান, ভবিষ্যতে লবণাক্ততা-সহিষ্ণু ধান চাষ করা সম্ভব হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দৌলতুজ্জামান খান বলেন, এলাকায় কাজ না থাকায় অনেকে অন্যত্র চলে যাচ্ছে। তবে কতজন চলে গেছে, এ ধরনের পরিসংখ্যান তাঁদের কাছে নেই।