ফসলের ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় শরীয়তপুরের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। জেলার চার হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে যাওয়ায় কৃষক দিশেহারা হয়ে পড়েছে। পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ধান, পাট ও মরিচ। সরেজমিনে কৃষককের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার জাজিরা উপজেলার কুণ্ডেরচর ও পালেরচর ইউনিয়ন, নড়িয়া উপজেলার চর আত্রা ও নওপাড়া ইউনিয়ন, ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ও দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন এবং গোসাইরহাট উপজেলার গরীবের চর ও কুচাইপট্টি ইউনিয়নের পদ্মার তীরবর্তী ফসলি জমিতে হঠাৎ করে তিন থেকে চার ফুট পানি উঠেছে। এতে ধান, মরিচ ও পাট পানির নিচে তলিয়ে গেছে। শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ৩৯ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। প্রায় চার হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। ১১ হাজার হেক্টর জমিতে আউশ ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে দেড় হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে। আট হাজার ৪০০ হেক্টর জমির আমন ধানের মধ্যে এক হাজার হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। ২২ হাজার হেক্টর জমিতে পাটের চাষ করা হয়েছে। এর মধ্যে প্রায় দুই হাজার হেক্টর জমির পাট পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন হাজার হেক্টর জমির মরিচের মধ্যে এক হাজার হেক্টর জমির মরিচ পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।কুণ্ডেরচর ইউনিয়নের মল্লিক কান্দি গ্রামের আনোয়ার মল্লিক (৪৫) বলেন, ‘আরও এক সপ্তাহ পর ধান কাটা শুরু করতাম। হঠাৎ পানি আসায় সব ধান তলিয়ে গেছে। আমার প্রায় ১০ লাখ টাকার ফসল ক্ষতি হয়েছে। কৃষি শ্রমিক সংকটের কারণে জমির আধাপাকা ধান ঘরে তুলতে পারিনি। প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা মজুরি দিয়েও কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না।’সরল খার কান্দি গ্রামের আয়নাল হক (৪০) বলেন, ‘আমি ঋণ করে জমিতে বোরো ধান ও পাট আবাদ করেছি। বোরো ধান ওঠার পরে ঋণের টাকা পরিশোধ করার কথা। এখন আমি পথে বসে পড়লাম। সব স্বপ্ন পানিতে তলিয়ে গেল।’হাফিজউদ্দিন আকন কান্দি গ্রামের মনির (৩৫) বলেন, ‘হঠাৎ পানি আসায় বোরো ধান, মরিচ ও পাটের ক্ষতি হয়েছে। পানির নিচ থেকে আধাপাকা কিছু ধান কেটে রক্ষা করার চেষ্টা করছি। ঋণ করে ফসলের আবাদ করেছিলাম। এখন ঋণের টাকা কীভাবে পরিশোধ করব সেই চিন্তায় পড়ে গেলাম।’কুণ্ডেরচর ইউনিয়ন উপসহাকারী কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, ‘পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ এলাকার ফসল তলিয়ে গেছে। এ অঞ্চলের কৃষকদের ব্রি-২৮ ধান আবাদ করার পরামর্শ দিয়েছিলাম। এ ধানটা ১৫ দিন আগে ঘরে তোলা সম্ভব ছিল। এখন কৃষকেরা পানির নিচ থেকে আধাপাকা ধান কেটে নিচ্ছেন।’কুণ্ডের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেব মিয়া বলেন, ‘আমি সরেজমিনে দেখেছি, কৃষকেরা প্রধান ফসল বোরো ধান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। পদ্মার পানির সঙ্গে তাঁদের চোখের পানি একাকার হয়ে গেছে।’ শরীয়তপুর কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোপাল চন্দ্র রায় বলেন, ‘পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় নিম্ন অঞ্চলের কিছু ফসল তলিয়ে গেছে। উপসহাকারী কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে পাঠিয়েছি। এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির পরিমাণ পাওয়া যায়নি। পানিতে বোরো ধানের ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে।’