সিটি করপোরেশন নির্বাচন ২০১০ চট্টগ্রাম
ফাঁকা মাঠে ছাড়বে না বিএনপি, মহিউদ্দিনের চিন্তা কোন্দল
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আজ মঙ্গলবার। গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনার এই ঘোষণা দেওয়ার পর চট্টগ্রামে প্রধান দুই দলের মধ্যে হিসাব-নিকাশ শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ সমর্থিত বর্তমান মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবারও প্রার্থী হবেন—এটি অনেকটা নিশ্চিত। তবে নগর আওয়ামী লীগের কোন্দল কিছুটা চিন্তায় ফেলে দিয়েছে তাঁকে। অন্যদিকে বিএনপি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন না করার ঘোষণা দিয়েছে। তবে তৃণমূল নেতারা সিটি নির্বাচনের মতো স্থানীয় পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে। এ কারণে স্থানীয় বিএনপি নির্বাচন নিয়ে আগ্রহী হয়ে উঠেছে।জানা গেছে, আগামী ২৫ জুন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের পাঁচ বছর মেয়াদ শেষ হচ্ছে। সে হিসেবে ২৫ জুনের আগে ১৮০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলের কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান এবং আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী নগর কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মেয়র পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। মহিউদ্দিনের বিপক্ষে এবার শক্তিশালী কাউকে চান দলের তৃণমূল নেতারা।নোমান প্রথম আলোকে বলেন, ‘মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার বিষয় আগে চিন্তা করিনি। দল নির্বাচনে গেলে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। নির্বাচন না করে খালি মাঠে কাউকে বিজয়ের সুযোগ করে দিলে পরে জাতীয় নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।’ শাহাদাত প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে বলেন, ‘দল নির্বাচন করার সিদ্ধান্ত নিলে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি আমার আছে। নির্বাচন করার ব্যাপারে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের চাপও আছে।’মেয়র মহিউদ্দিন এবার নির্বাচন করার ঘোষণা আগেই দিয়েছেন। দলের সবুজ সংকেত না পেলেও ইতিমধ্যে তিনি নিজস্ব লোকজনের মাধ্যমে নির্বাচনী কর্মকাণ্ড শুরু করেছেন। একই সঙ্গে দলের যেসব নেতা-কর্মী দীর্ঘ সময় তাঁর বিপক্ষে ছিলেন তাঁদের কাছে টানার চেষ্টা করছেন। বিশেষ করে করপোরেশনের যে ১৫ জন কাউন্সিলর সম্প্রতি তাঁর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন, তাঁদের সঙ্গেও মেয়রের লোকজন যোগাযোগ করছেন। মেয়রের নির্দেশমতো ইতিমধ্যে করপোরেশনের প্রত্যেক পুরুষ কমিশনারকে ১০ লাখ ও মহিলা কমিশনারকে তিন লাখ টাকা রাস্তাঘাট উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রায় সাড়ে চার কোটি টাকার এসব প্রকল্পের বিবরণ গত রোববারের মধ্যে করপোরেশনে দাখিল করা হয়।নগর বিএনপির আবদুল্লাহ আল নোমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর সমর্থকদের মধ্যে যেমন দ্বিধাবিভক্তি আছে, তেমনি নগর আওয়ামী লীগের মধ্যেও রয়েছে বিভাজন। আগের তিন নির্বাচনের সময় দলে এ বিভাজন ছিল না।এবার নগরের কোতোয়ালি (চট্টগ্রাম-৮) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ নুরুল ইসলাম বিএসসি এবং বন্দর-পতেঙ্গা (চট্টগ্রাম-১০) আসনের সাংসদ এম আবদুল লতিফ মহিউদ্দিনের বিপক্ষে অবস্থান নিয়েছেন। চান্দগাঁও-বোয়ালখালী আসনের মহাজোটের সাংসদ মইন উদ্দিন খান বাদল গত নির্বাচনে মহিউদ্দিনের পক্ষে জোরালোভাবে কাজ করেন। কিন্তু বিগত সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মেয়রের সঙ্গে তাঁর দূরত্ব সৃষ্টি হয়।মেয়রের ঘনিষ্ঠ সূত্র জানায়, দলীয় কোন্দল যাতে কোনো প্রভাব না ফেলে, সে জন্য মহিউদ্দিন বিএনপির কোনো শক্ত প্রার্থীকে মাঠে না রাখার কৌশল নিয়েছেন। এ জন্য বিএনপির বিতর্কিত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে মেয়র তাঁর মাধ্যমে বিএনপির তুলনামূলক দুর্বল প্রার্থীকে মনোনয়ন দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। মেয়রের বক্তব্য থেকেও বিষয়টি স্পষ্ট। গত বুধবার রাতে মহিউদ্দিন নিজ বাসভবনে প্রথম আলোর সঙ্গে আলাপকালে বিএনপির একজন সম্ভাব্য নতুন প্রার্থীর নাম উল্লেখ বলেন, ‘সম্ভবত বিএনপি থেকে তাঁকে এবার মনোনয়ন দেওয়া হচ্ছে।’ কীভাবে নিশ্চিত হলেন জানতে চাইলে তিনি বলেন, ওই মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার ভালো যোগাযোগ আছে। বিএনপি এবার জয়ের জন্য নয়, তাঁকে পরিচিত করানোর জন্য মনোনয়ন দেবে। সাংসদ নুরুল ইসলাম ও তাঁর অনুসারীরা মনে করেন, নানা বিতর্ক, অনিয়ম আর শারীরিক অসামর্থ্যের কারণে মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন নিয়ে মহিউদ্দিনের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা কম। এ ছাড়া পরপর তিনবার নির্বাচিত হওয়ায় এবার তাঁর সরে দাঁড়ানো উচিত। এ ক্ষেত্রে চট্টগ্রামে ভালো ভাবমূর্তির কাউকে তাঁরা প্রার্থী করানোর চেষ্টা করছেন। নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নেত্রীর হাতে প্রার্থীর অভাব নেই। আওয়ামী লীগের সমর্থন নিয়ে মেয়র পদে প্রার্থী হওয়ার মতো অনেক ভালো ভাবমূর্তির লোক আছেন। নিজের ব্যাপারে তিনি বলেন, ‘মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য সাংসদ পদ থেকে পদত্যাগের বাধ্যবাধকতার কারণে নেত্রী না চাইলে আমি প্রার্থী হব না।’