ফাঁদে পড়া ধূসরমাথা হট্টিটি
সুন্দর ও দুর্লভ এই পাখিটি শীতের পরিযায়ী পাখি। নাম ধূসরমাথা হট্টিটি। ফকিরহাট-বাগেরহাটে এর আঞ্চলিক নাম ‘টিটি চ্যাগা’। ইংরেজি নাম Grey-headed lapwing. বৈজ্ঞানিক নাম vanellus cinereus. শরীরের মাপ ৩০-৪০ সেন্টিমিটার। ছবির পাখিটির মাপ ৪০ সেন্টিমিটার। ওজন ছিল ২০০ গ্রামের একটু বেশি।ছবির এই অসহায় পাখিটি পড়েছিল পেশাদার পাখি শিকারিদের দড়ির ‘ফাঁস-ফাঁদে’। আমরা যখন দেখি, তখন ওর অবস্থা কাহিল। মুক্তি পাওয়ার জন্য চেষ্টা ও কম করেনি! হাঁফিয়ে গেছে। ভয়ে, আতঙ্কে প্রাণ যায় যায়। ওর সঙ্গীরা ছিল আশপাশেই। তারাও হয়তো চেষ্টা করছিল। আমাদের দেখে দূরে সরে গেছে। দু-একটি উড়ছে ঘুরে ঘুরে আর চিৎকার করছে। তাদের তারস্বরের সেই চিৎকার ‘ছি ছি ছি ছি’, ‘ছেড়ে দে ছেড়ে দে’, শব্দের সঙ্গে মিলিয়ে নেওয়া গেল অনায়াসে।আমরা আর কালবিলম্ব না করে ফাঁদে পড়া পাখিটিকে ধরলাম। মাপজোখ, ওজন করে রংসহ অন্যান্য তথ্য টুকে রেখে বুক-পেটে আড়াআড়ি দুটো চওড়া লাল ডোরা এঁকে দিলাম লাল রং দিয়ে, যাতে সহজেই চোখে পড়ে। তারপর দিলাম ছেড়ে। ঘটনাটি এ বছরের ফেব্রুয়ারি মাসের। ঘটনাস্থল বাগেরহাট-ফকিরহাটের উত্তরের হাওরের একটি বিল।আমরা সেখানে মোট ১১টি ধূসরমাথা হট্টিটি পাখি দেখি। এর আগে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে দেখা মিলেছিল ১৬টি পাখির। আমি, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রধান আ ন ম আমিনুর রহমান ও হাতি বিশেষজ্ঞ মোহসিনুজ্জামান চৌধুরী মিলে ময়মনসিংহ-বাগেরহাট-বরিশাল-পটুয়াখালী অঞ্চলে এ বছর দুর্লভ পাখির সন্ধানে মাঠপর্যায়ে অনুসন্ধান চালিয়েছিলাম। এরই অংশ ছিল এই উত্তরের হাওর।ধূসরমাথা এই হট্টিটি স্বভাব-চরিত্রে আমাদের আবাসিক লাল লতিকা হট্টিটির মতোই। ডানা-পিঠ-লেজের উপরিভাগ ছাই-বাদামি। গলা-ঘাড়-মাথা চকচকে ছাই-ধূসর। ঠোঁট ও পা টকটকে হলুদ। ঠোঁটের আগার দিকটা কালো। বুকে আড়াআড়ি চওড়া-কালো ডোরা। লেজের আগাটা কালো। লেজের তলা, বুক-পেট তুলোট সাদা। অতি চঞ্চল, দ্রুতগামী, সতর্ক পাখি এরা। মূল খাদ্য পোকামাকড়। বড় বড় হাওর, নদী-সাগরের তীরসহ যেকোনো জলাভূমির পাশে দেখা মিলতে পারে এদের। উড়তে উড়তে দ্রুত পাঁক খেতে যেমন পারে, তেমনি পারে বাঁক নিতে। মাটিতে নেমেই আচমকা থমকে দাঁড়াতে পারে, আবার পরমুহূর্তেই প্রয়োজনে উড়তে পারে ঝট করে। এরা ডিম পাড়ে চারটি।শনাক্তকরণ চিহ্ন এঁকে দেওয়ায় ফাঁদে পড়া পাখিটিকে চেনা সহজ হয়েছিল (ছবির পাখিটি)। আমাদের নিয়মিত পর্যবেক্ষণে গত ২ এপ্রিলে ওকে আবার দেখা গিয়েছিল বিল কেন্দুয়ায়, বুকের লাল ডোরা দুটো আছে। এত দিনে ওর চলে যাওয়ার কথা। ফিরবে হয়তো আবার আগামী বছর। তত দিন লাল ডোরা কি থাকবে!