প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ১৬
ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের মিল নেই
জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নসহ ১৬ জনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে পুরান ঢাকার সিদ্দিক বাজারের একটি হোটেল থেকে প্রশ্নসহ তাঁদের আটক করা হয়।তবে আজ শুক্রবার পরীক্ষা শেষে প্রশ্নের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নের কোনো মিল পাওয়া যায়নি।আজ শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়েছে। র্যাব-১০-এর কর্মকর্তা ক্যাপ্টেন জুবায়ের সালাউদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বংশাল থানাধীন সিদ্দিক বাজার এলাকার শুভেচ্ছা হোটেলে অভিযান চালিয়ে র্যাব ওই ১৬ জনকে আটক করে। তাঁদের কাছ থেকে হাতে লেখা একটি প্রশ্নপত্রের বেশ কিছু অনুলিপি উদ্ধার করা হয়। এই প্রশ্নপত্রে মোট ১০০টি প্রশ্ন ছিল।জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বরাকাত প্রথম আলো ডটকমকে বলেন, র্যাবের কর্মকর্তারা এসেছিল। কিন্তু তাদের উদ্ধার করা প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের একটিরও মিল পাওয়া যায়নি।বেলা তিনটায় র্যাব এক সংবাদ সম্মেলনে জানায়, আটক ব্যক্তিরা এখন র্যাবের হেফাজতে আছেন। পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে উদ্ধার করা প্রশ্নপত্রের মিল পাওয়া যায়নি।আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এমসিকিউ (বহু নির্বাচনী প্রশ্ন) ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৭৮ হাজার পরীক্ষার্থী এতে অংশ নেন।