ফাঁসি কার্যকর করেছেন ১২ জন জল্লাদ
বঙ্গবন্ধু হত্যা মামলার পাঁচ খুনির ফাঁসি কার্যকর করেছেন ১২ জন জল্লাদ, তাঁরা সবাই সাজাপ্রাপ্ত। কারও যাবজ্জীবন, কারও ৫০ বছর বা ৪৪ বছরের সাজার রায় হয়েছে। কারা প্রশাসনের ভাষায়, তাঁরা সবাই দুর্ধর্ষ কয়েদি। ঢাকার কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম জানান, মৃত্যুদণ্ড কার্যকর করার কারণে কারাবিধি অনুসারে তাঁদের সবার ৬০ দিন করে কারাদণ্ড মওকুফ হয়ে গেছে। কারা সূত্র জানায়, কারা প্রশাসনের কর্মকর্তারা বৈঠক করে খুনিদের ফাঁসি কার্যকর করতে ১২ জন জল্লাদকে মনোনীত করেছিলেন। তাঁদের মধ্যে তিনজন প্রধান জল্লাদ হিসেবে দায়িত্ব পালন করেন। অন্য নয়জন ছিলেন সহকারী জল্লাদ। প্রধান তিন জল্লাদের একজন ৪৪ বছরের সাজাপ্রাপ্ত হাফিজ উদ্দিন, তাঁর বাবার নাম সাহেব আলী। গাজীপুরের বাসিন্দা এই ব্যক্তি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী। আরেক জল্লাদ শাহজাহান ভূঁইয়ার বাবা হাসেম আলী ভূঁইয়া। তিনি কাশিমপুর-২ কারাগারে বন্দী। নরসিংদীর এই দুর্ধর্ষ কয়েদির ৪২ বছরের সাজা হয়েছে। তাঁরা দুজনেই এ পর্যন্ত ২২ জন করে কয়েদির ফাঁসি কার্যকর করেছেন।জল্লাদ কালু মিয়ার বাবার নাম সোহরাব মিয়া। সাভারের জোড়া খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই আসামির বাসা রাজধানীর মোহাম্মদপুরে। তিনি এ পর্যন্ত ১২টি ফাঁসি কার্যকর করেছেন।গোপালগঞ্জের বাসিন্দা জল্লাদ শেখ মো. কামরুজ্জামান ফারুক পাঁচটি মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। একই ভাবে শেখ সানোয়ার, ফরিদপুরের বাসিন্দা ৫০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি আবুল, জয়নাল বেপারী এবং একই জেলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি মোয়াজ্জেম হোসেন পাঁচটি করে ফাঁসি কার্যকর করেছেন। এ ছাড়া ঢাকার বাসিন্দা জল্লাদ মোহাম্মদ মাসুম সাতটি, তানভীর হাসান রাজু নয়টি, মনির হোসেন সাতটি, নেত্রকোনার মোহাম্মদ বাবুল সাতজনকে ফাঁসিতে ঝুলিয়ে আদালতের রায় কার্যকর করেন।১২ জল্লাদের মধ্যে কাশিমপুর-২ কারাগারের বন্দী শাহজাহান ভূঁইয়া, মোহাম্মদ বাবুল ও মনির হোসেনকে ঢাকার বাইরে থেকে আনা হয়। দুর্ধর্ষ হওয়ায় তাঁদের পায়ে ডান্ডাবেড়ি লাগানো ছিল। রাত ১০টা ১০ মিনিটে গাড়ি থেকে নামিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পর ডান্ডাবেড়ি খুলে দেওয়া হয়।কারা সূত্র জানায়, সারা দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে এক হাজার ১৬ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি বন্দী আছেন। এর মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন ১০৬ জন।