ফাঁসির আসামি বিপ্লবের প্রাণভিক্ষার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর বিএনপির নেতা নুরুল ইসলাম হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি এ এইচ এম বিপ্লবের পক্ষে তাঁর এক আত্মীয় রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেছেন। জানা যায়, মাস খানেক আগে বিপ্লব লক্ষ্মীপুরের আদালতে আত্মসমর্পণের পর তাঁর পক্ষে এই আবেদন করা হয়।বিপ্লব লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের নেতা আবু তাহেরের ছেলে। জানা যায়, রাষ্ট্রপতির কাছে এ ধরনের আবেদন করার আগে নিয়ম অনুযায়ী আসামিকে আদালতে আত্মসমর্পণ করতে হয়। ২০০৩ সালের ৯ ডিসেম্বর আলোচিত এই মামলার রায় ঘোষণার সময় বিপ্লব পলাতক ছিলেন। রায়ে তিনিসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড ও নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।নিহত নুরুল ইসলাম ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সরকারি কৌঁসুলি (পিপি)। ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর তাঁকে অপহরণের পর হত্যা করা হয়। তাঁর লাশ পাওয়া যায়নি। এ ঘটনা দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।প্রশাসন সূত্র জানায়, বিপ্লবের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতির কার্যালয়ে যাওয়ার পর সেখান থেকে আবেদনকারীর অবস্থান ও মামলা সম্পর্কে প্রতিবেদন চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে লক্ষ্মীপুর জেলা কারাগার কর্তৃপক্ষ সম্প্রতি এ-সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন ঢাকায় পাঠিয়েছে।এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে লক্ষ্মীপুর জেলা কারাগারের তত্ত্বাবধায়ক নুরশেদ আহমেদ ভূঁইয়া গতকাল বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিপ্লবের পক্ষে তাঁর আত্মীয় রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপতির কার্যালয় এ ব্যাপারে আমাদের কাছে তথ্য জানতে চেয়ে চিঠি পাঠান। আমরা বিপ্লবের অবস্থান ও মামলা সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন ঢাকায় পাঠিয়েছি। তবে নথি না দেখে প্রতিবেদন পাঠানোর তারিখ এই মুহূর্তে বলতে পারছি না।’এদিকে লক্ষ্মীপুর জেলা আদালতের আদেশে লক্ষ্মীপুর কারাগার থেকে বিপ্লবকে একটি মাইক্রোবাসে করে পুলিশের পাহারায় গতকাল বেলা পৌনে ১১টার দিকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক এম হাসান ইমাম ২০০৩ সালের ৯ ডিসেম্বর নুরুল ইসলাম হত্যা মামলার রায় দেন। লক্ষ্মীপুর বিএনপির কর্মী কামাল হত্যা মামলায় একই আদালত ২০০৪ সালের ২০ মার্চ বিপ্লবকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আইয়ুব খান প্রথম আলোকে বলেন, ‘আমাদের আদালতে একটি মামলায় বিপ্লবের মৃত্যুদণ্ড এবং অন্যটিতে যাবজ্জীবন কারাদণ্ড হয়। সাধারণত আপিল করার জন্য দণ্ডপ্রাপ্ত আসামিকে সংশ্লিষ্ট আদালতে হাজির করার নিয়ম আছে। বিপ্লবকে এ কারণে আমাদের আদালতে হাজির করা হয়েছে। আদালত তাঁকে উভয় মামলায় গ্রেপ্তার দেখান।’পরে বিপ্লবকে আবার মাইক্রোবাসে করে লক্ষ্মীপুরে নিয়ে যায় পুলিশ। আদালতের বারান্দায় তাঁর ছবি তুলতে চাইলে প্রথম আলোর ফটোসাংবাদিককে বাধা দেন তাঁর আত্মীয়রা ও পুলিশ।আদালত সূত্র জানায়, কামাল হত্যা মামলায় বিপ্লবের ছোট ভাই টিপু ও তাঁদের বাবার পালক ছেলে লাভুকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। যাবজ্জীবন কারাদণ্ড হয় বিপ্লব, তাঁর বাবা আবু তাহের, আওয়ামী লীগের কর্মী খালেক, বাবর ও মারজুর। পরে পলাতক দুই আসামি বিপ্লব ও খালেক ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত টিপুসহ মামলার চার আসামি হাইকোর্টে খালাস পান। ২০০০ সালের ৩১ আগস্ট হামলায় কামাল গুরুতর আহত হন এবং ২ সেপ্টেম্বর ঢাকায় মারা যান। এ ঘটনায় ২০০১ সালের ২৫ অক্টোবর তাহের, তাঁর দুই ছেলেসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়।