ফাঁসির খবরে উদ্বেলিত শাহবাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই হাত শূন্যে তুলে জয় বাংলার জয়ধ্বনি, বজ্রমুষ্টি তুলে শরীরে ঝাঁকুনি। তার পর একে অপরকে জড়িয়ে ধরে হাসি, তারপর কান্না। চোখের পানি মুছে আবারও হাসি। পুরো শাহবাগের সব জনতা একযোগে এভাবেই তাঁদের অনুভূতির প্রকাশ করলেন। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে দুইটায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর এভাবেই আবেগ আর উচ্ছ্বাসের হাসি-কান্না মিলেমিশে একাকার হলো। তার পর উঠল স্লোগান: ‘ফাঁসি ফাঁসি ফাঁসি হলো, সাঈদীর ফাঁসি হলো’, ‘আর নয় প্রতিরোধ, এবার নেব প্রতিশোধ’।দুইটায় মঞ্চে উঠলেন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শুরু হওয়া শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনের অন্যতম সংগঠক ইমরান এইচ সরকার। জনতার উদ্দেশে তিনি বললেন, ‘টানা ২৪ দিনের আন্দোলনের সবচেয়ে বড় শক্তি আমাদের শৃঙ্খলা। আজকের এই অর্জনের দিনেও আমরা বিশৃঙ্খল হব না। আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। কোথাও জামায়াত-শিবিরের কর্মী পেলে তাঁকে পুলিশের হাতে তুলে দেবেন। জামায়াত সারা দেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে ট্রাইব্যুনালের ওপর চাপ তৈরির চেষ্টা করেছিল। আমাদের টানা ২৪ দিনের আন্দোলনে ওই সন্ত্রাসী তৎপরতা রুখে দিয়েছি। ফলে ট্রাইব্যুনাল নিরপেক্ষভাবে রায় দিতে পেরেছেন।’ এই আহ্বান মানতে জনতা যেন আগে থেকেই প্রস্তুত ছিলেন। সবাই সুশৃঙ্খলভাবে স্লোগান আর মিছিলে তাঁদের আন্দোলনের এই অর্জনকে উদ্যাপন করতে থাকেন। প্রজন্ম চত্বর থেকে একটি মিছিল রওনা হলো ভাষাশহীদের স্মৃতির স্মারক শহীদ মিনারের উদ্দেশে। সামনে যত এগোতে থাকল, ওই মিছিল ততই বড় হতে থাকল। আরেকটি অংশ রয়ে গেল মঞ্চের দিকে ঢল নামা জনতার সঙ্গে উদ্বেল আনন্দ ভাগাভাগি করে নিতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগমুখী বিজয় মিছিলের সংখ্যাও বাড়তে থাকে। অনেককে দেখা গেল, সোজা অফিস থেকে ব্যাগ কাঁধে নিয়ে চলে এসেছেন। শাহবাগের আন্দোলনরত বন্ধুদের সঙ্গে কোলাকুলি করে অনেকে সন্তুষ্টি প্রকাশ করলেন। বিকেল গড়াতেই জনতার ঢল শাহবাগ ছাড়িয়ে টিএসসি পর্যন্ত ছড়িয়ে পড়ে। ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক ও ছাত্র-যুব সংগঠনের নেতারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গিয়ে বক্তৃতা করেন। সকাল থেকে অপেক্ষা: সাঈদীর ফাঁসির রায় ঘোষণার আগে সকাল থেকেই শাহবাগে জনতার ভিড় বাড়তে থাকে। সকাল সাড়ে ১০টার দিকে জামায়াত-শিবিরের ডাকা হরতাল প্রতিরোধের ডাক দিয়ে গণজাগরণ মঞ্চ থেকে একটি মিছিল প্রেসক্লাব পর্যন্ত যায়। সেখান থেকে তা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে আবার শাহবাগে ফিরে আসে। রায় শোনার পর হাসি-কান্না মেশানো কণ্ঠে মঞ্চের পাশে দাঁড়ানো মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান বলেন, ‘৭১-এর স্বাধীনতার অপূর্ণতা ১৩তে এসে নতুন প্রজন্মের তরুণদের হাত ধরে পূর্ণতার দিকে যাত্রা করল।’ আজ ও আগামীকালের কর্মসূচি: আজ বেলা তিনটার দিকে শাহবাগের প্রজন্ম চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে। জুমার নামাজের সময় দেশের সব মসজিদে একাত্তরের স্বাধীনতা আন্দোলনের সব শহীদের জন্য দোয়া করা হবে। এ ছাড়া দেশের সব মন্দির, গির্জা ও প্যাগোডায় তাঁদের জন্য প্রার্থনা করা হবে। আগামীকাল দেশের সব সরকারি ও বেসরকারি ভবন, আবাসিক ভবন এবং গাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।