লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু তাহেরের মৃত্যুদণ্ডাদেশ-সংক্রান্ত কোনো কাগজপত্র বা তথ্যাদি ঢাকা কেন্দ্রীয় কারাগারে সংরক্ষিত নেই। কারা দপ্তরের নথিপত্র পর্যালোচনা করে কর্তৃপক্ষ ১৯৭৬-৭৭ সালের মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের একটি তালিকা পায়। তাতে এক নম্বর ক্রমিকে লে. কর্নেল আবু তাহেরের নাম, কয়েদি নম্বর, ঠিকানা ও ফাঁসি কার্যকরের তারিখ উল্লেখ রয়েছে।এই তালিকাটির অনুলিপি কারা অধিদপ্তর সম্প্রতি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দিয়েছে।এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ আগস্ট হাইকোর্ট মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার লে. কর্নেল তাহেরের গোপন বিচারের নথি সরবরাহ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।কারা অধিদপ্তরের চিঠি: এই নির্দেশের পরিপ্রেক্ষিতে তিন মাস পরে কারা অধিদপ্তর হাইকোর্টে ওই তালিকা জমা দেয়। এ-সংক্রান্ত কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশরাফুল ইসলাম খানের সই করা চিঠিতে বলা হয়, ‘ঢাকা কেন্দ্রীয় কারাগারে দপ্তরে সংরক্ষিত নথিপত্র পর্যালোচনা করে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের একটি তালিকা পাওয়া যায়। ওই তালিকায় কয়েদী নং-৩৬২১/এ (ঢাকা) কর্নেল তাহের (অব.), পিতা মহিউদ্দীন আহেমদের নাম উল্লেখ রয়েছে। এতদব্যতীত অন্য কোন তথ্যাদি কেন্দ্রীয় কারাগারে সংরক্ষিত নেই মর্মে সংশ্লিষ্ট কারাগার সূত্রে জানা যায়।’ দুই প্যারার চিঠির শুরুতে বলা হয়, লে. কর্নেল তাহেরকে মোহাম্মদপুর থানার মামলা নং-৮(৬)১৯৭৬, স্পেশাল এমএল ট্রাইব্যুনাল মামলা নং-০১/৭৬, ধারা ১২১ এ দণ্ডবিধি ১৯৭৫ সালের ১৩ এমএলআরের আওতায় ঢাকার বিশেষ সামরিক ট্রাইব্যুনাল ১৯৭৬ সালের ১৭ জুলাই মৃত্যুদণ্ড দেন। ১৯৭৬ সালের ২১ জুলাই ভোর সাড়ে চারটায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।রিট আবেদন: তাহেরের ফাঁসির ৩৪ বছর পর চলতি বছরের আগস্টে তাঁর ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের ও সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরেক ভাই প্রয়াত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে ২৩ আগস্ট বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ সামরিক আদালতে তাহেরের বিচারের নথি তলব করেন। একই সঙ্গে রুল জারি করে তাহেরের গোপন বিচারের জন্য ১৯৭৬ সালের ১৬ নম্বর সামরিক ফরমানের আওতায় আদালত গঠন, গোপন বিচার ও তাহেরের ফাঁসি কার্যকর করা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চান আদালত। আইন, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবেরা এবং কারা মহাপরিদর্শক ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়কসহ সাতজনকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। সর্বশেষ অবস্থা: এ ব্যাপারে জানতে চাইলে রিট আবেদনকারীদের আইনজীবী শাহ্দীন মালিক প্রথম আলোকে বলেন, কারা কর্তৃপক্ষ শুধু মৃত্যুদণ্ড কার্যকরের একটি তালিকা দিয়েছে, যাতে কর্নেল তাহেরের নামও রয়েছে। এ ছাড়া আর কোনো নথিপত্র নেই। তিনি বলেন, রিট আবেদনটি চূড়ান্ত শুনানির দিন ধার্য করার জন্য এখন হাইকোর্টের কার্যতালিকায় রয়েছে। এ ছাড়া তাহেরের বিচারে নথির বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চূড়ান্তভাবে খোঁজ নিতে সরকারপক্ষ গতকাল বুধবার এক দিন সময় নিয়েছে। জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেনও জানান, নথির বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে।