ফাঁসির দণ্ড পাওয়া ২০ জনকে রাষ্ট্রপতির ক্ষমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের আলোচিত গামা হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া ২০ জনের সাজা মওকুফ করে দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। গতকাল সোমবার এসংক্রান্ত আদেশ কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছায়। রাত ১২টা ৫০ মিনিটে ২০ আসামির ১০ জনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) তৌহিদুর রহমান প্রথম আলোকে বলেন, এ মামলার ২০ আসামির মধ্যে ১০ জন ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। বাকি ১০ জন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আছেন।সূত্র জানায়, ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারি বিকেলে নাটোরের নলডাঙ্গা থানার রামশারকাজিপুর আমতলী বাজারে সাব্বির আহম্মদ ওরফে গামা নামের এক ব্যক্তিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে। নিহত গামা তৎকালীন চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা। দুর্বৃত্তরা গামাকে খুনের পর সর্বহারার নামে স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ওই ঘটনার পর বিএনপির কর্মীরা আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বাড়িঘর জ্বালিয়ে দেয় ও লুটপাট করে। এ তাণ্ডব চলে তিন দিন ধরে।গামা খুনের পর তাঁর বাবা রফিকুল ইসলাম তালুকদার বাদী হয়ে নলডাঙ্গা থানায় আওয়ামী লীগের স্থানীয় নেতা এস এম ফিরোজসহ ১৬ জনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এরপর মামলাটি প্রথমে নাটোরের দায়রা জজ আদালতে বিচারের জন্য এলেও উচ্চপর্যায়ের তদন্তের পর মামলাটি ঢাকার দ্রুত বিচার আদালতে আসে। ২০০৬ সালের ২৪ আগস্ট এ মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে বিচারক ফিরোজ আলম ২১ জনের বিরুদ্ধে ফাঁসির দণ্ডাদেশ দেন।রায় ঘোষণার সময় পলাতক থাকা আসামি আনিসুর রহমান, এস এম ফিরোজ, ফয়সাল হোসেন, সেন্টু শাহ, শাজাহান শাহ, জাহেদুল ইসলাম, বাদল শাহ, ফজলুল হক শাহ, ফারুক হোসেন গত ১২ এপ্রিল আত্মসমর্পণ করেন। ২১ এপ্রিল আসামি আবদুল জলিল আত্মসমর্পণ করেন। অন্য আসামিরা বিভিন্ন সময় পুলিশের হাতে ধরা পড়েন। তবে আকবর আলী নামের এক আসামি এখনো পলাতক। আসামিরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন। কিন্তু শুনানি শেষ হওয়ার আগেই আসামিরা ওই আপিল প্রত্যাহার এবং গত ১৫ এপ্রিল কারাগার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে আবেদন করেন। গত ২ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দণ্ড মওকুফের চিঠিতে সই করেন বলে জানা গেছে।ফাঁসির দণ্ড থেকে মওকুফ পাওয়া আসামিরা হলেন নাটোর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামানের বাবা আনিসুর রহমান, নলডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজ, ফয়সাল হোসেন, সেন্টু শাহ, শাজাহান শাহ, জাহেদুল ইসলাম, বাদল শাহ, ফজলুল হক শাহ, ফারুক হোসেন, আ. জলিল, জহুরুল শাহ, সাজ্জাদ হোসেন, সোহাগ, বাবলু, আবুল, আতাউর, আশরাফ, ফরমাজুল, ফকরউদ্দিন ও ওহিদুর রহমান।আসামিদের মুক্তির ব্যাপারে জানতে চাইলে আসামিপক্ষের হাইকোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস বাবু প্রথম আলোকে বলেন, আসামিপক্ষ থেকে দ্রুত বিচার আদালতের ফাঁসির আদেশের বিরুদ্ধে হাইকোর্টে দুটি আপিল ও দুটি কোয়াশমেন্ট (বাতিল আবেদন) দাখিল করা হয়েছিল। মামলাটি মৃত্যু নিশ্চিতকরণ বেঞ্চে শুনানির পর্যায়ে ছিল। তবে পরে আসামিপক্ষ আপিল ও কোয়াশমেন্ট আবেদন প্রত্যাহার করে নেয়। এতে করে নিম্ন আদালতের রায়ই বহাল থাকে। এ অবস্থায় আসামিরা কারাগার থেকে রাষ্ট্রপতির কাছে দণ্ড মওকুফের আবেদন করলে রাষ্ট্রপতি তা মঞ্জুর করেন।সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার টেলিফোনে প্রথম আলোকে বলেন, রাজনৈতিক বিবেচনায় আসামিদের সাজা মওকুফ করে দেওয়া হয়েছে। এটা খুবই বিস্ময়ের।তবে এ মামলার আসামি আনিসুর রহমানের ছেলে আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, গামার শরীরে গুলির চিহ্ন ছিল মাত্র একটি। এজাহারে আসামি ছিলেন ১৬ জন। কিন্তু ফাঁসির আদেশ হয় ২১ জনের। এঁদের মধ্যে একই পরিবারের ১৩ জনের ফাঁসির আদেশ হয়। এটা অস্বাভাবিক। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে তৎকালীন উপমন্ত্রী রুহুল কুদ্দুস প্রভাব খাটিয়ে বিচারব্যবস্থাকে বিতর্কিত করেছিলেন। তিনি বলেন, গামা হত্যার এক বছর আগে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের অত্যাচারে তাঁর পরিবার ঢাকায় চলে যায়। অথচ তাঁকে ছাড়া পরিবারের অন্য সবাইকে আসামি করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আসাদ আরও বলেন, ওই মামলার সাক্ষীদের তিনজন ইতিমধ্যে হলফনামায় বলেছেন, তাঁরা চাপের মুখে সাক্ষ্য দিতে বাধ্য হয়েছিলেন।