ফাঁসির দণ্ডাদেশে প্রতিক্রিয়া
দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির দণ্ডাদেশে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় অনেক বিশিষ্ট ব্যক্তি তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, এ রায়ের মাধ্যমে স্বাধীনতার চেতনার পুনর্জাগরণ ঘটেছে। ৪০ বছরের অপেক্ষার অবসান হয়েছে। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এটি একটি ঐতিহাসিক রায়। এ রায় বাংলাদেশের ইতিহাসে উদাহরণ হয়ে থাকবে। রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু বলেন, ‘আমরা ২০টি অভিযোগের মধ্যে আটটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি। এ রায়ে আমরা সন্তুষ্ট। এ রায় আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল।’ ট্রাইব্যুনালে উপস্থিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোরশেদ খান (বীর বিক্রম) বলেন, যুদ্ধাপরাধী কাদের মোল্লার রায় সম্পূর্ণ ছিল না। দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ে গণজাগরণের মাধ্যমে জনগণের জেগে ওঠা বিবেকের প্রতি বিচারকেরা সম্মান দেখিয়েছেন। তিনি বলেন, ‘রায় ঘোষণার সময় বারবার মনে হচ্ছিল, আমি একাত্তরে ফিরে গেছি। বিচারকেরা মুক্তিযুদ্ধের প্রতি সম্মান প্রদর্শন করেছেন। আশা করছি ভবিষ্যতে যে রায়গুলো হবে, সেগুলোতে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে জনগণের আশার প্রতিফলন ঘটানো হবে।’জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় ১৬ ডিসেম্বর যে আনন্দ অনুভব করেছিলাম, সে রকম আনন্দ অনুভব করছি। নতুন প্রজন্মের চেতনার পুনর্জাগরণ হয়েছে। ট্রাইব্যুনালের রায়ের সঙ্গে জনতার যে রায়, তা মিলে গেছে। বিচার প্রলম্বিত হয়েছে, কিন্তু বিচার হয়েছে। রায়ের পর এখন সবাই আরও সাহসী হবে। ভীতির ঊর্ধ্বে উঠতে পারবে।’ মুক্তিযুদ্ধের চেতনায় সবাই নতুন করে উজ্জীবিত হয়ে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন তিনি।রায় ঘোষণার সময় আনোয়ার হোসেন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, এ রায়ের পর একাত্তর সালে যেসব পরিবারের সদস্য শহীদ হয়েছেন, যেসব নারী সম্ভ্রম হারিয়েছেন, তাঁদের জন্য এ রায় কিছুটা স্বস্তি নিয়ে আসবে। শাহবাগের আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে যে নবযাত্রা শুরু হয়েছে, তা ত্বরান্বিত হবে। আইনি প্রক্রিয়ায় সব বিচারকাজ সমাধা হয়েছে। ভবিষ্যতে অন্য মামলাগুলো সঠিক আইনে পরিচালিত হবে বলে তিনি আশা করেন। অধ্যাপক মুনতাসীর মামুন বলেছেন, ‘১৯৭৫ সালের পর থেকে রায় ও বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছিল, আজকের বিচার ও রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে আবার ন্যায়বিচারের সংস্কৃতি ফিরে এসেছে। আমরা চাইব, এই সংস্কৃতি অক্ষুণ্ন থাকবে, যাতে আর কোনোদিন কোনো মানুষ বিচারবঞ্চিত না হয়। আমরা একাত্তরের প্রজন্ম একই জায়গায় মিলিত হয়েছি। আমরা চাই, যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি হোক।’ মুনতাসীর মামুন বলেন, ‘দুটি অভিযোগে সাঈদীর সর্বোচ্চ শাস্তি হয়েছে। এতে আমরা স্বস্তি প্রকাশ করছি। আনন্দিত তো বটেই, তবে রায় দেওয়া ও তা কার্যকর করার ক্ষেত্রে কয়েকটি পদক্ষেপ আছে। সেগুলো পেরিয়ে যখন রায় কার্যকর হবে, তখন আমরা সত্যিকারে উল্লাস প্রকাশ করব।’ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সহকারী সমন্বয়ক সানাউল হক প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমাদের পরিশ্রম সফল হয়েছে। জাতি বিচার পেয়েছে। এই মামলা অন্য মামলা থেকে বেশি ঝুঁকিপূর্ণ ছিল। এটি বানচাল করতে অনেক অপচেষ্টা চালানো হয়েছে, কিন্তু তা সফল হয়নি।’ তিনি আরও জানান, এ রায় অন্য মামলাগুলোর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির রায়ের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এটা একটি ঐতিহাসিক রায়। এই রায়ের জন্য ৩০ লাখ শহীদের পরিবারের সদস্যরা ৪১ বছর ধরে অপেক্ষা করছেন। ঠিক ২১ বছর আগে শহীদ জননী জাহানারা ইমাম যে আন্দোলন শুরু করেছিলেন, এই রায় তাঁর আন্দোলনের বিজয়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ শাহরিয়ার বলেন, ‘কবি সুফিয়া কামালের নেতৃত্বে ১৯৯৩ সালে জাতীয় গণতদন্ত কমিশনে প্রথম সাঈদীর বিরুদ্ধে নানা ধরনের মানবতাবিরোধী অপরাধের বর্ণনা মাঠ পর্যায়ে তদন্ত করে জনসমক্ষে প্রকাশ করা হয়। আজ জাহানারা ইমাম ও সুফিয়া কামাল কেউই নেই। কিন্তু এ দিনে আমরা তাঁদের অভাব বোধ করছি ও তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।’ যুদ্ধাপরাধীদের বিচারে দেশের তরুণদের মহাজাগরণ ঘটেছে উল্লেখ করে শাহরিয়ার বলেন, এটি একটি বড় প্রত্যাশা। ‘বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার আন্তর্জাতিক বিচারব্যবস্থায় একটি দৃষ্টান্ত। এর মাধ্যমে আমরা সভ্যতার বোধ স্থাপন করতে পেরেছি। এর মাধ্যমে প্রমাণ হয়েছে, কোনো সভ্য সমাজে কেউ অপরাধ করে পার পায় না।’ শাহরিয়ার কবির আরও বলেন, জামায়াত যেভাবে সহিংসতা চলাচ্ছে, তা শিগগিরই বন্ধ হবে বলে মনে হয় না। এ দলটিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করে দ্রুত নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি তাদের দেশবিরোধী সহিংসতায় সবাইকে সজাগ থাকারও পরামর্শ দেন তিনি।