ফাঁসির দাবি দেশজুড়ে
কাদের মোল্লাসহ সব মানবতাবিরোধী অপরাধীর ফাঁসির দাবিতে আজও সোচ্চার সারা দেশ। রাজধানী ঢাকার শাহবাগ চত্বরের আন্দোলনের ঢেউ আজও ছড়িয়েছে দেশের প্রতিটি কোনায়। মেহেরপুর, নোয়াখালী, গোপালগঞ্জ, ফরিদপুর, পঞ্চগড়, পটুয়াখালী, ময়মনসিংহের ত্রিশাল ও পাবনার চাটমোহরে চলছে বিক্ষোভ আর আন্দোলন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: মেহেরপুরআজ রোববার শহরের প্রেসক্লাবের সামনে থেকে মিছিল বের হয়। মিছিলে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী-শিক্ষক ও পেশাজীবী সংগঠনের কর্মীরা অংশ নেন। একই দাবিতে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা পার্কে অরণিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা পালা করে প্রতিবাদী গান করে ও মুক্তিযুদ্ধে রাজাকারদের ভূমিকা নিয়ে গল্প বলার আসর বসান।নোয়াখালী‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই’, ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’, ‘৭১-এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জামায়াত-শিবিরের রাজনীতি, আইন করে বন্ধ করতে হবে,’ ‘পদ্মা-মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’—এসব স্লোগানে মুখরিত ছিল নোয়াখালী শহর। আজ বেলা ১১টার দিকে গণজাগরণ মঞ্চ নোয়াখালীর ব্যানারে পৌরভবন-সংলগ্ন মুক্তমঞ্চের সামনে থেকে ’৭১-এর চেতনায় উজ্জীবিত তরুণেরা ফাঁসির দাবি নিয়ে ‘জাতীয় পতাকা মিছিল’ করেন। গোপালগঞ্জআজ দুপুরে সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন রাস্তা ঘুরে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় গতকাল গভীর রাত পর্যন্ত চলে গণসংগীত পরিবেশন। ফরিদপুরজামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা ও কাদের মোল্লাসহ মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে ফরিদপুরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সমাবেশে ‘যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না’—এই শপথবাক্য পড়ান জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূর মোহাম্মদ। পঞ্চগড়পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রজন্ম ’৭১-এর আয়োজনে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলছে। গণসংগীত, কবিতা ও স্লোগান দিয়ে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবি জানান তাঁরা। পটুয়াখালীপটুয়াখালী আজও উত্তাল। সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত পটুয়াখালীর শহীদ আলাউদ্দিন শিশু পার্কে বিভিন্ন স্তরের মানুষ জমা হন। শুরু হয় স্লোগান, প্রতিবাদী সংগীত, কবিতা। ‘আমরা মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ৭১’-এর উদ্যোগে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা একটা ও বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করছেন মুক্তিযোদ্ধাদের সন্তানেরা। ত্রিশাল (ময়মনসিংহ)জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবিতে আজ সকাল থেকে অনুষ্ঠান চলছে। সেখানে রাজাকারদের প্রতীকী ফাঁসি দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা ঘৃণাস্তম্ভে রাজাকারের ছবিতে জুতার মালা দেন। চাটমোহর (পাবনা)চাটমোহর শহরের স্টারের মোড় থেকে এক কিলোমিটার রাস্তাজুড়ে জ্বালানো হয়েছে মোমবাতি। ফাঁসির দাবিতে কাদের মোল্লার কুশপুত্তলিকা দাহ করে শহরে বিক্ষোভ করেছেন বিক্ষোভকারীরা। গতকাল শনিবার রাত আটটার দিকে ৭১টি মোমবাতি জ্বালিয়ে মুক্তিযুদ্ধকে স্মরণ করেন বিক্ষোভকারীরা।