ফাঁসির দাবিতে সোচ্চার সারা দেশ (ভিডিও)
যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগের আন্দোলন আর প্রতিবাদের ঝড় ছড়িয়ে পড়ছে সারা দেশে। প্রতিবাদের ঝড় উঠেছে যশোর, খুলনা, বগুড়া, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, নেত্রকোনা ও নড়াইলে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:যশোর: ‘শহীদের বাংলায় রাজাকারের ঠাঁই নাই’—এই স্লোগানে মুখরিত যশোর শহরের চিত্রা মোড়। প্রতিবাদী গান, কবিতা আর স্লোগানে মুখরিত গোটা শহর। সকাল ১০টা থেকে যশোরের মুক্তিযোদ্ধা সংসদসহ রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, পেশাজীবী ও ছাত্রসংগঠন যোগ দিয়েছে সেখানে। আগামী শনিবার সন্ধ্যায় মশাল মিছিলের মাধ্যমে আন্দোলন কর্মসূচি শেষ হবে বলে অনুষ্ঠান থেকে ঘোষণা দেওয়া হয়েছে। খুলনা: ‘বাতাসে লাশের গন্ধ পাই’, ‘স্বাধীনতা তুমি’, ‘কবিতা আর ফুল খেলবার দিন নয় অদ্য’, ‘মা গো ভাবনা কেন...’—এমন সব গান আর স্লোগানে আজ উত্তাল ছিল খুলনা নগরের শিববাড়ি মোড়। কাদের মোল্লার ফাঁসির দাবিতে সকাল থেকে শুরু হওয়া কর্মসূচি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিণত হয় জনসমুদ্রে। খুলনা নির্দলীয় গণমঞ্চের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বগুড়া: আজ ভোর থেকে বগুড়ার সাতমাথা স্কয়ারে ‘কাদের মোল্লার ফাঁসির মঞ্চে’ জড়ো হতে থাকে মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাতমাথা চত্বর গণজাগরণ থেকে পরিণত হয় গণবিস্ফোরণে। কাদের মোল্লার ফাঁসির দাবিতে সর্বস্তরের জনতা রাজপথে নেমে আসে। তারা স্লোগান দিতে থাকে—‘ফাঁসি চাই ফাঁসি চাই, ত্রিশ লাখ শহীদের এ দেশে কাদের মোল্লার ঠাঁই নাই’। মানিকগঞ্জ: কাদের মোল্লার ফাঁসির দাবিতে বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচি শুরু হয়। বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে। গোপালগঞ্জ: ‘প্রগতিশীল অরাজনৈতিক তরুণসমাজ’ ও ‘গোপালগঞ্জের তরুণ প্রজন্ম’ পৃথক দুটি ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশ থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোট সন্ধ্যায় শহীদ মিনারে প্রদীপ প্রজ্বালন ও লাগাতার গণসংগীত এবং অবস্থান কর্মসূচি ঘোষণা করে। ‘রাজাকারদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘একটা দুইটা রাজাকার ধর, সকাল বিকাল জবাই কর’—এসব স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোপালগঞ্জ। নেত্রকোনা: কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে বেলা ১১টার দিকে জেলা শহরে বিক্ষোভ মিছিল হয়। নেত্রকোনা স্থানীয় শহীদ মিনার থেকেও বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলকারীরা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার শহীদ মিনারে যায়। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নেত্রকোনা জেলা শাখা ও সম্মিলিত সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিলটি হয়। মিছিলে বক্তব্যের পাশাপাশি চলে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী।নড়াইল: ‘তুই রাজাকার, বঙ্গবন্ধুর বাংলা ছাড়,’ ‘কাদের মোল্লার ফাঁসি দিতে হবে, দিতে হবে’—এসব স্লোগানে নড়াইল জেলা শহর ছিল মুখরিত। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল আদালত চত্বরে জড়ো হতে শুরু করে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব রাজনৈতিক দল, পেশাজীবী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে এই কর্মসূচিতে অংশ নেয়। জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, আমজনতা ও ১৪ দল যৌথভাবে কর্মসূচির আয়োজন করে।