ফাঁসির মঞ্চে যাওয়ার সময় তিনি স্বাভাবিক ছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে লে. কর্নেল তাহের বলেছিলেন, ‘লং লিভ মাই কান্ট্রিম্যান।’ ১৯৭৬ সালের ২১ জুলাই ভোরে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে রশিতে ঝোলার ৩০ সেকেন্ড আগে তিনি এ শব্দগুলো উচ্চারণ করেছিলেন। এ কথা জানিয়েছেন দণ্ড কার্যকরের সময় উপস্থিত তৎকালীন ম্যাজিস্ট্রেট খন্দকার ফজলুর রহমান। তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের চূড়ান্ত শুনানিতে গতকাল বুধবার ফজলুর রহমান এ তথ্য জানান। তাহেরের সঙ্গে আলাপচারিতার অংশবিশেষও তুলে ধরেন তিনি।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি চলছে। গতকাল ফজলুর রহমান ছাড়াও তৎকালীন এসডিও মকবুল হোসেন ও হাবিলদার আবদুল হাই মজুমদার বক্তব্য দেন। শুনানি গ্রহণের পর আদালত আজ সকালে ঢাকার জেলা প্রশাসক মহিবুল হককে হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, তাহেরের গোপন বিচারের বিষয়ে নথিপত্র জেলা প্রশাসকের কার্যালয়ে আছে কি না, জানাতে জেলা প্রশাসককে আসতে বলা হয়েছে। শুনানিতে তাহেরের ফাঁসি কার্যকর ও তাঁর সঙ্গে কথোপকথনের বর্ণনা তুলে ধরেন খন্দকার ফজলুর রহমান। তিনি বলেন, ‘সন্ধ্যায় তাঁকে তওবা পড়ান মৌলভী সাহেব। ২০ জুলাই দিবাগত রাত তিনটার দিকে জেলার ফাঁসি কার্যকরের বিষয়টি তাঁকে জানান। ওই সময় তাহের তাঁর নিজের লেখা একটি কবিতা আমাকে পড়ে শোনান। কবিতাটি ও দুটি সিগারেট পাইপ তিনি তাঁর বড় ভাইয়ের কাছে পৌঁছে দিতে বলেন। আমাকে বলেন, দেখেন রশি ঠিক আছে কি না, ভেসলিন দেওয়া হয়েছে কি না। গ্যালোতে (ফাঁসির মঞ্চে) নিয়ে যাওয়ার সময় তাহের বলেন, ‘আমি মাস্ক (মুখোশ) পরে যেতে চাই না।’ আমি বলি ‘আইনে আছে মাস্ক পড়ে যেতে হবে। এর ব্যত্যয় ঘটানো যাবে না।’ আদালত জানতে চান, উনি কি স্বাভাবিক ছিলেন? ফজলুর রহমান হ্যাঁ-সূচক জবাব দেন। ফজলুর রহমান বলেন, জেলার রুমাল ধরে দাঁড়িয়ে থাকেন। রুমাল ছেড়ে দেওয়ার পর রশি টান দেওয়া হয়। আধা ঘণ্টার মতো রশিটা ঝুলতে থাকে। আধা ঘণ্টা পর রশিটা স্থির হয়ে যায়। এরপর সিভিল সার্জন মৃত্যু নিশ্চিত করেন। আদালত জানতে চান, মৃতদেহ কোথায় নিয়ে যাওয়া হয়। ফজলুর রহমান বলেন, ‘আমি জানি না।’ দুপুর পৌনে একটার দিকে শুনানির শুরুতে খন্দকার ফজলুর রহমান নিজের কর্মজীবনের বর্ণনা দিয়ে বলেন, ’৭৫ থেকে ’৭৮ সাল পর্যন্ত তিনি ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পালন করেন। আদালত কর্নেল তাহেরের বিচার সম্পর্কে জানতে চান। জবাবে তিনি বলেন, ‘অফিসিয়ালি কবে বিচার শুরু হয় জানি না। তবে কাজের সুবাদে জেলা প্রশাসক ও এসডিওর সঙ্গে সম্পৃক্ত থাকায় জানতে পারি, জুলাইতে বিচার শুরু হয়।’ ফজলুর রহমান জানান, আইন মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকের কাছে একটি চিঠি আসে। ওই চিঠিতে ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়। এরপর কি হলো, আদালতের প্রশ্নের জবাবে তিনি বলেন, মৃত্যুপরোয়ানা জারিসংক্রান্ত কাগজ আসে। অন্য কোনো কাগজপত্র পেয়েছিলেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না। আদালত বলেন, স্বীকারোক্তিমূলক জবাববন্দি-সংক্রান্ত কোনো ফাইল উপস্থাপন হয়েছে বলে জানেন কি? ফজলুর রহমান না-সূচক জবাব দেন। এ সময় ফজলুর রহমান তাহেরের মৃত্যুপরোয়ানা কার্যকর করা সংক্রান্ত ’৭৬ সালের ২০ জুলাই স্বাক্ষরিত একটি চিঠি আদালতে তুলে ধরে বলেন, এ চিঠিতে এ আর মজুমদার মামলার একজন সাক্ষী বলা আছে। আদালত বলেন, উনি কি বেঁচে আছেন। ফজলুর রহমান বলেন, ‘আমি জানি না।’ মধ্যাহ্ন বিরতির পর ফজলুর রহমান বলেন, জেল কোডে দায়রা জজ আদালতের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বলা ছিল। কিন্তু তাহেরের ফাঁসির রায় দেন বিশেষ সামরিক ট্রাইব্যুনাল। তাই তাহেরের বিষয়টি এর আওতায় আসে না। কারণ কারা কোডে মার্শাল কোর্টের কথা বলা নেই। এ বিষয়টি তৎকালীন জেলা প্রশাসককে মৌখিকভাবে জানানো হলে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানান। দুই দিন পর জেল কোড সংশোধন করা হয়। আদালত জানতে চান, এত তড়িঘড়ি কেন ও কীভাবে করল? ফজলুর রহমান বলেন, এক আদেশের মাধ্যমে। ধারণা ছিল, এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এ পর্যায়ে আদালত তাহেরের বিচার সম্পর্কে ফজলুর রহমানের মতামত জানতে চান। ফজলুর রহমান তাহেরের বক্তব্য উদ্ধৃত করে বলেন, ফাঁসি কার্যকরের আগে তাহের বলেছিলেন, যে আদালত ও আইনে তাঁর বিচার হয়েছে তা আদৌ নিরপেক্ষ নয়। এই আইন ও আদালত সংশোধন করে বিচার হলে তিনি ন্যায়বিচার পেতেন। আদালত বলেন, কর্নেল তাহের কখন এসব কথা বলেছিলেন? ফজলুর রহমান বলেন, কনডেম সেলে বসে এসব বলেছিলেন। ফজলুর রহমান বলেন, তাহেরের পক্ষে প্রাণভিক্ষার আবেদন করা হয়েছিল। তাও খারিজ হয়ে যায়। আদালতের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে দ্রুততার সঙ্গে বিচার হয়েছে, তাতে বিচার মোটামুটি নিরপেক্ষ হয়েছে বলা চলে না। ধারণা ছিল, দীর্ঘদিন পরে হলেও এ নিয়ে প্রশ্ন উঠতে পারে। এ জন্য কাগজটি (মৃত্যুপরোয়ানা-সংক্রান্ত) সংরক্ষণ করেছি।’ তাহেরের বিচার সম্পর্কে তৎকালীন এসডিও মকবুল হোসেন অভিমত দেন, মার্শাল লতে সাক্ষ্যপ্রমাণ চুলচেরা বিশ্লেষণ করা হয় না। আদালত বলেন, ট্রাইব্যুনালের সঙ্গে সম্পৃক্ততা ছিল? মকবুল বলেন, না। আদালতের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুজন ম্যাজিস্ট্রেট (ট্রাইব্যুনালের সদস্য হিসেবে) নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা ওখানে এবং আদালতে কাজ করতেন। তাঁকে জানানো হয়েছিল কি না, আদালতের এমন প্রশ্নের জবাবে মকবুল হোসেন বলেন, তাঁকে অবহিত করা হয়নি। সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট হিসেবে এ ব্যাপারে তাঁকে কোনো কাগজপত্রও দেওয়া হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যপারে সিদ্ধান্ত নিয়েছে। অনুলিপি দেওয়া হয়েছিল কি না, আদালতের এমন প্রশ্নের জবাবে মকবুল হোসেন বলেন, না। গোপন বিচার সম্পর্কে জানতে চাইলে মকবুল বলেন, ‘শুনেছি ক্যামেরা ট্রায়াল হয়েছে। আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি জানেন না। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, তখন মার্শাল রেগুলেশনে দেশ চলত। দণ্ড কার্যকরের সময় কোন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন? জবাবে মকবুল হোসেন বলেন, খন্দকার ফজলুর রহমান। এরপর ফজলুর রহমান বক্তব্য উপস্থাপন শুরু করেন। এরপর হাবিলদার আবদুল হাই মজুমদার বলেন, পঁচাত্তরের শেষ দিকে আমাকে গ্রেপ্তার করা হয়। তাহের বিদ্রোহী বলে রাজসাক্ষী দিতে বলে। নির্যাতন চালানো হয়। আমি বলেছিলাম, তাহের বিদ্রোহী নন। তাঁর বিরুদ্ধে আমি সাক্ষী দেব না। পরে আমাকে এক বছর তিন মাস কারাদণ্ড দেওয়া হয়।