ফাইটিং বা রেসলিং করতে চাইলে পল্টনে যান: ক্ষুব্ধ স্পিকারের রুলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদে কয়েকজন সাংসদের বিষোদ্গার এবং মারমুখী আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করে স্পিকার আবদুল হামিদ বলেছেন, সংসদে কেউ অসংসদীয় ভাষা কিংবা আক্রমণাত্মক ভাষা ব্যবহার করলে মাইক বন্ধ হয়ে যাবে। সংসদের সৌন্দর্য, সম্মান রক্ষায় প্রয়োজনে যা প্রয়োজন, তার সবই করা হবে।স্পিকার সাংসদদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমি সরকারি ও বিরোধী দলের ভোটে নির্বাচিত। আমি আমার মতো করে সংসদ চালাব। আপনারা যদি মনে করেন, আমার থাকার দরকার নেই, আই অ্যাম রেডি টু গো।’আজ বৃহস্পতিবার সন্ধ্যায় স্পিকার আবদুল হামিদ গতকাল বুধবারের সংসদে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে দেওয়া এক রুলিংয়ে তিনি এ কথা বলেন। এর আগে সরকারি ও বিরোধী দলের কয়েকজন সদস্য পয়েন্ট অফ অর্ডারে ফ্লোর চাইলে তিনি তা দেননি। কঠোর ভাষায় স্পিকার বলেন, ‘এখন কোনো পয়েন্ট অফ অর্ডার হবে না। আমার কিছু কথা আছে।’ বাংলাদেশের ইতিহাসে আবদুল হামিদই প্রথম স্পিকার যিনি দুই দফায় নির্বাচিত হন।সাংসদদের কঠিন ভাষায় তিরস্কারের সুরে স্পিকার আবদুল হামিদ বলেন, সংসদের পরিবেশ ও মান-মর্যাদা রক্ষা এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সাংসদদের আরও সচেতন হতে হবে।একই সঙ্গে স্পিকার সাংসদদের বলেন, ‘আর একটা কথা আমি বলে দিতে চাই, অসংসদীয় ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করলে মাইক বন্ধ হয়ে যাবে। আর ফাইটিং বা রেসলিং করতে চাইলে পল্টনে চলে যান। সংসদের বাইরেও মাঠ আছে। গায়ে তেল মেখে আন্ডারওয়ার পরেও সেখানে চলে যেতে পারেন।’জাতীয় সংসদের আজ বৃহস্পতিবারের অধিবেশনে বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপনের পর এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আগে স্পিকার আবদুল হামিদ এসব কথা বলেন। দিনের অধিবেশনের শুরু থেকেই স্পিকার কঠোর হন। অধিবেশনের শুরুতেই বিএনপির সাংসদ মওদুদ আহমদ পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য দিতে চাইলে স্পিকার তাঁকে বলেন, ‘এখন কোনো পয়েন্ট অফ অর্ডার হবে না। আপনাদের আগে আমারও কিছু বলার আছে।’বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপনের পরই মওদুদ আহমদ, আওয়ামী লীগের তোফায়েল আহমদ এবং সুরঞ্জিত সেনগুপ্ত পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য দিতে চাইলে স্পিকার তাঁদেরও কোনো কথা বলার সুযোগ না দিয়ে বলেন, তিনি কোনো পয়েন্ট অফ অর্ডার দেবেন না। তিনি এই সিদ্ধান্ত নিয়েই এসেছেন। পয়েন্ট অফ অর্ডার রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্যের পর দেওয়া হবে।এর পর স্পিকার বলেন, গতকাল (বুধবার) যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তা জাতির জন্য দুঃখজনক ও লজ্জাকর। সংসদে বিরোধী দল সরকারি দলের সমালোচনা করবে। সরকারি দলও আগের সরকারের সমালোচনা করবে। কিন্তু সেজন্য জন্য সংসদীয় ভাষা ও শিষ্টাচার দরকার।গতকাল বুধবার জাতীয় সংসদের ঘটনা নিয়ে বিভিন্ন প্রচারমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত সংবাদ সম্পর্কে সাংসদদের দৃষ্টি আকর্ষণ করে স্পিকার বলেন, ‘আপনাদের এ রকম কথা, আচরণ ও অঙ্গভঙ্গি প্রদর্শন মানুষ মেনে নিতে পারে না। সংসদের মান-মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। এ ধরনের ঘটনা দেখব, তা কোনোভাবেই আশা করিনি। এ ধরনের ভাষা কোনোভাবেই কাম্য নয়।’স্পিকার বলেন, ‘ভাষা প্রয়োগের মাধ্যমেই প্রমাণিত হয় কে কোথা থেকে এসেছেন।’আবদুল হামিদ সাংসদদের উদ্দেশে বলেন, ‘অনুগ্রহ করে, আল্লাহর ওয়াস্তে দেশবাসী যাতে আশান্বিত হয়, সেভাবে চলবেন। অনেক সুন্দর করে অনেক কঠিন কথা বলা যায়।’ তিনি বলেন, কারও বিরুদ্ধে খুনের অভিযোগ থাকলে সেটা বলার একটা সংসদীয় ভাষা আছে। একইভাবে কাউকে ‘নমরুদ ফেরাউন’ বলতেও হিসাবনিকাশ করে বলা উচিত। বলার আগে ভাবতে হবে, কী বলছেন। তিনি বলেন, ‘কথা-বার্তা সকলেরই হিসাব-নিকাশ করে বলা উচিত।’গতকাল বঙ্গবন্ধুকে নিয়ে বিএনপির এক সদস্যের কটূক্তি নিয়ে সংসদে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। একে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে। আসন ছেড়ে সরকারি ও বিরোধী দলের কয়েকজন সাংসদ পরস্পরের দিকে মারমুখী ভঙ্গিতে ছুটে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে দুই পক্ষের কয়েকজন সাংসদের মধ্যে হাতাহাতির উপক্রম হয়। বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর বক্তব দেন বিএনপির সাংসদ শাম্মী আখতার।