ফাইনাল খেললে আত্মঘাতী গোল খাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ ওবায়দুল কাদের বলেছেন, জনগণকে সঙ্গে না নিয়ে ফাইনাল খেলতে গেলে বিরোধী দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে আত্মঘাতী গোল খেতে হবে। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাঙালি জাতীয়তাবাদ পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, প্রধান বিরোধী দল বিএনপি তাদের অতীতের খারাপ কাজের জন্য জনগণের কাছে একবারও দুঃখ বা অনুতাপ প্রকাশ করেনি। সুতরাং, তারা যে ফাইনাল খেলার কথা বলছে, তাতে জনগণ সাড়া দেবে না। ওবায়দুল কাদের আরও বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার ধাক্কা বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। এ অবস্থার মোকাবেলা করতে হলে সরকারি দলকে জনগণের আস্থা অর্জন করতে হবে। সেজন্য সরকারকে আগামী দুই বছরের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতির ন্যূনতম ৭০ ভাগ পূরণ করতে হবে। প্রমাণ করতে হবে সরকার পরিচালনায় বিএনপির চেয়ে আওয়ামী লীগ গুণগতভাবে ভালো। মনে রাখতে হবে, যেকোনো একটি মন্দ কাজ সব ভালো অর্জনকে ম্লান করে দিতে পারে।‘দেশ ও গণতন্ত্রের স্বার্থে জঙ্গিবাদী জামায়াত-শিবির, আমিনী গংদের রাজনীতি নিষিদ্ধ করার বিকল্প নেই’ শীর্ষক এই আলোচনায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, এদেশের জনগণ অন্তত যুদ্ধাপরাধীদের ভোট দেবে না। সুতরাং বিএনপি যতদিন জামায়াত-শিবিরকে সঙ্গে নিয়ে রাজনীতি করবে ততদিন তাদের ক্ষমতার বাইরে থাকতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঙালি জাতীয়তাবাদ পরিষদের সভাপতি আবদুল হক।