ফাইনাল খেলার প্রস্তুতি নিন: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘ঘোষিত রোডমার্চ কর্মসূচির পর এই সরকারের সঙ্গে ফাইনাল খেলা হবে। কঠোর আন্দোলন গড়ে তোলার মাধ্যমে ক্ষমতাসীন সরকারকে বিদায় করতে হবে।’বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি-মতিন) মহাসচিব আবু নাসের রহমতুল্লাহর নেতৃত্বে দলের একটি অংশের নেতা-কর্মীদের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিজেপি আজ বৃহস্পতিবার বিকেলে যোগদান অনুষ্ঠানের আয়োজন করে।বিএনপির চেয়ারপারসন বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অন্য কারও অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। এই সরকারের বিদায় না হওয়া পর্যন্ত তিনি দলের নেতা-কর্মীদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা যা-ই বলুক, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। আগেও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, ভবিষ্যতেও হবে। বিরোধীদলীয় নেতা দলের নেতা-কর্মীদের চূড়ান্ত খেলায় অংশ নেওয়ার প্রস্তুতি নিতে আহ্বান জানান। তিনি বলেন, ঘোষিত রোডমার্চ কর্মসূচির পর এই চূড়ান্ত খেলা শুরু হবে। এই সরকারের পতনের মধ্য দিয়ে খেলার শেষ হবে। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, এমন আন্দোলন গড়ে তুলুন যেন এই সরকারের পতন হয়। কেননা, দেশের মানুষ আর অপেক্ষা করতে পারছে না।খালেদা জিয়া বলেন, ‘আমার জীবনে পাওয়ার কিছু নেই। তিনবার প্রধানমন্ত্রী হয়েছি। দেশের যেখান থেকেই নির্বাচন করেছি, জনগণ বিপুল ভোটে বিজয়ী করেছে। এখন শুধু একটি স্বাধীন সার্বভৌম দেশ দেখে যেতে চাই। নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দিয়ে যেতে চাই। তারা যেন সম্মানের সঙ্গে বসবাস করতে পারে।’ তিনি বলেন, আওয়ামী লীগ নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করে। আসলে তারা দেশের স্বাধীনতাবিরোধী শক্তি। এদের দিয়ে দেশের উন্নতি, মানুষের কল্যাণ, গণতন্ত্র রক্ষা হবে না। তিনি অভিযোগ করেন, সংসদ, বিরোধী দল, মন্ত্রিসভা, নিজের দলের নেতা কাউকে কিছু না জানিয়ে কেবল একজন ব্যক্তি ও তাঁর পরিবারের স্বার্থে বিদেশের সঙ্গে গোপন চুক্তি করা হয়েছে।খালেদা জিয়া জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও আর কয়েকজন নেতাকে ডান্ডাবেড়ি পরানোর নিন্দা জানান। তিনি বলেন, ‘তাঁরা যদি কোনো অপরাধ করেন, তবে শাস্তি দিন। কিন্তু তাদের ডান্ডাবেড়ি পরিয়ে আনার দরকার কী? যাঁরা এসব করছেন, তাঁরা কি ভুলে গেছেন, এই দিন দিন নয় আরও দিন আছে।’২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার দিকে ইঙ্গিত করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘তিনজন আইজি, একজন মেজর জেনারেল, একজন ব্রিগেডিয়ার জেনারেলকে জেলে রাখা হয়েছে। যাঁরা এসব করছেন, তাঁরা ভুলে যাবেন না, সময় বেশি নাই। একদিন আপনাদেরও এই অবস্থা হতে পারে। মিথ্যা মামলা কিংবা সাজানো মামলা দিয়ে নির্যাতন বন্ধ করতে হবে।’ তিনি অভিযোগ করেন, একটি বিশেষ জেলার পুলিশরা মানুষের ওপর অত্যাচার চালান।আবু নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ প্রমুখ।