ফাইনালে টেন্ডুলকারের ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটে অনেক কিছুই হয়। কিন্তু তারও একটা সীমা থাকে। মিসবাহ-উল হক সেটিই জানলেন। সবাইকে জানালেনও। ভারত-পাকিস্তান ম্যাচে এত সব সমীকরণ নিয়ে আলোচনা, কিন্তু একটা সময় ম্যাচটা হয়ে গিয়েছিল ভারত বনাম মিসবাহ-উল হক। দায়মুক্তির ব্যাপার ছিল। এই ভারতের বিপক্ষেই ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে অভিশপ্ত সেই স্কুপ এখনো সুযোগ পেলেই তাঁকে মনে করিয়ে দেন সবাই। এই ম্যাচ জেতাতে পারলে সবাই তা ভুলে যেত। কিন্তু পারবেন কীভাবে! বাকি ব্যাটসম্যানরা যে তাঁর কাজটা শুধু কঠিন নয়, অসম্ভব করে দিয়েছিলেন।শেষ ব্যাটসম্যানকে সঙ্গে নিয়ে শুধু চার-ছক্কায় ম্যাচ বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন মিসবাহ। উমর গুল যখন সঙ্গী হলেন, ২৩ বলে পাকিস্তানের প্রয়োজন ৫৩ রান। শেষ পাঁচ বলে পরিস্থিতিটা এমন—পাঁচ বলেই ছক্কা হলে পাকিস্তান জেতে! এ আর হয় নাকি!বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের ইতিহাস তাই বদলাল না। আগের চারবার ভারত জিতেছে। জিতল এবারও। সেই জয় ২৮ বছর পর আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণের দোরগোড়ায় নিয়ে গেল ভারতকে। আগামী শনিবার মুম্বাইয়ে ফাইনালে শ্রীলঙ্কা-বাধা পেরোনোই শুধু বাকি।শচীন টেন্ডুলকারের ক্যারিয়ারের একমাত্র অতৃপ্তি ঘোচানোর স্বপ্নও এখন জ্বলজ্বলে। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে আগের চার ম্যাচে দুবার ম্যান অব দ্য ম্যাচ, কালও ম্যাচ-সেরা। যদিও এ নিয়ে প্রশ্ন থাকল। ম্যাচের সর্বোচ্চ ৮৫ রান করেছেন, দ্বিতীয় সর্বোচ্চ যেখানে মিসবাহর ৫৬। এই আলোকে ৮৫ তো অবশ্যই ম্যাচ উইনিং ইনিংস। কিন্তু এই ইনিংসে যে চার-চারটি ‘লাইফ’ পাওয়ার কলঙ্ক!সেটিকে তুচ্ছ মনে করার একটা কারণ তো খুঁজে পাওয়া যাচ্ছেই। ভারতীয় বোলাররা খুব ভালো বোলিং করেছেন, কিন্তু এককভাবে কারও বোলিং ফিগারই এমন বলার মতো কিছু নয়। ‘সবে মিলে করি কাজ’-এর আদর্শ উদাহরণ ভারতের বোলিং। তা কাজটা তো দুর্দান্তভাবেই করলেন তারা।চার বছর আগে এই মোহালিতেই ৩২১ রান তাড়া করে জিতেছিল পাকিস্তান। কিন্তু সেই উইকেট আর এই উইকেট এক নয়। শেবাগ উইকেট সম্পর্কে ভুল বোঝাতে ওস্তাদ। যতক্ষণ থাকেন, যেকোনো উইকেটকেই ব্যাটিং স্বর্গ মনে হয়। এ দিনও ব্যতিক্রম নয়। তবে বল যে একটু থেমে থেমে আসছে, ভারতের অন্য ব্যাটসম্যানরা ঠিকই তা বুঝিয়ে দিচ্ছিলেন। ২৬০ তাই যথেষ্টই বড় স্কোর। ম্যাচের দ্বিতীয়ার্ধে উইকেট আরও ধীর হয়ে সেটিকে আরেকটু বড় বানিয়ে দিল। আরও বড় বানাল মিসবাহ ছাড়া পাকিস্তানের বাকি ব্যাটসম্যানরা সেট হয়েও আউট হয়ে যাওয়ায়।ব্যাটিংয়ে ব্যর্থ যুবরাজের পরপর দুই ওভারে দুই উইকেটে পাকিস্তানকে ভুল পথে যাত্রার সূচনা। ৪ উইকেটে ১০৬ হয়ে যাওয়ার পর আফ্রিদি বা রাজ্জাকের কাছ থেকে বিশেষ কিছু প্রয়োজন ছিল। দুজনই রান-বলের হিসাবকে তুড়ি মেরে উড়িয়ে দিতে ওস্তাদ। কিন্তু এই বিশ্বকাপে যে তাঁরা নিজেদের ছায়া। ম্যাচ তাই দ্রুতই ভারত বনাম মিসবাহ হয়ে গেল। সেই অসম লড়াইয়ে যা হওয়ার তা-ই হলো।ভারতীয় ইনিংসের শুরুটা যেমন হয়েছিল, তাতে তিন শ-টিন শ কিন্তু খুবই সম্ভব বলে মনে হচ্ছিল। কৃতিত্বটা শেবাগের। তবে উমর গুলেরও বড় ভূমিকা। গুলের যখন শুরু, অনেকে তাঁর মধ্যে গ্লেন ম্যাকগ্রার ছায়া দেখেছিলেন। এই ম্যাচের আগে গুল আসলেই ‘ম্যাকগ্রা’ হতে চাইলেন। ম্যাকগ্রা সিরিজের আগেই ভবিষ্যদ্বাণী করে দিতেন। ভদ্রলোকের এক কথার মতো প্রায় সব সময়ই সেই ভবিষ্যদ্বাণী হতো ৫-০। প্রতিপক্ষের সেরা খেলোয়াড়কে টার্গেট করার কথাও জানিয়ে দিতেন সাড়ম্বরে। গুলও এই ম্যাচের আগে ঘটা করে টেন্ডুলকার-শেবাগকে টার্গেট করার কথা জানিয়ে দিলেন। কিন্তু চাইলেই কি আর ম্যাকগ্রা হওয়া যায়!কথাকে কাজে পরিণত করতে না পারলে সেটি বড় হাস্যকর লাগে। সেই দশাই হলো গুলের। ৮ ওভারে ৬৯ রান। ৪ ওভারের প্রথম স্পেলে ৪১। শেবাগের ৫টি চারের তাণ্ডবে দ্বিতীয় ওভারেই ২১। যে ইয়র্কারের জন্য এত নামডাক, সেটির দেখাই মিলল না।ক্রিকেট কখনো কখনো কারও দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। কাউকে বা দুহাত ভরে দেয়। কাল যেমন দিল ওয়াহাব রিয়াজকে। সেই ২০০৮ সালে অভিষেক। তিন বছর হয়ে গেছে, অথচ কাল খেলতে নামলেন মাত্র ১৮তম ম্যাচ। আসিফ-আমির নষ্ট জগতের বাসিন্দা না হয়ে গেলে হয়তো এই বিশ্বকাপে সুযোগই পেতেন না। বোলিংয়ে এসেই ফিরিয়ে দিলেন প্রমত্ত শেবাগকে। শেষ পর্যন্ত ৪৬ রানে ৫ উইকেট। বিশ্বকাপ সেমিফাইনালে ভারত-পাকিস্তান, সেই ম্যাচে কিনা ক্যারিয়ার-সেরা বোলিং (আগের সেরা বাংলাদেশের বিপক্ষে ৩/২২, ২০০৮)। এই ম্যাচে পরাজয়টা তাই এই বাঁহাতি ফাস্ট বোলারের বুকেই বেশি বিঁধেছে।ম্যাচের আগে শোয়েব আখতারকে তেড়েফুঁড়ে বল করতে দেখে পাকিস্তান তাঁকে নামিয়ে দেয় কি না জল্পনা হচ্ছিল। শেষ পর্যন্ত ওয়াহাব রিয়াজ এবং তিনি শোয়েবের কথা মনেই করতে দিলেন না। কথাটা ঠিক হলো না, শোয়েবকে ঠিকই মনে করিয়েছেন। কলকাতা টেস্টে পরপর দুই বলে রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকারকে বোল্ড করেই শোয়েবের শোয়েব হয়ে ওঠা। ওয়াহাব রিয়াজেরও কাল পরপর দুই বলে উইকেট। দ্বিতীয়টি মোহালিতে নামিয়ে আনল শ্মশানের নীরবতা।দর্শকদের তুমুল হর্ষধ্বনির মধ্যে নেমেছিলেন যুবরাজ সিং। এই বিশ্বকাপে ভারতের মহানায়ক। আগের সাত ম্যাচের চারটিতেই ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পর কোচ গ্যারি কারস্টেন যাকে ‘সুপারম্যান’ বলে ডাকতে শুরু করেছিলেন। নিজের মাঠে সেই যুবরাজ প্রথম বলেই বোল্ড!রিয়াজের কারণেই ১৯তম ওভারে ১ উইকেটে ১১৬ থেকে ২৬তম ওভারে ভারত ৪ উইকেটে ১৪১। টেন্ডুলকার তখনো আছেন। কীভাবে—সেই বিস্ময় জাগিয়ে। একবার রিভিউ নিয়ে বেঁচেছেন, পরের বলে স্টাম্পিং হতে হতে। ক্যাচ পড়েছে চার-চারবার! শততম আন্তর্জাতিক সেঞ্চুরিটা যখন ভবিতব্য বলে মনে হচ্ছে, তখন ৮৫ রানে আউট।শেষ ১০ ওভারে ভারতের ৬০ রান মূলত সুরেশ রায়নার অবদান (৩৯ বলে ৩৬)। ধোনি মিডিয়াকে একদমই পাত্তা দেন না বলে ভারতের সাংবাদিক মহলে তুমুল অজনপ্রিয়। সবাই সুযোগের অপেক্ষায় আছেন। কালও তাঁদের হাতে সমালোচনার রসদ তুলে দেওয়ার মতোই ব্যাটিং করলেন। ৪২ বলে ২৫। এই বিশ্বকাপে ৮ ইনিংসে মোট রান ১৫০, সর্বোচ্চ ৩৪। তার চেয়েও বড় কথা, একসময় মারমার কাটকাট ব্যাটিং করার জন্য যাঁর খ্যাতি ছিল, সেই ধোনি এখন ভারতের ইনিংসকে গতিমন্থর করে দেওয়ার দায়ে অভিযুক্ত। ম্যাচটা না জিততে পারলে নিশ্চিত ধোনির মুন্ডুপাত শুরু হয়ে যেত।উল্টো এখন ধোনি-বন্দনা শুরু হয়ে গেলে অবাক হবেন না যেন। বিজয়ীর কোনো দোষ থাকে না!