ফাইনালের আগে ‘ফাইনাল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফাইনালের আগে ফাইনাল’ কথাটায় মোহাম্মদ হাফিজ আপত্তি করলেন। পাকিস্তান অধিনায়কের দাবি, খেলোয়াড়েরা মোটেই এভাবে চিন্তা করেন না। এটা শুধুই আরেকটা ক্রিকেট ম্যাচ। বললেন এবং প্রায় সঙ্গে সঙ্গেই বুঝলেন, কথাটা কেউই বিশ্বাস করছে না। করলে কি আর এই লাইনেই আরও প্রশ্ন হয়! হাফিজের তাতে একটুও অবাক হওয়ার কথা নয়। চাপ কমাতে মুখে ও কথা বলছেন বটে, তিনি নিজেই কি তা বিশ্বাস করেন নাকি!শুধুই আরেকটা ক্রিকেট ম্যাচ! বললেই হলো! ভারত-পাকিস্তান যখনই যেখানে মুখোমুখি, বাতাসে আগুনের ফুলকি ছুটবেই ছুটবে। ভারত-পাকিস্তান মানেই দুই দেশে শ্বাসরোধী উত্তেজনা, টেলিভিশনের টিআরপি রেটিং লাফিয়ে লাফিয়ে ওপরে ওঠা। ভারত-পাকিস্তান মানেই যতটা ক্রিকেটীয় স্কিলের লড়াই, তার চেয়ে বেশি মানসিক শক্তির।এই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এর একটা ড্রেস রিহার্সাল হয়ে গেছে। ১২ দিন আগে এই প্রেমাদাসাতেই ভারত-পাকিস্তান প্রস্তুতি ম্যাচে গ্যালারি প্রায় শূন্যই ছিল। কিন্তু অন্য উপাদানগুলো কিছুই বদলায়নি। মাঠের লড়াইটা যতই সমানে-সমান থাকুক, সংখ্যায়-বহরে-উত্তেজনা ছড়ানোয় ভারতীয় সংবাদমাধ্যম সব সময়ই বিপুল ব্যবধানে জয়ী। ওই প্রস্তুতি ম্যাচ নিয়েই তাদের সে কী শোরগোল! নিছক একটা প্রস্তুতি ম্যাচও যে দুই দেশের মানুষের কাছে চিরন্তন সেই ‘সম্মানের লড়াই’—বাণিজ্যের এই জায়গাটা বুঝতে পেরে সেটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার পর্যন্ত হলো। আর কোনো প্রস্তুতি ম্যাচ যে এই মর্যাদা পায়নি, সেটি বলা বাহুল্য মনে হচ্ছে।প্রস্তুতি ম্যাচ হোক বা কোনো টুর্নামেন্টের প্রথম রাউন্ড, ভারত-পাকিস্তান ওই দুই দেশের মানুষের কাছে সব সময়ই ‘ফাইনালের আগে ফাইনাল’। তবে আজকের ম্যাচ ভারতের কাছে আক্ষরিক অর্থেও তা-ই। গত পরশু সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে উড়ে যাওয়ায় নেট রানরেট মাইনাস ২.৫০৬। আজ হেরে গেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচটা নিছকই খেলার জন্য খেলতে হবে।কদিন আগেই প্রস্তুতি ম্যাচে ভারতকে হারিয়েছেন, মোহাম্মদ হাফিজ যে এটা মনে করিয়ে দেবেন, তা জানাই ছিল। খেলা শুরুর পর অর্থহীন হয়ে যেতে পারে, তবে এর আগ পর্যন্ত ওই জয় মানসিকভাবে একটু হলেও এগিয়ে রাখবে পাকিস্তানকে। আরেকটু এগিয়ে দিচ্ছে একই দিনে দুই দলের পুরো বিপরীত দুই অভিজ্ঞতাও। খেলায় যদি ‘লজ্জা’ শব্দটা ব্যবহার করতে হয়, টি-টোয়েন্টিতে ৩১ বল বাকি থাকতে ৯ উইকেটে পরাজয়ের পর অবশ্যই সেটি ব্যবহারযোগ্য। ভারতকে সেই লজ্জাতেই ডুবিয়েছে অস্ট্রেলিয়া। আর এর ঘণ্টা তিনেক আগে হারতে হারতে জয়ের আনন্দে ভেসে গেছে পাকিস্তান।মহেন্দ্র সিং ধোনি তাহলে কোথায় আশ্রয় খুঁজবেন? হয়তো ইতিহাসে। আশ্চর্য এক পরিসংখ্যানে। ‘বিশ্বকাপ’ শব্দটা কোনোভাবে কোথাও থাকলেই পাকিস্তান আর ভারতের সঙ্গে পারে না। ৫০ ওভারের বিশ্বকাপে দুই দলের পাঁচ ম্যাচেই জিতেছে ভারত। ‘বিশ্বকাপ একটাই’ দাবি করে আইসিসি যতই এটিকে ওয়ার্ল্ড টি-টোয়েন্টি না বলুক, সাধারণ্যে এটি ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ’ বলেই পরিচিত। সেটিতে দুবার দেখা হয়েছে দুই দলের। সেই প্রথম আসরে। একবার ম্যাচ ‘টাই’ হওয়ার পর বোল আউটে জিতেছে ভারত, আরেকবার সরাসরি।২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে সরাসরি ওই জয়টাতেই ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা। শুধু ভারতীয় ক্রিকেট কেন, ক্রিকেট ইতিহাসই তো পাল্টে গেল এতে। আইপিএল এল, ভারতের দেখানো পথ ধরে ‘সোনার ডিম পাড়া হাঁস’ টি-টোয়েন্টির জোয়ারে ভেসে গেল ক্রিকেট-বিশ্ব। ভারতীয় ক্রিকেটেও শুরু হলো ধোনিরাজ।টি-টোয়েন্টির মধুর আস্বাদ তখনো অজানা বিসিসিআইয়ের। সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে ধোনির নেতৃত্বে তরুণ এক দলকে তাই পাঠানো হয়েছিল সেই টুর্নামেন্টে। সেটিতে শিরোপা জিতেই ভারতীয় ক্রিকেট ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী অধিনায়ক হওয়ার পথে ধোনির যাত্রা শুরু। পরের দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে শোচনীয় ব্যর্থতাও ছুঁতে পারেনি ধোনিকে। আইপিএলের কারণে ভারত এখন টি-টোয়েন্টির সমার্থক, অথচ বৈপরীত্যটা হলো, ২০০৯ ও ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে একটি ম্যাচও জিততে পারেনি ভারত। এবারও ভারত সেই আশঙ্কার সামনে।ধোনিরাজের জন্য সেটি অবশ্য কোনো হুমকিই নয়। আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক তিনি, যে দলের মালিক ভারতীয় ক্রিকেটের রাজাধিরাজ শ্রীনিবাসন। ধোনির বিরুদ্ধে কারও আঙুল উঁচানোরও উপায় নেই। সেটি করলে কী মূল্য দিতে হয়, মাত্রই তা বুঝেছেন মহিন্দর অমরনাথ। গত নির্বাচক কমিটির অন্যতম সদস্যের এবার প্রধান নির্বাচক হওয়ার কথা ছিল। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ৮-০-তে হারার পর ধোনির অধিনায়কত্ব কেড়ে নেওয়ার কথা তুলেছিলেন বলে নির্বাচক কমিটি থেকেই অপমানজনকভাবে ছুড়ে ফেলা হয়েছে তাঁকে।এই টি-টোয়েন্টি বিশ্বকাপে যা-ই হোক, ধোনি তাই নিশ্চিন্ত। সেমিফাইনালে উঠতে হলে বাকি দুটি ম্যাচেই জিততে হবে, এর একটা ইতিবাচক দিকও খুঁজে পাচ্ছেন হয়তো সে কারণেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে গোহারা হারার পর যা ব্যাখ্যা করলেন, ‘সব ম্যাচই জিততে হবে—এমন একটা পরিস্থিতিতে পড়া এক দিক থেকে ভালো। এটা সবার মধ্য থেকে সেরাটা বের করে আনে।’আজ ভারতের জয়টা টুর্নামেন্টের জন্য অবশ্য খুব জরুরি। প্রথম পর্বে একেবারেই নিরুত্তাপ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট এসেছে রূপকথার সেই সোনার কাঠি-রুপার কাঠি হয়ে। আজ ভারত হেরে গেলে এই বিশ্বকাপ কিছুটা রং তো হারাবেই। সেটি আইসিসির সমস্যা হতে পারে, কিন্তু মোহাম্মদ হাফিজের তা নিয়ে ভাবতে বয়েই গেছে!