ফাইনালের টিকিট নিয়ে হাহাকার
বিশ্বকাপ ফাইনালের টিকিট নিয়ে শুরু হয়েছে হাহাকার। মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে ফাইনাল আগামী ২ এপ্রিল। ৩৮ হাজারের মধ্যে ২০ হাজার টিকিট দেওয়া হচ্ছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে সম্পৃক্ত ক্লাবগুলোকে। আইসিসিকে সাড়ে আট হাজার। সাধারণ দর্শকের জন্য মাত্র ৪ হাজার। এই ৪ হাজার টিকিট বিক্রি শুরু হয়েছে অনলাইনে। সবাই একসঙ্গে হুমড়ি খেয়ে পড়ার কারণে এক হাজার টিকিট বিক্রির পর আর কেউ অনলাইনে ঢুকতেই পারছে না। ক্রিকইনফোর ওয়েবসাইটে ক্ষুব্ধ এক দর্শক লিখেছেন, ‘এটা বিরক্তিকর...ফাইনালের জন্য মাত্র চার হাজার টিকিট! এটা ব্যবস্থাপনার বড় একটা ত্রুটি।’ আরেকজন লিখেছেন, ‘আমাদের কি দয়া করা হচ্ছে? দেশের ছোট স্টেডিয়ামগুলোর একটিতে ফাইনালের আয়োজন কেন? ইডেন গার্ডেন এখন তৈরি। ফাইনাল সেখানে নিয়ে যাওয়া হোক।’এসব নিয়ে আইসিসি দিয়ে যাচ্ছে নানা যুক্তি। স্থানীয় আয়োজকেরা বলছেন, তাঁদের হাত-পা বাঁধা। সে যাই হোক, আসল কথা হলো, সাধারণ দর্শকের জন্য মাত্র চার হাজার টিকিট কোনোভাবেই মানতে পারছেন না ফাইনাল দেখতে আগ্রহীরা। ওয়েবসাইট।