ফাইনালের মহানায়কেরা
ফাইনালের মহানায়কের নাম জানতে অপেক্ষা করতে হবে আগামী ২ এপ্রিল পর্যন্ত। আগের ৯টি ফাইনালের সেরা খেলোয়াড়ের সঙ্গে পরিচয়টা ঝালিয়ে নিন এই অবসরে। পরিচয় করিয়ে দিচ্ছেন রাজীব হাসানঅ্যাডাম গিলক্রিস্টত্রুটিপূর্ণ ব্যবস্থাপনার কারণে মাঝেমধ্যেই খবরে উঠে আসা ২০০৭ বিশ্বকাপের সবচেয়ে বড় প্রহসনটা হলো ফাইনালেই। আলোর অভাবে শেষ ওভারটা হলো অন্ধকারে। একমাত্র বোলার ছাড়া বল চোখে পড়ছিল না কারোরই। তার পরও ব্রিজটাউনের কেনসিংটন ওভাল আলো ছড়ানো অধ্যায় হয়ে থাকবে অ্যাডাম গিলক্রিস্টের সৌজন্যে।ফাইনাল মানেই যেন গিলক্রিস্ট। ১৯৯৯ বিশ্বকাপের ফাইনালে ৩৬ বলে ৫৪, ২০০৩-এর ফাইনালে ৪৮ বলে ৫৭। তার পরও আলো কেড়েছিলেন ওয়ার্ন ও পন্টিং। গিলি যেন পণ করে নেমেছিলেন, নিজের শেষ বিশ্বকাপের ফাইনালটা একার করে নেবেন। কোনো পূর্বাভাস ছাড়াই ক্যারিবীয় ঝড় কেনসিংটন ওভালে!পূর্বাভাস ছাড়াই। প্রথম ওভারে উঠেছিল মাত্র চার রান। এত সতর্কতা! বৃষ্টির কারণে এমনিতেই ম্যাচ নেমে দাঁড়ায় ৩৮ ওভারে। ভাসের দ্বিতীয় ওভারে পর পর চার-ছয় মেরে শুরু করলেন গিলক্রিস্ট। সেই ঝড় যখন ফার্নান্দোর বলে থামল, শ্রীলঙ্কা বিধ্বস্ত এক জনপদ। ১০৪ বলে ১৩টি চার আর ৮ ছক্কায় ১৪৯। ইনিংসে আর কোনো ফিফটিরও প্রয়োজন পড়েনি। ৩৮ ওভারে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ২৮১। এবার গিলক্রিস্ট আড়াল করে দিলেন পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং করা (৭৩.২২ গড়ে ৬৫৯ রান) হেইডেনকে। ওপেনিংয়ে ১৭২ রানের জুটি, তাতে হেইডেনের অবদান মাত্র ৩৮, গিলির ১১৯!বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ ইনিংসের রহস্য জানা গেল পরে। গিলি গ্লাভসের ভেতর স্কোয়াশ বল নিয়ে ব্যাট করেছিলেন!রিকি পন্টিংআগের বিশ্বকাপের শেষটা যেখানে করেছিলেন, পরের বিশ্বকাপে ওয়ার্ন যেন শুরুটা করলেন তার ঠিক উল্টো জায়গা থেকে। নায়ক থেকে খলনায়ক! ধরা পড়ে গেলেন ডোপ টেস্টে!শুরুর এই ধাক্কা ভেতরে কতটা কাঁপন ধরিয়েছিল কে জানে, তবে পেশাদারির শক্ত খোলসের বাইরে সেটি টের পেতে দেয়নি অস্ট্রেলিয়া। ২০০৩ বিশ্বকাপে পন্টিংয়ের নেতৃত্বে সবগুলো ম্যাচ জিতেই চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। আক্ষরিক অর্থেই পন্টিংয়ের নেতৃত্বে। দলের মধ্যে স্টিভ ওয়াহর শেষ ছায়াটুকুও যেন মুছে ফেললেন পন্টিং। আর অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বের বুকে পুঁতে দিল তাদের সাম্রাজ্যের পতাকা।শুরুটা করেছিলেন অ্যাডাম গিলক্রিস্ট, নাকি ভারতীয় পেসার জহির খান? নার্ভাসনেসের চূড়ান্ত নিদর্শন দেখিয়ে প্রথম ওভারে ১৫ রান দিয়েছেন জহির। দুটি নো বল, বিশাল এক ওয়াইড থেকে বাড়তি ৫ রান দেন। বোঝাই যাচ্ছিল, ২০ বছর পর ফাইনালে ওঠা ভারত স্নায়ুচাপে জর্জরিত।‘স্নায়ুচাপ’ বলতে কোনো শব্দ জানা নেই গিলক্রিস্টের। তাঁর ব্যাটের তাণ্ডবে ১৩ ওভারেই ৯৯ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। গিলক্রিস্টের এই সাজিয়ে রাখা ক্যানভাসে পন্টিং আঁকলেন পৃথিবীর শ্রেষ্ঠ এক চিত্রকর্ম।ধ্রুপদ সংগীতের শিল্পীদের মতো পন্টিং শুরু করেন ধীর লয়ে। প্রথম চারটি মারেন ৩০তম বলে, দ্বিতীয়টি ৯৫তম বলে। এর মধ্যে হরভজনকে দুটো, নেহরা আর দীনেশ মঙ্গিয়াকে মারেন একটি করে ছয়। দিশেহারা সৌরভ তখন পারলে বল তুলে দেন দলের দ্বাদশ খেলোয়াড়ের হাতেও!অধিনায়ক নিজে আর উইকেটকিপার দ্রাবিড় ছাড়া সবাই বল করেছেন। সেদিন মার কে না খেয়েছে! মাত্র ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৫৯। পন্টিং নিজেই করেন ১৪০ রান। ইনিংসে চার ছিল চারটি, ছয় ঠিক দ্বিগুণ। ফাইনালের সর্বোচ্চ ইনিংসের তখনকার রেকর্ডটি গেইলের হাতে ভেঙেছে পরের আসরেই। কিন্তু এখনো ফাইনালে অধিনায়কের সর্বোচ্চ ইনিংস হয়ে আছে ওই ১৪০।মহিন্দর অমরনাথসেই লর্ডস আর জুন বলেই মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের হ্যাটট্রিক।তার ওপর ভারত প্রথমে ব্যাট করে অলআউট হয়ে গেল মাত্রই ১৮৩ রানে। শেষ পর্যন্ত ১৯৮৩-র বিশ্বকাপে ওই ১৮৩ রানই শিরোপার জন্য যথেষ্ট হয়ে গেল, ভারতের আপামর মানুষের মনে প্রোথিত হলো ক্রিকেট উন্মাদনার বীজ।অ্যান্ডি রবার্টস, ম্যালকম মার্শাল, জোয়েল গার্নার, মাইকেল হোল্ডিং—উইন্ডিজের পেস কোয়ার্টেটের তাণ্ডবে ভারতের ব্যাটিং লাইনআপ কাঁপছিল। তারই মধ্যে মহিন্দর অমরনাথ ৮০ বলে খেললেন ২৬ রানের ইনিংস। আপাতসামান্য অবদানই অমূল্য হয়ে গেল শেষ পর্যন্ত।অমরনাথ নায়ক হয়েছেন আসলে বল হাতে। অধিনায়ক কপিল তাঁকে আক্রমণে আনলেন পঞ্চম বোলার হিসেবে। অধিনায়কের আস্থার প্রতিদান দিলেন অমররাথ। ৭৬ রানে ৬ উইকেট হারানোর পরও যখন মার্শালকে নিয়ে জেফ ডুজন শক্তপোক্ত একটা জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছেন, তখনই অমরনাথের মরণ আঘাত। প্রথমে উপড়ে নিলেন ডুজনের উইকেট। গাভাস্কারের তালুতে ক্যাচ বানালেন মার্শালকে। মাঝখানে কপিল তুলে নেন তাঁর একমাত্র শিকার রবার্টসকে। আর একটা উইকেট চাই! আবার অমরনাথ। এলবিডব্লিউর ফাঁদে হোল্ডিং। গ্যালারি ভেঙে নামা জনতার ভিড়ে হারিয়ে গেল আবেগে ভেসে যাওয়া ‘কপিলস ডেভিলস’।অমরনাথের ৭-০-১২-৩-এর সৌজন্যে লর্ডসের ব্যালকনিতে পুরুষ্টু গোঁফের একজনের হাতেই শিরোপা উঠল। কপিল আর তাঁর দল ঠাঁই পেল ইতিহাসে। অমরনাথও!ডেভিড বুনপ্রথম তিন ফাইনালের মতো এবারও গুঁফোদেরই জয়জয়কার। না, অ্যালান বোর্ডার নন। শিরোপা তাঁর হাতেই উঠেছে। কিন্তু গোঁফওয়ালা ডেভিড বুনই তো জয়ের নায়ক। ক্যারিয়ারের সেরা ফর্মে ছিলেন বুন। বিশ্বকাপের আগের টুর্নামেন্ট শারজা কাপে ৩ ম্যাচে করেছিলেন ২০৬ রান। পূর্বাভাস!বিশ্বকাপে আট ইনিংসের পাঁচটিতেই ফিফটি। এর মধ্যে ইডেন গার্ডেনের ৭৫ রানের ইনিংসটাকে বুন নিশ্চয়ই মনে রাখবেন আজীবন। ওই ইনিংস যে অস্ট্রেলিয়াকে এনে দিয়েছিল প্রথম বিশ্বকাপ শিরোপা!বুন ও জিওফ মার্শ ওই বিশ্বকাপে প্রায় সব ম্যাচেই দারুণ সূচনা দিয়েছেন অস্ট্রেলিয়াকে। ফাইনালে সূচনাটা হলো আরও ভালো। ১০ ওভারে বুন-মার্শ তুলে ফেললেন ৫২। দ্রুতই ওপেনিংয়ে ৭৫ রান ওঠার পর ফিরে গেলেন মার্শ, এই জুটিতে তাঁর অবদান অবশ্য মাত্র ২৪। যেভাবে খেলছিলেন তাতে প্রথম অস্ট্রেলীয় হিসেবে বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরিটা পেতেই পারতেন। কিন্তু ৭৫ রানের মাথায় এই ডানহাতি ক্যাচ দিলেন উইকেটের পেছনে। অবশ্য ১২৫ বলে ৭টি চারে খেলা এই ইনিংসটিই অস্ট্রেলিয়াকে দিল ২৫৩ রানের পুঁজি।২৫৪ রান অনেক বড় লক্ষ্য। বোর্ডারের চোখ নিশ্চয়ই চকচক করছিল রিলায়েন্স ওয়ার্ল্ড কাপটার দিকে তাকিয়ে। কিন্তু ২ উইকেটে ১৩৫ রান তুলে ভয়ই দেখাচ্ছিল ইংল্যান্ড। শেষ পর্যন্ত ইডেনের ৭০ হাজার দর্শকের সামনে প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ের আনন্দ করেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে ৮ ইনিংসের ৫টিতেই পঞ্চাশোর্ধ্ব রান করা বুন হয়েছেন ম্যাচ সেরা।অরবিন্দ ডি সিলভাবিস্ময়, কিছুটা ভাগ্যের পরশ পেয়ে ভাগ্যেরই মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ফাইনালে। গ্রুপ পর্বে দুটো ওয়াকওভার পেয়েছিল শ্রীলঙ্কা, নিরাপত্তাকে কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ খেলতে না আসায়। কিন্তু যোগ্যতা প্রমাণের একটি তাগিদ ছিল। ছিল অস্ট্রেলিয়াকেও তাদের দেশে খেলতে যেতে রাজি না হওয়ার অপমানের জবাব দেওয়ার। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ছিল পরিসংখ্যান—আগের ছয় ফাইনালে পরে ব্যাট করা দল একবারও জেতেনি!কিন্তু পাকিস্তানের মাটিতে প্রথম দিবারাত্রির ম্যাচটিতেই নতুন ইতিহাস লিখল অর্জুনা রানাতুঙ্গার দল।শ্রীলঙ্কান বোলাররা, বিশেষ করে স্পিনাররা ২৪১ রানে বেঁধে রাখে অস্ট্রেলিয়াকে। সবচেয়ে সফল বোলারের নাম অরবিন্দ ডি সিলভা। সেমিফাইনালেও ২ ওভার বল করে ৩ রান দিয়েছিলেন। স্পিনে কণ্ঠরুদ্ধ অস্ট্রেলিয়ার গলার ফাঁসটা চেপে ধরতে ডি সিলভাকেই আক্রমণে নিয়ে এলেন রানাতুঙ্গা। করে গেলেন ৯ ওভার। সর্বোচ্চ স্কোরার মার্ক টেলর, দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার পন্টিংয়ের দুটো দামি উইকেট তো নিলেনই, হিলিকেও বোল্ড করে নিশ্চিত করলেন, শেষে অন্তত ব্যাটে ঝড় তুলতে পারবে না অস্ট্রেলিয়া।ওই আসরের বিপজ্জনক দুই ওপেনার জয়াসুরিয়া-কালুভিতারানাকে যখন মাত্র ৩ রানেই হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা। দলের প্রয়োজনে আবারও ব্যাট হাতে দাঁড়িয়ে গেলেন ডি সিলভা, যেটি তাঁর আসল কাজ।তৃতীয় উইকেটে গুরুসিনহার সঙ্গে ১২৫ ও চতুর্থ উইকেটে অধিনায়কের সঙ্গে অবিচ্ছিন্ন ৯৭—ডি সিলভার এই দুটো জুটিই অনায়াসে ম্যাচ জেতাল শ্রীলঙ্কাকে। ব্যাট হাতে ওই বিশ্বকাপে রুদ্রমূর্তির ডি সিলভা তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফাইনালে করলেন সেঞ্চুরি। বল হাতে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট, ব্যাট হাতে অপরাজিত সেঞ্চুরি...না, ফাইনালের নায়কের মাহাত্ম্য আরও আছে। ডি সিলভা ওই ম্যাচে দুটো ক্যাচও নিয়েছেন!শেন ওয়ার্নকী দুর্দান্তই না খেলছিল পাকিস্তান! অনেকে তো এমনও বলছিলেন, এই দলটা বিরানব্বইয়ের দলটার চেয়ে অনেক ভালো। ওপেনিংয়ে সাঈদ আনোয়ার, মিডল অর্ডারে ইজাজ-ইনজামাম, রাজ্জাক-আজহার মেহমুদ-আফ্রিদিদের মতো অলরাউন্ডার, শোয়েব আখতারের আগুন ঝরানো বোলিং, সাকলায়েনের দুর্বোধ্য স্পিন আর সেই দলের নেতা ওয়াসিম আকরাম!গ্রুপ পর্বে ৫ ম্যাচের চারটি জিতে সবার আগে সুপার সিক্স নিশ্চিত করেছিল পাকিস্তান। কার কাছে হারল? বাংলাদেশ!সেই অঘটনের ধাক্কা আর সুপার সিক্সে ভারত-দক্ষিণ আফ্রিকার কাছে হেরেও ঠিকই জায়গা করে নিল ফাইনালে। কিন্তু সেখানে গিয়ে আরেক অঘটন। পাকিস্তান অলআউট হয়ে গেল মাত্র ১৩২ রানে!ম্যাচটির আয়ু ছিল মাত্র সাড়ে চার ঘণ্টা। পটকা-আতশবাজি পোড়ানোর সুযোগই পেল না পাকিস্তানি সমর্থকেরা। সব মিলে খেলা হলো ৫৯.১ ওভার। সেটাও এই একপেশে ব্যাটে-বলের লড়াইয়ের চেয়ে বেশি আকর্ষণীয় হলো বাইরে দর্শকের সঙ্গে পুলিশের ইঁদুর-বিড়াল খেলা!২১ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৬৯/৩। বোলিং আক্রমণে শেন ওয়ার্নকে আনলেন স্টিভ ওয়াহ। খেলাটা যেন শেষ হয়ে গেল ওখানেই। গ্রুপ পর্বে পাকিস্তানিরা যে তাঁর বলের ছাল তুলেছিল, ওয়ার্ন সেটা একদমই ভোলেননি!২৪তম ওভারের তৃতীয় বল। লেগে পড়ল। কোনো রকমে বল ঠেকাতে ব্যস্ত ইজাজ ডিফেন্ড করলেন। কিন্তু বল বাঁক খেয়ে ভেঙে দিল অফস্ট্যাম্প! না, সেই গ্যাটিং-ডেলিভারি এটা ছিল না, ছিল না সেমিফাইনালে গিবসকে হতবুদ্ধি করে দেওয়া সেই বলটার মতো দুর্দান্তও; কিন্তু এই একটা ডেলিভারিই পাকিস্তানের লোয়ার অর্ডারে ছড়িয়ে দিল আতঙ্ক। ফলাফল—মঈন, আফ্রিদি, আকরামের অসহায় আত্মসমর্পণ। ৯ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট, ম্যাচ সেরার নাম না বলে দিলেও চলছে!ওয়াসিম আকরামম্যাচের নায়ক হতে পারতেন তিনিই। পুরো টুর্নামেন্টে দারুণ নেতৃত্ব দেওয়া ইমরান খান ফাইনালে ম্যাচের সর্বোচ্চ স্কোরারও। উইকেটও নিয়েছেন একটি। কিন্তু ম্যাচ সেরা ইমরান নন, ওয়াসিম আকরাম। বোলার আকরাম নন, অলরাউন্ডার আকরাম!২৪ রানে দুই ওপেনারকে হারানোর ধাক্কা পাকিস্তান ভালোমতোই সামলে উঠেছিল তৃতীয় উইকেটে ইমরান-মিয়াঁদাদ জুটিতে। কিন্তু রানের গতি হয়ে পড়েছিল শ্লথ। ‘ইনজি’ নামের ২২ বছর বয়সী ছোঁড়াটা অবশ্য আগের ম্যাচে ঝড় তুলেছিল। আর সেই ঝড়ে ২৬২ রান করেও ফাইনালে খেলার আশা জলাঞ্জলি দিতে হয়েছিল মার্টিন ক্রোর নিউজিল্যান্ডকে।ইনজামাম জ্বলে উঠলেন এ দিনও। তবে টর্নেডো উঠল আকরামের ব্যাটে। ঝড়ের বেগে ৫২ রানের জুটি গড়েন ইনজি-আকরাম। আকরামের ১৮ বলে ৩৩ পাকিস্তানকে দেয় ২৪৯ রানের পুঁজি।বল হাতেও দারুণ শুরু। ওপেনার বোথামকে রানের খাতা খোলার আগেই ফেরান সাজঘরে। মাঝপথে ইংল্যান্ড যখন ঘুরে দাঁড়ানোর ‘পাঁয়তারা’ করছে, তখনই আবার আকরামের জোড়া আঘাত। পর পর দুই বলে উপড়ে নিলেন অ্যালান ল্যাম্ব ও ক্রিস লুইসের স্ট্যাম্প। তখনই যেন নিশ্চিত হয়ে গেল, মেলর্বোনের প্রায় এক লাখ দর্শকের সামনে ‘ল্যাপ অব অনার দেবে’ পাকিস্তান, ফাইনালের নায়ক হিসেবে সতীর্থদের কাঁধে উঠবেন আকরাম।ক্লাইভ লয়েডলর্ডসের রৌদ্রোজ্জ্বল দিন। প্রথম বিশ্বকাপের ফাইনাল। মুখোমুখি বিশ্বের সেরা দুই দল। বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের মুখোমুখি বিশ্বের সেরা বোলিং আক্রমণ। এটা তো স্বপ্নের ফাইনাল!লড়াইয়ের প্রথম খণ্ডযুদ্ধে জয়ী লিলি-টমসন-গিলমোররাই। লিলির বলে হুক করতে গিয়ে যুগপৎ ‘ছক্কা’ আর হিট-উইকেট হওয়ার ক্রিকেটীয় অ্যাখানের জন্ম দিয়ে পতনের শুরুটা করেছিলেন রয় ফ্রেডেরিকস। স্কোরবোর্ডে ৫০ জমা পড়তে না-পড়তেই সাজঘরে ফিরে যান আলভিন কালিচরণ আর গর্ডন গ্রিনিজও।দলপতির জন্য জীবনের সেরা লড়াইয়ের মঞ্চ প্রস্তুত। নাকের নিচে পুরুষ্টু গোঁফ আর ওপরে মোটা ফ্রেমের চশমাওয়ালা তিনিও প্রস্তুত—‘ডালিম ফুলের জার্সি পেয়ে গেছি/ প্রতিদ্বন্দ্বী এসো যুদ্ধ হবে।’যুদ্ধের সঙ্গী হিসেবে যোগ্যতম বন্ধুটিকেই পেলেন ক্লাইভ লয়েড। তাঁরই দেশের রোহান কানহাই। চতুর্থ উইকেটে ১৪৯ রানের জুটি দুই গায়ানিজের। পার হয়ে গেল ৩৬টি ওভার। এর মধ্যে টানা ১১ ওভার কোনো রান না তুলে স্রেফ সংগত করে গেলেন কানহাই। তার পরও রানের গতি থামল না ওয়েস্ট ইন্ডিজের। লয়েড যে রূপকথা জন্ম দেওয়ার পণ করেছেন!ম্যাচে গিলমোরের পাঁচ উইকেটের দ্বিতীয় হিসেবে ফিরলেন যখন, ৮৫ বলে ১২টি চার আর ২ ছক্কায় ক্লাইডের নামের পাশে ১০২ রান। তখনই যেন ঠিক হয়ে গেল রাজার মাথায়ই মুকুট উঠবে। সন্ধ্যার ফিকে হয়ে আসা আলোয় রাজপুত্র ফিলিপের হাত থেকে ট্রফিটা বুঝে নিলেন ‘রাজা’।ভিভ রিচার্ডসসেই লর্ডস, সেই জুন। দ্বিতীয় ফাইনালটি প্রথম ফাইনালের ক্রম অনুসরণ করল অনেক দিক থেকে। এবারও পঞ্চাশের ঘরে গিয়ে ৩ উইকেট নেই। পার্থক্য যা, এবার ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া নয়, ইংল্যান্ড। এবার নায়ক লয়েড নন, ভিভ রিচার্ডস।প্রথম বিশ্বকাপটা রিচার্ডসের যাচ্ছেতাই গেছে। ৫ ম্যাচে সাকল্যে ৩৮ রান! রিচার্ডস যেন সব জমা করে রেখেছিলেন পরের বিশ্বকাপের জন্য। নেমেছিলেন ওয়ান ডাউনে। ঘাম ঝরিয়ে ফিরলেন অপরাজিত থেকেই। ১৫৭ বলে অপরাজিত ১৩৮, ১১টি চার, ৩ ছক্কা। ৫৫/৩-এর ধাক্কা সামলাতে প্রথম সঙ্গী হিসেবে রিচার্ডস পেলেন খোদ অধিনায়ক লয়েডকে। এবার লয়েড অনেকটাই কানহাইয়ের ভূমিকায়। চতুর্থ উইকেটে ৪৪ রানের জুটিটা শেষ হলো লয়েড ব্যক্তিগত ১৩ রানে ক্রিস ওল্ডকে রিটার্ন ক্যাচ দেওয়ায়।৯৯ রানে উইন্ডিজের চার উইকেট ফেলে বোথামরা তখন নাচছেন। ‘বার্মি আর্মি’র জন্ম তখনো হয়নি। কিন্তু গ্যালারির ২৫ হাজার জনতার বেশির ভাগই পারলে তখনই শুরু করে শিরোপা উৎসব। হায়, ইংলিশরা তখনো জানে না বিশ্বকাপ তাদের জন্য কেবলই অপেক্ষার নাম! লয়েডের বিদায়েই আসল রিচার্ডস জেগে উঠলেন। কলিস কিংয়ের সঙ্গে ১৩৯ রানের জুটিটা ঘুরিয়ে দিল ম্যাচের গতিপথ। ৯২ রানে ফাইনাল জিতে টানা দ্বিতীয় শিরোপা জিতল ওয়েস্ট ইন্ডিজ।