ফাও খেতে না দেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্যানটিনের সহকারী পরিচালককে মারধর করেছেন ছাত্রলীগের কর্মীরা। আজ রোববার বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয় ক্যানটিনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের কর্মী সেতু, সোহানসহ আরও কয়েকজন বিশ্ববিদ্যালয় ক্যানটিনে গিয়ে কর্মচারীদের ফাও খাবার দিতে বলেন। ক্যানটিনের সহকারী পরিচালক আলতাফ উদ্দিন এভাবে খাবার দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ছাত্রলীগের কর্মীরা মারধর করেন। পরে আরও ১০-১৫ জন ছাত্রলীগের কর্মী ক্যানটিনে গিয়ে ফাও খাবার খেয়ে আসেন।আলতাফ উদ্দিন অভিযোগ করেন, ‘তারা ফাও খাবার চাইছিল। দিতে না পারায় আমাকে কিল-ঘুষি মারতে থাকে।’জানতে চাইলে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দ প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে ছাত্রলীগের নাম ভাঙিয়ে যারা ক্যানটিনে ফাও খায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’শিক্ষার্থীদের অনেকে অভিযোগ করেন, ‘ছাত্রলীগের কর্মীরা নেতাদের নাম ভাঙিয়ে প্রায়ই ক্যানটিনে ফাও খান। আর সে ক্ষতি পূরণ করতে ক্যানটিন কর্তৃপক্ষ সাধারণ শিক্ষার্থীদের কাছে চড়া দামে খাবার বিক্রি করে।’জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তিনি ব্যবস্থা নেবেন।