ফাগুনে ফোটা রঙিন ফুলে শহীদ মিনারে শ্রদ্ধা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল বুধবার দিবাগত মধ্যরাত থেকে হাজার হাজার মানুষের ঢল নেমেছে শহীদ মিনারে। হাতে ফাগুনে ফোটা রঙিন ফুলের স্তবক। কণ্ঠে বিষাদমাখা চিরচেনা গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...’।ফুলে ফুলে ভরে উঠেছে বাঙালির শোক আর অহংকারের মিনার। সব বয়স আর শ্রেণী-পেশার মানুষের পদচারণে দিনভর মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে জনস্রোতও। শুধু ঢাকা নয়, সারা দেশের মানুষ শ্রদ্ধা-ভালোবাসায় ভাষাশহীদদের স্মরণ করছে।১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বাঙালির আত্মদানের দিনটি বাংলাদেশের ইতিহাসে মহান শহীদ দিবস। বাঙালির অহংকারের দিন। জাগরণের দিন। তবে এই অর্জন এখন শুধু বাংলাদেশেরই নয়, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালিত হয় সারা বিশ্বে। ১৯৯৯ সালে ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাত ১২টা ২০ মিনিটে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক দলীয় নেতাদের নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।শহীদদের রক্তে রঞ্জিত হয়ে যেন আজ পুব আকাশে উঁকি দিল ভোরের লাল সূর্য। আর সেই আলোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের সমাবেশ। আসছে একের পর এক মিছিল। শহীদ মিনারের আশপাশের এলাকায় মাইকে বাজানো হচ্ছে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’, ‘সালাম সালাম হাজার সালাম’-এর মতো ভাষার গানগুলো। হূদয় আকুল করা গানগুলোর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন শহীদ মিনারে আসা হাজারো মানুষ। এবার তাঁদের কণ্ঠে যোগ হয়েছে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি।শহীদ মিনারে আসা নগরবাসীর পোশাকে রয়েছে একুশের চেতনার ছাপ। পোশাকে সাদা আর কালো রঙের ব্যবহার বেশি। তাতে খচিত রয়েছে বর্ণমালা, কবিতার চরণ বা গানের কলি। আবার লাল-সবুজের বাংলাদেশকে ধারণ করতে দেখা গেছে কারও কারও পোশাকে।

রাস্তার পাশে ছোট ছোট দোকানে এবং হাতে করে ফেরিওয়ালারা বিক্রি করছেন ছোট ছোট পতাকা, একুশের বাণী লেখা মাথায় বাঁধার ফিতা, শহীদদের ছবিসহ পোস্টকার্ড।সকালে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে অনেকেই বইমেলায় যাচ্ছেন। আজ বইমেলার দরজা উন্মুক্ত হয়েছে সকাল আটটায়। ফলে সকাল থেকে মেলায় ব্যাপক ভিড়।আজ দেশে সাধারণ ছুটির দিন। ভাষাশহীদদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। ভাষা আন্দোলনের ঐতিহ্য ও গৌরবের কথা স্মরণ করে জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।