বঙ্গবন্ধু সেতুফাটল এখনো বাড়ছে, মেরামত ব্যয় বেড়েছে ১২০ কোটি টাকা
ফাটল মেরামত নিয়ে গড়িমসি
বঙ্গবন্ধু সেতুর মেরামত ব্যয় ১২০ কোটি টাকা বেড়ে যাচ্ছে। ২০০৮ সালে ফাটল মেরামতে ২০৭ কোটি টাকা ব্যয় প্রাক্কলন করেছিল সেতু বিভাগ। কিন্তু এর মধ্যে তিনবার দরপত্র বাতিল করা হয়। গত বছর চতুর্থবার দরপত্র আহ্বানের সময় ব্যয় প্রাক্কলন করা হয় ৩২৭ কোটি টাকা।২০০৫ সালে দেশের বৃহত্তম এই স্থাপনায় ফাটল ধরা পড়ে। যোগাযোগ মন্ত্রণালয়ের গাফিলতির কারণে এখনো তা মেরামত সম্ভব হয়নি। ফলে সেতুতে ফাটলের সংখ্যা ও এর প্রশস্ততা বেড়ে যায়। এ কারণেই ব্যয়ও বাড়ছে বলে জানিয়েছে সেতু বিভাগ।বঙ্গবন্ধু সেতুর ফাটল মেরামতে ঠিকাদার নিয়োগের জন্য দেওয়া চতুর্থ দফা দরপত্রের কারিগরি মূল্যায়ন-প্রক্রিয়া চলছে। আর্থিক মূল্যায়ন শেষে ঠিকাদার নিয়োগ করা হবে। এরপর মেরামতে আরও প্রায় এক বছর লাগবে।সেতু বিভাগ প্রতিবছর ফাটলের সংখ্যা ও এর প্রশস্ততা উল্লেখ করে একটি প্রতিবেদন তৈরি করে। ২০১০ সালে এ-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ সালের তুলনায় ফাটল তিন গুণেরও বেশি বেড়েছে। ফাটলের প্রশস্ততা দশমিক ২৪ থেকে ১ দশমিক ৭৫ মিলিমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ২০০৫ সালে ফাটল ধরা পড়লেও আনুষ্ঠানিকভাবে তদন্ত করা হয় ২০০৬ সালে।যোগাযোগ মন্ত্রণালয়ের গাফিলতি: ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ এই সেতুতে ফাটল ধরা পড়ার পর ২০০৬ সালে জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে একদল বিশেষজ্ঞ তদন্ত করে ফাটলের কারণ ও দায়ী কে, তা চিহ্নিত করেন। পাশাপাশি ওই কমিটি দ্রুত ফাটল মেরামতের পরামর্শ দেয়।এরপর কোনো উদ্যোগ ছাড়াই কেটে যায় আরও দুই বছর। সর্বশেষ ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম আলোতে ফাটল-সংক্রান্ত সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার মেরামতের ধরন ঠিক করতে ফিলিপাইনভিত্তিক এঞ্জেল লেজারো অ্যাসোসিয়েট নামের একটি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করে।গতকাল যোগাযোগ করা হলে জামিলুর রেজা চৌধুরী প্রথম আলোকে বলেন, ফাটল এখনো বাড়ছে। ২০০৬-০৭ সালেই এটির মেরামত করা উচিত ছিল। এখনো মেরামত করা হলে বড় ধরনের ক্ষতি থেকে সেতুটি রক্ষা পাবে। কারণ আরও দেরি করলে ফাটল রড পর্যন্ত চলে যাবে।২০০৯ সালে পরামর্শক প্রতিষ্ঠান ফাটলে আঠাজাতীয় পদার্থ দিয়ে বন্ধ করে তার ওপর কার্বন ও পলিমারের তৈরি একধরনের পাতলা অথচ শক্তিশালী পাত দিয়ে (ব্যান্ডেজের মতো) ঢেকে দেওয়ার পরামর্শ দেয়। পাশাপাশি সেতুর উপরিভাগ বিটুমিনের আস্তর দেওয়ার কথা বলে। পরামর্শকদের প্রতিবেদন দেওয়ার পর আরও প্রায় দুই বছর পেরিয়ে গেছে, কিন্তু ঠিকাদার নিয়োগ হয়নি।জানা গেছে, সেতু মেরামতে প্রথম দরপত্র আহ্বান করা হয় ২০০৮ সালের ডিসেম্বরে। যোগ্য প্রতিষ্ঠান অংশ নেয়নি এ যুক্তিতে তা বাতিল করে দেওয়া হয়। পুনরায় দরপত্র আহ্বান করা হয় ২০০৯ সালের জুন মাসে। তখন কারিগরি মূল্যায়ন শেষে পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত তালিকা করে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের অনুমোদন আনতে গেলে পুনরায় দরপত্র আহ্বানের নির্দেশ দেওয়া হয়। তখনো বলা হয়, সংক্ষিপ্ত তালিকায় ভালো প্রতিষ্ঠান আসেনি বলে তা বাতিল করা হলো।২০১০ সালের জানুয়ারিতে তৃতীয় দফা দরপত্র আহ্বান করে চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনকে (সিআরবিসি) ঠিকাদার হিসেবে নির্বাচন করে সেতু বিভাগ। কিন্তু চলনবিল দিয়ে সিরাজগঞ্জ-রাজশাহী সড়কের একটা অংশে নিম্নমানের কাজ করার দায়ে সড়ক ও জনপথ অধিদপ্তর সিআরবিসিকে কালো তালিকাভুক্ত করে ২০০৬ সালে। এ বিষয়ে পত্রপত্রিকায় প্রতিবেদন প্রকাশ পেলে সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনরায় দরপত্র আহ্বানের পরামর্শ দেয়। সিআরবিসির সঙ্গে যোগাযোগমন্ত্রীর ব্যবসায়িক সম্পর্ক রয়েছে বলে তখন অভিযোগ ওঠে।সেতু বিভাগ সূত্র জানায়, প্রথমবার তত্ত্বাবধায়ক সরকারের আমলে দরপত্র আহ্বান করা হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই এই দরপত্র বাতিল করা হয়। সূত্র জানায়, সত্যিকার অর্থেই যোগ্য প্রতিষ্ঠান অংশ নেয়নি বলে দরপত্র বাতিল হয়। অভিযোগ রয়েছে, দ্বিতীয় দরপত্র বাতিল করা হয় অসৎ উদ্দেশ্যে। অভিযোগ রয়েছে, সিআরবিসিকে কাজ পাইয়ে দেওয়ার জন্য তা বাতিল করা হয়। কারণ ওই সময় সিআরবিসি কারিগরি মূল্যায়নে বাদ পড়ে যায়। আর প্রথম দরপত্রে সিআরবিসি অংশই নেয়নি। তৃতীয় দরপত্রে সিআরবিসি নির্বাচিত হলেও মন্ত্রিসভা কমিটি তা বাতিল করে।এ ব্যাপারে জানতে চাইলে যোগাযোগমন্ত্রী বলেন, যোগ্য প্রতিষ্ঠান না পাওয়ায় দরপত্র বাতিল করা হয়। এ ক্ষেত্রে তিনি নিজে সিদ্ধান্ত নেননি, সংশ্লিষ্ট কর্মকর্তারাই প্রস্তাব পাঠিয়েছিলেন। সে অনুযায়ী তিনি নির্দেশ দিয়েছেন। মন্ত্রী স্বীকার করেন, ফাটল বেড়ে যাওয়ায় ব্যয় বাড়ছে। এত দিন কেন মেরামত হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভালো ঠিকাদার পাওয়া যাচ্ছিল না। তাই দেরি হয়েছে।ব্যয় বাড়ছে: প্রথম দরপত্র আহ্বানের সময় মেরামতের জন্য ব্যয় প্রাক্কলন করা হয়েছিল ২০৭ কোটি টাকা। সর্বশেষ দরপত্র আহ্বানের সময় প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে ৩২৭ কোটি টাকা। অর্থাৎ দুই বছরের ব্যবধানে সেতুর মেরামত প্রাক্কলিত ব্যয় বেড়েছে ১২০ কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো মেরামত করতে পারলে এই ব্যয় বাড়ত না এবং সেতুটিরও ক্ষতি হতো না।জানা গেছে, চতুর্থ দফা দরপত্রে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারিগরিভাবে যোগ্য বিবেচনা করেছে সেতু বিভাগ। এগুলো হচ্ছে এসিএল-আরএনসি-এসটিপি (বাংলাদেশ-ফিলিপাইন-ভারত যৌথ), চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি (চীন), এমবিইএল-শিখু (বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ)।সম্প্রতি দরপত্র মূল্যায়নের সঙ্গে জড়িত বিশেষজ্ঞ, প্রকৌশলী ও সেতু বিভাগের কর্মকর্তারা মালয়েশিয়া, চীনসহ বিভিন্ন দেশ ঘুরে প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা যাচাই করে এসেছেন। এখন এই প্রতিষ্ঠানগুলোর আর্থিক প্রস্তাব খোলা হবে।বঙ্গবন্ধু সেতু নির্মাণে ব্যয় হয় প্রায় চার হাজার কোটি টাকা। ১৯৯৮ সালে যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়।ফাটল: সময়মতো মেরামত না করায় গত পাঁচ বছরে বঙ্গবন্ধু সেতুর ফাটলগুলো সর্বোচ্চ দুই মিলিমিটার পর্যন্ত চওড়া হয়েছে। সেতুর ক্ষতিগ্রস্ত সম্প্রসারণশীল সংযোগগুলোর অবস্থাও নাজুক।সেতু বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৫ সালে যখন ফাটল ধরা পড়ে, তখন সেতুর প্রতিটি সেগমেন্টে (অংশে) গড়ে চারটি করে ফাটল ছিল। গত বছরের ফেব্রুয়ারি মাসের প্রতিবেদনে বলা হয়, প্রতিটি অংশে ফাটল বেড়ে গড়ে ১৩টিতে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু সেতুতে মোট সেগমেন্ট আছে ১২৬৩টি। সেই হিসাবে পুরো সেতুতে মোট ফাটল আছে ১৬ হাজার ৪১৯টি। সেতু বিভাগ সূত্র জানায়, এবারও ফাটলের সংখ্যা ও এর প্রশস্ততা নিরূপণে সমীক্ষা হয়েছে। তবে এ বিষয়ে এখনো পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি হয়নি। তবে গত বছরের প্রতিবেদনের পর নতুন করে আরও অনেক ফাটলের সৃষ্টি হয়েছে। পাশাপাশি পুরোনো ফাটল আরও প্রশস্ত হয়েছে বলে সূত্র জানায়।২০০৬ সালে বঙ্গবন্ধু সেতু পরিদর্শন করে যে প্রতিবেদন দেওয়া হয়, তাতে ফাটলের প্রশস্ততা উল্লেখ করা হয় দশমিক ১ থেকে দশমিক ৫ মিলিমিটার। কিন্তু সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এখনকার ফাটলগুলো দশমিক ২৫ থেকে প্রায় ২ মিলিমিটার পর্যন্ত চওড়া হয়েছে।এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক খান এম আমানত প্রথম আলোকে বলেন, ফাটল দিন দিন বাড়ছে। এ কারণে মেরামত-প্রক্রিয়া পরিবর্তন করতে হয়েছে এবং ব্যয়ও বেড়েছে। আরও আগেই ফাটল মেরামত করা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। ২০০৬ সালে ফাটলের ওপর এম আমানতের নেতৃত্বে বুয়েটের একটি দল সমীক্ষা করে। ফাটল মেরামতে ঠিকাদার নিয়োগ-সংক্রান্ত মূল্যায়ন কমিটিরও সদস্য তিনি।মামলা হচ্ছে না: বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমে এবং বর্তমান সরকার ক্ষমতায় আসার পর যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বঙ্গবন্ধু সেতুতে ফাটলের দায়ে সেতুর দক্ষিণ কোরিয়ার নির্মাতাপ্রতিষ্ঠান হুন্দাইয়ের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছিলেন। এ লক্ষ্যে আইন মন্ত্রণালয় ও বিশিষ্ট আইনজীবী রোকনউদ্দিন মাহমুদসহ অনেকের সঙ্গে পরামর্শও করে সেতু বিভাগ। কিন্তু এরপর আর বিষয়টি এগোয়নি।সেতু বিভাগ সূত্র জানায়, সরকারের উচ্চপর্যায়ের মনোভাব হচ্ছে ক্ষতিপূরণ মামলা না করা। মামলা করা হলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সরকারের সম্পর্ক খারাপ হতে পারে এই চিন্তা থেকে সরকার সরে এসেছে। উল্লেখ্য, ফাটলের জন্য সেতুর নির্মাতাপ্রতিষ্ঠান হুন্দাই দায়ী—এ বিষয়টি জামিলুর রেজা চৌধুরীর তদন্তে এবং বিদেশি পরামর্শকদের প্রতিবেদনেও উঠে এসেছে।