ফাটল মেরামতে নতুন দরপত্র ডাকার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু যমুনা সেতুর ফাটল মেরামতে পুনরায় দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সেতু বিভাগ সেতু মেরামতের জন্য চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনকে (সিআরবিসি) সর্বনিম্ন দরদাতা হিসেবে বিবেচনায় নিলেও মন্ত্রিসভা কমিটি তা গ্রহণ করেনি।সিআরবিসির বিরুদ্ধে দেশে-বিদেশে ঘুষ দিয়ে কাজ পাওয়া এবং নিম্নমানের কাজের অভিযোগ রয়েছে। চীনের এই ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে নিম্নমানের কাজের জন্য এর আগে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ অধিদপ্তর পাঁচ বছরের জন্য কালো তালিকাভুক্ত করেছিল। এর মেয়াদ শেষ হবে ২০১১ সালের মে মাসে। আর ফিলিপাইনে বিশ্বব্যাংকের অর্থায়নে একটি রাস্তা নির্মাণের কাজ ঘুষ দিয়ে পাওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় সিআরবিসিকে বিশ্বব্যাংকের অর্থায়নে যেকোনো প্রকল্প থেকে আট বছরের জন্য বহিষ্কার করা হয়। এর মেয়াদ শেষ হবে ২০১৭ সালের জানুয়ারিতে।ঈদের আগে সিআরবিসির নিয়োগ অনুমোদনের প্রস্তাব মন্ত্রিসভা কমিটিতে তোলা হলে কমিটি সেতু বিশেষজ্ঞ জামিলুর রেজা চৌধুরীর মতামত নেওয়ার পরামর্শ দেয়। জামিলুর রেজা চৌধুরীও নতুন করে দরপত্র আহ্বানের পরামর্শ দেন।জানা গেছে, দরপত্রে সেতু মেরামতে যে ধরনের অভিজ্ঞ লোক নিয়োগের কথা ছিল, সিআরবিসির প্রস্তাবে তা ছিল না। তার পরও সেতু বিভাগ মূল্যায়ন করে তাদের সর্বনিম্ন দরদাতা হিসেবে বিবেচনায় নিয়ে অনুমোদনের জন্য মন্ত্রিসভা কমিটিতে পাঠায়। অভিযোগ রয়েছে, সিআরবিসিকে কাজ পাইয়ে দেওয়ার জন্য দুই দফা দরপত্র-প্রক্রিয়া বাতিল করা হয়েছে। তৃতীয় দফা দরপত্রে সিআরবিসিকে সর্বনিম্ন দরদাতা হিসেবে বিবেচনা করা হয়।যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মালিকানাধীন সাকো ইন্টারন্যাশনালের সঙ্গে সিআরবিসির ব্যবসায়িক যোগাযোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে যোগাযোগমন্ত্রী এই অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, সিআরবিসি ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে বিখ্যাত। তবে এর আগে কালো তালিকাভুক্ত হয়েছে, এটা উল্লেখ না করায় এবং দরপত্র অনুযায়ী সেতু মেরামতে যে পরিমাণ অভিজ্ঞতাসম্পন্ন লোকবল দরকার, তা তারা উল্লেখ করেনি। সে জন্য পুনরায় দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সিআরবিসিকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ সম্পর্কে মন্ত্রী বলেন, ‘এগুলো সবই মিথ্যা। চীনা কোম্পানি কাজ পেলেই আমার সম্পর্কে এ ধরনের কথা বলা হয়। এটা অনৈতিক।’জানা গেছে, প্রথমবার দরপত্র আহ্বান করা হয় ২০০৮ সালের ডিসেম্বর মাসে এবং দ্বিতীয় দফা গত বছরের জুনে। দ্বিতীয় দফায় ঠিকাদার নিয়োগের প্রাথমিক তালিকা অনুমোদনের জন্য পাঠানো হলে যোগাযোগ মন্ত্রণালয় তা বাতিল করে দেয়। দুবারই যোগ্য প্রতিষ্ঠান পাওয়া যায়নি, এই অজুহাতে দরপত্র বাতিল করে যোগাযোগ মন্ত্রণালয়।সর্বশেষ গত মার্চ মাসে তৃতীয় দফা দরপত্র আহ্বান করা হলে চারটি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে দুটি জাপানি এবং দুটি চীনা কোম্পানি। দরপত্র মূল্যায়নের সময় এসএইচবি-সিএটিআইসি-আরসিএল-জেবিকে অযোগ্য ঘোষণা করা হয় প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায়। বাকি তিনটির মধ্য থেকে সিআরবিসি ১৬৫ কোটি টাকা দর প্রস্তাব করে সর্বনিম্ন দরদাতা হিসেবে বিবেচিত হয়। জাপানি প্রতিষ্ঠান ওয়ার্ল্ড কাউহাটসু ও দ্য নিপ্পন কোম্পানির দর প্রস্তাব ছিল যথাক্রমে ২৮৫ ও ২৯৯ কোটি টাকা। মেরামতকাজের জন্য সেতু বিভাগ ব্যয় প্রাক্কলন করেছিল ২০৭ কোটি টাকা।সিআরবিসির অনিয়ম: পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য এবং প্রথম আলোর অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগ সরকারের বিগত মেয়াদে ঢাকা-রাজশাহীর মধ্যে যোগাযোগব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ১৯৯৮ সালে চলনবিলের মধ্য দিয়ে নলকা, হাটিকুমরুল-বনপাড়া ৫৫ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়। কাজটি পায় বাংলাদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান মির আকতার লিমিটেড ও দুটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান।এর মধ্যে হাটিকুমরুল বিলবাসপুরের ২৫ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ পায় সিআরবিসি। সড়কটি চালু হওয়ার কিছু দিনের মধ্যেই এর অনেক স্থান দেবে যায় এবং বড় বড় গর্ত তৈরি হয়। এ ছাড়া চুক্তি অনুযায়ী, প্রকল্পটি ২০০২ সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কাজের মান খারাপ হওয়ায় এবং চুক্তি ভঙ্গ করায় সিআরবিসিকে কালো তালিকাভুক্ত করে ২০০৬ সালের ১৮ মে থেকে ২০১১ সালের ১৮ মে পর্যন্ত সরকারি কাজে বহিষ্কার করা হয়। এই কাজে অনিয়মের কারণে সওজের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাও করেছিল।