ফাতেমার চা-পান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাতেমার বয়স ১৪ বছর। চা, পান, বিড়ি-সিগারেট, মোবাইল ফোনের ফ্লেক্সিলোডের দোকানে বসে সে। সকাল সাতটার মধ্যে তার দোকানে বসতে হয়। রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত দোকান চলে। ফাতেমা জানায়, তার এখন পুঁজি ২৫ হাজার টাকা। ব্যবসা শুরু হয়েছিল ৫০০ টাকায়।ফাতেমার দোকান পল্লবীতে। সে দুই বছর ধরে দোকানদারি করে। ফ্লেক্সিলোড হয় প্রতিদিন হাজার পাঁচেক টাকা। তার লাভ থাকে এক হাজারে ২৭ টাকা। ফাতেমার দোকানে প্রতিদিন প্রায় দুই বিড়া পান বিক্রি হয়। চুন, সুপারি, জর্দাসহ প্রতি বিড়ায় সব মিলিয়ে প্রায় ১০০ টাকার মতো খরচ পড়ে। দুই বিড়া পান বিক্রি করতে পারলে ১৫০ টাকার মতো লাভ থাকে। চা বিক্রি থেকে এক-দেড় শ টাকা লাভ থাকে। ফাতেমার দোকানে বনরুটি, কলাও বিক্রি হয়। এগুলো বাসের হেলপার-ড্রাইভাররা খান।ফাতেমার ছোট ভাই স্কুল থেকে এসে দোকানে বসে। তখন সে বাসায় গিয়ে রান্নাবান্না করে। ঢাকায় ফাতেমা থাকে খালার সঙ্গে। খালা বাসাবাড়িতে ছুটা-ঝিয়ের কাজ করেন। তাঁরা এক হাজার ২০০ টাকা ঘর ভাড়া দিয়ে থাকেন।ফাতেমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উজিরপুরা গ্রামে। সে উজিরপুরা সরকারি প্রাইমারি স্কুলে ক্লাস থ্রি পর্যন্ত পড়াশোনা করেছে। তাঁর বাবা রিকশা চালাতেন। শীতের সময় গাছি হিসেবে কাজ করতেন। রস থেকে গুড় করে বিক্রি করতেন ফাতেমার বাবা। খেজুরগাছে ঘটি দিতে গিয়ে খেজুর কাঁটা পায়ে ফুঁড়ে ধনুষ্টংকার হয়ে মারা গেছেন তিনি। তখন ফাতেমার বয়স পাঁচ বছর। ফাতেমার ভাই রফিকের তখন দুই বছর বয়স। ফাতেমার মামারা তাঁর মাকে আবার বিয়ে দিয়ে দেন। ফাতেমার বাবার জায়গা-সম্পত্তি তেমন কিছু ছিল না। ফাতেমা জানান, তিনি অনেক দিন না খেয়ে থেকেছেন। পরে খালার সঙ্গে ঢাকায় চলে আসেন। এক বাসায় দুই বছর কাজ করেছেন। সেই বাসার লোকজনের বাড়িও উজিরপুরা গ্রামেই। ‘এই বাসার লোকজন আমারে অনেক আদর করে। এখনো জামাকাপড় কিন্না দেয়। আমি দিনে একবার অইলেও ঘুরা দিয়ে আসি। আমার টাকা-পয়সা ওই বাসার ভাবির কাছে রাখি। ভাবি বড় চাকরি করে। বাবার অসুখের সময় ৭০ হাজার টাকা হাওলাত করতে হয়েছিল। হেই টাকা প্রায় শোধ কইরা ফালাইছি। আমি খাইয়া পইরা ভালো আছি। কিন্তু মা টেলিফোন কইরা খালি কাঁন্দে।’