ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ফায়ার সার্ভিসের ছাড়পত্র না থাকায় ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা
ফায়ার সার্ভিসের ছাড়পত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত আজ মঙ্গলবার রাজধানীতে অভিযান চালিয়ে অগ্নিপ্রতিরোধ ও নির্বাপণ আইনে চারটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন।আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালত আজ উত্তর বাড্ডার হাছেন উদ্দিন রোডের ইউলিড থ্রেড নামের সুতা ও বোতাম তৈরির একটি কারখানায় অভিযান চালান। ফায়ার সার্ভিসের ছাড়পত্র না থাকায় আদালত প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেন।পরে আদালত উত্তর বাড্ডার স্বাধীনতা সড়কের ২১৮ নম্বর ভবনের জেরিন গার্মেন্টস লিমিটেডে অভিযান চালান। ফায়ার সার্ভিসের ছাড়পত্র না থাকায় এই প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া মেরুল বাড্ডার আফতাব নগরে মার্ক কোম্পানিতে অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের ছাড়পত্র থাকলেও শর্ত ভঙ্গ করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার আনন্দ প্রিন্টার্সে অভিযান চালান। ফায়ার সার্ভিসের ছাড়পত্র না থাকায় এই প্রতিষ্ঠানকেও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম হোসেন। এ সময় ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ একটি দল ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল আদালতকে সহায়তা করে।