ফারজানা আর বিলাসীর পথেই চলে গেলেন গৃহবধূ মাকসুদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুরাইনের ফারজানা আর কমলাপুরের বিলাসীর পথেই চলে গেলেন আরেক গৃহবধূ মাকসুদা। স্বামীর দ্বিতীয় বিয়ে ও অত্যাচার সইতে না পেরে তিনি গতকাল সন্ধ্যায় রাজধানীর বনানী সৈনিক ক্লাব এলাকার রেললাইনে দেড় বছরের মেয়ে তানজিনাকে কোলে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন চলন্ত ট্রেনের সামনে। ট্রেনের ধাক্কায় দুদিকে ছিটকে পড়েন মা ও মেয়ে। গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মাকসুদা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।মাকসুদার মা করিমুন্নেসা গতকাল জানান, মাকসুদার স্বামী আশরাফ নাবিস্কোয় লেবেল স্টিকার তৈরি কারখানার শ্রমিক। তাঁদের বিয়ে হয় ১০-১১ বছর আগে। এক বছরের মধ্যেই নাজমুলের জন্ম হয়। এরপর হয় মেয়ে তানজিনা। তেজগাঁওয়ের কুনিপাড়ায় ভালোই চলছিল মাকসুদা-আশরাফের সংসার। কয়েক মাস আগে আশরাফ দ্বিতীয় বিয়ে করার কথা বলেন। মাকসুদা তাঁকে নিষেধ করেন। এর পর থেকেই শুরু হয় নির্যাতন। গালিগালাজ, মারধর আর টাকার জন্য চাপ চলতে থাকে অনবরত। সর্বশেষ গত ৩১ জুলাই মাকসুদাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন আশরাফ। এরপর মাকসুদা দুই বাচ্চাকে নিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারের চৈতারবান্দা গ্রামে বাপের বাড়িতে চলে যান। পাশেই বিষনন্দী গ্রামে তার শ্বশুরবাড়ি।মাকসুদার ভাই ইউনুস জানান, এরপর রোববার মাকসুদার শ্বশুর-শাশুড়িকে খবর পাঠানো হয়। তাঁরা এসে বাচ্চা দুটিকে নিয়ে যান। সর্বশেষ গতকাল সকালে স্থানীয় বাজারে একটি দোকানে আসেন মাকসুদার স্বামী আশরাফ। খবর পেয়ে মাকসুদা তাঁর সঙ্গে দেখা করতে বাজারে যান। সেখানে তাঁদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়। আশরাফের পিছে পিছে শ্বশুরবাড়ি গিয়ে হাজির হন মাকসুদা। সেখানে মাকসুদাকে মুখে মুখে তালাক দেন আশরাফ। মাকসুদা ক্ষুব্ধ হয়ে আশরাফের ভাতের থালা ফেলে দিলে তাঁকে বেদম মারপিট করেন আশরাফ। এরপর দুই বাচ্চাকে নিয়ে ঢাকায় এসে মাকসুদা চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন।