মা ও দুই সন্তানের মৃত্যু: ভিসেরা পরীক্ষার প্রতিবেদন
ফারজানা ও দুই সন্তানের শরীরে মিলেছে ঘুমের ওষুধের উপাদান
জুরাইনের আলমবাগের ফারজানা রিতা ও তাঁর ছেলে কবির ইশরাক পাবন (১২) এবং মেয়ে রাইসা শারমিন পায়েলের (১০) পাকস্থলীতে ‘বেনজো ডায়াজিপেন’ নামের এক ধরনের রাসায়নিক উপাদান ছিল। তিনজনের মৃতদেহের ভিসেরা পরীক্ষার প্রতিবেদনে এ রাসায়নিকের কথা উল্লেখ করা হয়েছে।স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক তেজেন্দ্র চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, ‘এটি উচ্চ মাত্রার ঘুমের ওষুধের উপাদান। এ উপাদান মা ও তাঁর দুই সন্তানের শরীরে পাওয়া গেছে।’ রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন আসার পর গতকাল রোববার তিনটি মৃতদেহের ময়নাতদন্তের প্রতিবেদন গোয়েন্দা পুলিশের কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘এ ওষুধ মৃতদের শরীরে কেউ জোর করে ঢুকিয়ে ছিল, না তা তারা স্বেচ্ছায় নিয়েছে সেটা ময়নাতদন্তে বলা সম্ভব নয়।’ ওই হাসপাতালের আরেকজন চিকিৎসক প্রথম আলোকে বলেন, ‘এটা আত্মহত্যার আলামত। এ ধরনের ওষুধ খুবই উচ্চ মাত্রার। অজ্ঞান ও মলম পার্টির সদস্যরা মানুষকে অজ্ঞান করতে এ ধরনের ওষুধ ব্যবহার করে থাকে।’স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক বেলায়েত হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘উচ্চ মাত্রার ঘুমের ওষুধ বেশি পরিমাণে গ্রহণ করা হলে মানুষের নিশ্চিত মৃত্যু হবে। এসব মৃত্যু সাড়াশব্দহীন হতে পারে।’এদিকে গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, ফারজানা ও তাঁর দুই সন্তান আত্মহত্যা করেছে বলে তাঁরা এখন পর্যন্ত মনে করছেন। ফারজানার ঘরের বিভিন্ন দেয়াল লিখনেও তার প্রমাণ মিলেছে। এ ঘটনায় গ্রেপ্তার করা গাড়িচালকের বক্তব্য থেকেও তার প্রমাণ পাওয়া যায়। তবে গাড়িচালকের কিছু কথায় তাঁরা নিজেরা প্রথমে বিভ্রান্ত হয়েছিলেন। ফারজানা ও তাঁর দুই সন্তানের মৃত্যুর ঘটনায় এখন সব আসামিই পুলিশের হেফাজতে। তাঁদের একত্র করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাশেদুল ও স্মৃতিকে গতকাল পর্যন্ত পুলিশ জিজ্ঞাসাবাদ করেনি। পুলিশ কর্মকর্তারা জানান, হরতালের জন্য পুলিশ কর্মকর্তারা ব্যস্ত ছিলেন। এ কারণে (রোববার) রাত থেকে তাঁরা জিজ্ঞাসাবাদ করবেন।ফারজানার মায়ের পরিবারের লোকজন বলেন, ফারজানা যেভাবেই মারা যাক না কেন, তাতে প্ররোচনা দিয়েছেন শফিকুল কবির ও তাঁর পরিবার। তাঁরা বলেন, মৃত্যুর খবর পেয়ে শফিকুল কবির ও তাঁর পরিবারের কেউ একবারের জন্য সেখানে আসেননি। ফারজানার দুলাভাই কাজী আরিফ বলেন, স্মৃতি অন্তঃসত্ত্বা বলে শফিকুল কবির ও তাঁর পরিবার ভুল তথ্য প্রচার করে সবাইকে বিভ্রান্ত করেছে। এমনকি শফিকুল কবিরের মেয়ে সুখন কবিরকেও বিধবা বলে তাঁরা প্রচার করছেন। তিনি বলেন, শফিকুল কবির বিবৃতি দিয়ে এ ঘটনার পেছনে সম্পত্তি গ্রাস করার ষড়যন্ত্র বলে দাবি করেছেন। গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার গোলাম আজাদ খান প্রথম আলোকে বলেন, সবাইকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে।