ফারজানার শ্বশুর-শাশুড়ি ননদসহ গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুরাইনে মা ও দুই সন্তানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পাঁচ আসামি গ্রেপ্তার হয়েছেন। তাঁরা হলেন ফারজানা রিতার শ্বশুর ইত্তেফাক-এর বিশেষ প্রতিনিধি শফিকুল কবির, শাশুড়ি নূর বানু, দুই ননদ সুখন কবির ও কবিতা কবির ও কবিতার স্বামী দেলোয়ার হোসেন পাটোয়ারী। গতকাল সকালে র‌্যাব ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।র‌্যাব গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে জানান, র‌্যাবের সদস্যরা আসামি শফিকুল কবির ও তাঁর পরিবারের সদস্যদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালান। সকালে প্রথমে গ্রেপ্তার করা হয় শফিকুল কবিরের স্ত্রী নূর বানু ও মেয়ে সুখন কবিরকে। তাঁরা কাঁঠালবাগানের একটি বাসায় আত্মগোপন করে ছিলেন। তাঁদের দেওয়া তথ্যানুযায়ী সিপাইবাগের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় শফিকুল কবিরের আরেক মেয়ে কবিতা কবিরকে। দুপুর সাড়ে ১২টার দিকে শান্তিনগরে হোয়াইট হাউস হোটেলের উল্টো দিকের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় শফিকুল কবিরকে। তিনি এই বাসায় লুকিয়ে ছিলেন।গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, এই পাঁচ আসামি গতকাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে জামিনের জন্য আবেদন করেন। তবে দেলোয়ার হোসেন পাটোয়ারী ছাড়া অন্যরা আদালতে হাজির হননি। বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি মো. আবদুস সামাদের সমন্বয়ে গঠিত বেঞ্চ দেলোয়ারের জামিন আবেদন নামঞ্জুর করেন। ফেরার পথে হাইকোর্টের দুই নম্বর গেট থেকে গোয়েন্দা পুলিশের একটি দল দেয়োয়ারকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক শেখ মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, দুপুর সোয়া ১২টার দিকে হাইকোর্টের সামনে থেকে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, এই মামলায় গতকাল হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সাংবাদিক শফিকুল কবিরের জামাতা দেলোয়ার হোসেন পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়। এর আগে এই গ্রেপ্তার নিয়ে দিনভর নানা গুজব ছড়িয়ে পড়ে। শফিকুল কবিরের ভাগ্নে নুরুজ্জামান এ নিয়ে একেকজনের কাছে একক ধরনের তথ্য দেওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়। নুরুজ্জামান অভিযোগ করেন, র‌্যাব পরিচয়ে সাদা পোশাকের একদল লোক তাঁর মামি নূর বানু ও সুখন কবিরকে বেলা সাড়ে ১১টার দিকে সিপাহীবাগের বাসা থেকে হাইকোর্টে যাওয়ার পথে আটক করেন। পরে হাইকোর্ট এলাকা থেকে মামা শফিকুল কবির ও মামাতো বোন কবিতাকে একটি সাদা মাইক্রোবাসে করে র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তবে র‌্যাব কর্মকর্তারা নুরুজ্জামানের এসব অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন।র‌্যাব ও গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচ আসামিকে আজ সকালে আদালতে হাজির করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।গত ১১ জুন জুরাইনের আলমবাগের বাসা থেকে ফারজানা রিতা (৩৫), তাঁর ছেলে ইশরাক কবির পবন (১৩) ও মেয়ে রাইসা রাশমিন পায়েলের (১১) লাশ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে ফারজানা তাঁদের আত্মহত্যা ও পারিবারিক বিরোধের বিভিন্ন অভিযোগের কথা ঘরের দেয়ালে ও কাগজে লিখে রেখে যান। এসব লেখায় আসামিদের সবার নাম রয়েছে। এ ছাড়া রাশিদুল কবিরের দ্বিতীয় বিয়েতে ফারজানার আপত্তি নেই—এমন কথা লেখা একটি কাগজে জোর করে সই নেওয়া হয় বলে দেয়ালে লেখা রয়েছে।এ ঘটনায় ফারজানার মা মাজেদা বেগম বাদী হয়ে আটজনকে আসামি করে মামলা করেন। এই মামলার এক আসামি গাড়িচালক আল আমিনকে গোয়েন্দা পুলিশ কয়েক দিন আগে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করে। ফারজানার স্বামী রাশিদুল কবির ও তাঁর দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতি এখনো পলাতক।গাড়িচালক জিজ্ঞাসাবাদে একেক দিন একেক কথা বলায় তাঁর বক্তব্য নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।