ফারাওয়ের গ্রানাইটে গড়া মাথা উদ্ধার
মিসরের দক্ষিণের লুক্সর শহরে মাটির নীচে আবিষ্কৃত হয়েছে বিখ্যাত এক ফারাওয়ের গ্রানাইটে গড়া মুখাবয়ব। বালক রাজা তুতেনখামেনের দাদা তৃতীয় অ্যামেনহোটেপের তিন হাজার বছর পুরোনো বিশালাকার এই মাথাটি ফারাওদের একটি লাশঘরের ধ্বংসাবশেষ থেকে খুঁড়ে বের করা হয়। বিবিসি অনলাইন জানায়, এযাবত্কাল সংরক্ষিত রাজাদের মুখাবয়বের মধ্যে এটি সবচেয়ে ভালো অবস্থায় আছে। আট ফুট উঁচু এ মাথাটি কয়েক বছর আগে উদ্ধার করা একটি বিশালাকৃতির মূর্তির অংশবিশেষ। প্রাচীন নিদর্শন রক্ষাকারী কর্মকর্তারা বলছেন, মূর্তিটি আবার পুনর্নির্মাণ করা হবে। লুক্সর এলাকায় মিসরীয় ও ইউরোপীয় একটি যৌথ অভিযানের প্রধান হুরিগ সুরুজিয়ান বলেন, ‘অন্য মূর্তিগুলোর হয় নাক না-হয় মুখের অন্য কোনো অংশ সর্বদাই ভাঙা থাকত। কিন্তু এ মাথাটি আগাগোড়া সুন্দর ও মসৃণ আছে, কিছুই ভাঙেনি।’তৃতীয় অ্যামেনহোটেপ ১৩৮৭ থেকে ১৩৪৮ খৃষ্টপূর্বাব্দ পর্যন্ত মিসর শাসন করেছিলেন। তাঁর বিশাল সাম্রাজ্য বিস্তৃত ছিল নুবিয়া থেকে সিরিয়া পর্যন্ত। বিজ্ঞানীরা কয়েকটি মমির ডিএনএ পরীক্ষা ও সিটি স্ক্যানের মাধ্যমে অ্যামেনহোটেপকে তুতেনখামেনের দাদা হিসেবে শনাক্ত করেছেন।