ফারাক্কা নিয়ে মমতার ষড়যন্ত্র-তত্ত্ব নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় পানিসম্পদমন্ত্রী পবন কুমার বনসাল বলেছেন, বেশি পুরোনো হওয়ায় ফারাক্কা বাঁধের স্লুইসগেট ঠিকভাবে কাজ করছে না। আগামী পাঁচ বছরে গেটগুলো পাল্টে ফেলা হবে।গত শনিবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ফারাক্কা বাঁধ পরিদর্শন শেষে পবন কুমার সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি বাঁধ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ষড়যন্ত্র-তত্ত্ব নাকচ করেন। তিনি বলেন, দুটি গেট ভাঙা নিছকই দুর্ঘটনা।এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, ফারাক্কার দুটি স্লুইসগেট ভাঙনের পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে। ওই স্লুইসগেট ভেঙে যাওয়ার ফলে ফারাক্কার গেট থেকে অতিরিক্ত পানি চলে গেছে বাংলাদেশে।মমতা গত ২২ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করে ফারাক্কা বাঁধের দুটি ভাঙা গেট দ্রুত মেরামত করার দাবি জানান। মমতা দাবি করেন, ভাঙা গেটের কারণে বাংলাদেশ বেশি পানি পাচ্ছে। একই সঙ্গে তিনি ফারাক্কা বাঁধ ও স্লুইসগেট পরিস্থিতি পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের তদন্তের আহ্বান জানান।মমতা বলেন, ১৯৯৬ সালে ভারত-বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বাংলাদেশ ৩৩ শতাংশ পানি পাওয়ার কথা। অথচ গেট ভাঙার কারণে বাংলাদেশ ৮৮ শতাংশ পানি পাচ্ছে। ফলে ভাগীরথীসহ পশ্চিমবঙ্গের অন্যান্য নদীতে পানি কমে গেছে।বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রায় সাড়ে ১৬ কিলোমিটার পশ্চিমে ভারতের গঙ্গা নদীতে ফারাক্কা বাঁধের কাজ শুরু হয় ১৯৬১ সালে। দুই হাজার ২৪০ মিটার দীর্ঘ ১০৮টি গেটসংবলিত স্লুইসগেটের এই বাঁধের নির্মাণকাজ শেষ হয় ১৯৭৫ সালে।মন্ত্রী বনসাল বলেন, ‘অনেক পুরোনো হওয়ায় ফারাক্কা বাঁধের সব গেট সঠিকভাবে কাজ করছে না। পাঁচ বছরের মধ্যে সব গেট বদলে ফেলা হবে।’বনসাল বলেন, এরই মধ্যে ১৬ নম্বর গেট মেরামত করা হয়েছে। ভাগীরথী নদীতে স্বাভাবিক পানি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।কেন্দ্রীয় পানি কমিশনের (সিডব্লিউসি) চেয়ারম্যান আরসি ঝা গত ২৬ ফেব্রুয়ারি স্লুইসগেটের ভেঙে যাওয়া ১৩ ও ১৬ নম্বর গেট দুটি পরিদর্শন করেন।