ফারাক্কা বাঁধের ফাটল তদন্তের নির্দেশ মনমোহনের
ফারাক্কা বাধের দুইটি স্লু্ইস গেটে ফাটলের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি নজরে আনার একদিন পরই বিষয়টি তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। ফারাক্কার ওই ফাটলের কারণে বাংলাদেশে অতিরিক্ত পানি চলে যাচ্ছে বলে মমতা অভিযোগ তোলেন।ভারতের পানি সম্পদ মন্ত্রী পবন কুমার বনসাল আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে বলেন, ফারাক্কা বাঁধের ১৩ ও ১৬ নম্বর গেটের ফাটল ঘটনাটি খতিয়ে দেখবেন কেন্দ্রীয় পানি কমিশনের চেয়ারম্যান আর সি ঝা। আর সি ঝা’কে আগামী ১৫ দিনের মধ্যে মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।১৯৭৫ সালে নির্মাণ করা এই ফারাক্কা বাধে মোট ১০৮ টি স্লুইস গেট রয়েছে। যার মধ্যে বর্তমানে দুইটিতে ফাটল ধরেছে।পিটিআইয়ের খবরে বলা হয়, এই তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে গেট মেরামতে বিলম্বের কারণেই এই ফাটল কি-না। ফারাক্কা বাধের এই ফাটল দুর্ঘটনাবশত নাকি কারও উদ্দেশ্যমূলক তাও তদন্ত করবেন ঝা।গতকাল মমতা সাংবাদিকদের বলেছিলেন, ‘গত বছরের জুন মাসে আমরা জেনেছি, ফারাক্কা বাঁধে ফাটল দেখা দিয়েছে। ভারত-বাংলাদেশ পানি বণ্টন চুক্তি অনুযায়ী বাংলাদেশের ৩৩ শতাংশ পানি পাওয়ার কথা। আর বাকি পানি ভারতের থাকবে। কিন্তু ফাটলের কারণে অতিরিক্ত পানি বাংলাদেশে চলে যাওয়ায় আমরা বাঁধটি সংস্কারের কথা জানিয়েছি। কারণ এই ফাটলের কারণেই বর্তমানে বাংলাদেশ পাচ্ছে ৮৩ শতাংশ পানি। এর ফলে পশ্চিমবঙ্গে ভাগিরথী নদী শুকিয়ে যাচ্ছে।’মমতা আরও বলেছিলেন, ‘বাংলাদেশে অতিরিক্ত পানি চলে যাওয়ায় সেখানে পানি ও বিদ্যুতের ব্যাপক সংকট সৃষ্টি হয়েছে। এ কারণে বড় ধরণের একটি বিপর্যয়ও ঘটে যেতে পারে। বন্দরগুলোতে বেশিরভাগ জাহাজই ঠিক মতো চলাচল করতে পারছে না। এ কারণে আমি এ বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছি।’