ফারাক্কা বাঁধের ভেঙে যাওয়া স্লুইসগেট দিয়ে অতিরিক্ত পানি এলেও যথেষ্ট জলাধার না থাকায় বাংলাদেশের পক্ষে তা ব্যবহার করা সম্ভব হচ্ছে না।যৌথ নদী কমিশনের (জেআরসি) একজন কর্মকর্তা গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা ইউএনবিকে বলেছেন, ফারাক্কা বাঁধের ১০৯টি স্লুইসগেটের মধ্যে ভেঙে যাওয়া দুটি দিয়ে বাংলাদেশ বর্তমানে অতিরিক্ত পানি পাচ্ছে।এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে অতিরিক্ত পানিপ্রবাহের বিরুদ্ধে তাঁর প্রচারণা জোরদার করেছেন। এ বিষয়ে আজ বুধবার দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে তাঁর একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বিবিসি বাংলার খবরে এ প্রসঙ্গে আরও বলা হয়েছে, স্লুইসগেট দিয়ে বাংলাদেশে অতিরিক্ত পানিপ্রবাহ নিয়ে মনমোহনের কাছে মমতা একটি কড়া চিঠিও পাঠিয়েছেন। জেআরসির পরিচালক আহসান উল্লাহ অতিরিক্ত পানিপ্রবাহ নিয়ে ইউএনবিকে বলেন, বাংলাদেশ-ভারত গঙ্গার পানি ভাগাভাগি চুক্তির আওতায় চলতি বছরের এই সময় প্রায় ৪০ হাজার কিউসেক পানি বাংলাদেশের পাওয়ার কথা। কিন্তু ক্ষতিগ্রস্ত স্লুইসগেট দিয়ে এ মুহূর্তে ১৫ থেকে ১৬ হাজার কিউসেক অতিরিক্ত পানি পাওয়া যাচ্ছে। তিনি আরও বলেন, যদি প্রস্তাবিত গঙ্গা ব্যারাজ ইতিমধ্যে প্রতিষ্ঠা করা যেত, তাহলে শুকনো মৌসুমে (মার্চ-মে) ব্যবহারের জন্য এ অতিরিক্ত পানি সংরক্ষণ করা সম্ভব হতো। তিনি জানান, রাজবাড়ী জেলার পাংশায় প্রস্তাবিত গঙ্গা ব্যারাজ নির্মাণের নকশার কাজ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে। আর চলতি বছরের ডিসেম্বরে এটি নির্মাণে দরপত্র আহ্বান করা হবে।এদিকে, কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকায় গতকাল বলা হয়েছে, বিভিন্ন বিষয়ে কেন্দ্রের সঙ্গে বিরোধ তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতে আজকের বৈঠকটি হচ্ছে। ফারাক্কার পানির ক্ষেত্রে সম্প্রতি পশ্চিমবঙ্গ কীভাবে বঞ্চিত হয়েছে এবং বাংলাদেশ অনেক বেশি পানি পাচ্ছে বলে প্রধানমন্ত্রীকে মমতা চিঠি লিখে জানিয়েছিলেন। তিস্তা চুক্তি এবং ছিটমহল হস্তান্তরের বিষয় নিয়েও মমতার সঙ্গে কেন্দ্রের বিরোধ চলছে। প্রধানমন্ত্রীর দূত হিসেবে পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন।পত্রিকাটিতে আরও বলা হয়েছে, পানিসম্পদ মন্ত্রণালয় ইতিমধ্যে ফারাক্কায় একটি প্রতিনিধিদল পাঠিয়েছে। তারা ফিরে এসে প্রতিবেদন দেবে। বৈঠকে তিস্তা চুক্তির বিষয় নিয়েও মমতার সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলতে পারেন। কেন্দ্রের যুক্তি হলো, তিস্তা চুক্তি না হলেও বাংলাদেশ কিন্তু তিস্তার পানি পাচ্ছে। কেননা, নদীতে পানি থাকলেই বাংলাদেশ পানি পাবে। বরং ঠিকমতো চুক্তি রূপায়ণ হলেই কে কত পানি পাবে, তা ঠিক হবে; যাতে আখেরে লাভ হতে পারে পশ্চিমবঙ্গেরই।