ফারাবিকে ঢাকার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার আহমেদ রাজীব হায়দারের জানাজা পরিচালনাকারী ইমামকে হত্যার হুমকির অভিযোগে চট্টগ্রামে গ্রেপ্তার হওয়া ফারাবি শফিউর রহমানকে আজ সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আজ ভোরে তাঁকে (ফারাবি) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া ল্যাপটপ ও সরঞ্জামও ডিবিকে দেওয়া হয়েছে।’আজ সন্ধ্যা সাতটার দিকে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘ফারাবিকে নিয়ে ডিবির দল এখনো ঢাকা পৌঁছায়নি। তারা পথে আছে।’গ্রেপ্তারের পর ফারাবিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানিয়েছে, ফেসবুক ও ব্লগে লেখালেখির মাধ্যমে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলনকারীদের নিয়মিতই হুমকি দিতেন ফারাবি। এরই ধারাবাহিকতায় দুর্বৃত্তদের হাতে নিহত ব্লগার রাজীবের জানাজা পরিচালনাকারী ইমামকে হত্যার হুমকি দিয়েছিলেন তিনি। ফেসবুক ও ব্লগে আন্দোলনকারী ও ইমামকে হুমকি দেওয়ার কথা স্বীকারও করেছেন ফারাবি।পুলিশ জানায়, ফারাবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা হিযবুত তাহরীরের সাবেক সভাপতি। এখনো তিনি নিষিদ্ধঘোষিত ওই জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার কালসিতে।গতকাল রোববার সন্ধ্যায় ফারাবিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকার এক মেস থেকে গ্রেপ্তার করে হাটহাজারী থানার পুলিশ। এ সময় তাঁর ব্যবহূত ল্যাপটপ ও বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, একটি চক্র ভুয়া অ্যাকাউন্ট খুলে ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন অপপ্রচার চালিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এ চক্রের সঙ্গে ফারাবির কোনো সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, রাজীব হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার তদন্তের অগ্রগতি সম্পর্কেও মুখ খুলছেন পুলিশের কর্মকর্তারা।১৫ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীতে ব্লগার আহমেদ রাজীব হায়দার (৩৫) খুন হন। ওই দিন রাত নয়টার দিকে পলাশনগরে নিজ বাড়ির দেয়ালের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। পাশে তাঁর ল্যাপটপটিও পড়ে ছিল। পল্লবী থানার পুলিশ জানায়, রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি স্থপতি ছিলেন। পরিবার ও শাহবাগের আন্দোলনকারীরা দাবি করেছেন, জামায়াত-শিবিরই তাঁকে হত্যা করেছে। নিহত রাজীব সামহোয়্যার ইন ব্লগে ‘থাবা বাবা’ নামে নিয়মিত লিখতেন। এ ছাড়া ‘আমার ব্লগ’ নামের একটি ব্লগেও তিনি লিখতেন বলে জানা যায়। শাহবাগের আন্দোলন নিয়েও তিনি ব্লগে সক্রিয় ছিলেন।