ফারুক-রশিদের দেশত্যাগে সাহায্য করে মার্কিন দূতাবাস
ইতিহাসের জঘন্যতম জেল হত্যাকাণ্ড ঘটানোর পরপরই ফারুক-রশিদসহ ২৯ সদস্যের একটি দল বিশেষ বিমানে করে দেশ ত্যাগ করেছিল। এ কাজে ঢাকার মার্কিন দূতাবাস তাদের ভাষায় ‘খন্দকার মোশতাক আহমদের নেতৃত্বাধীন বন্ধু সরকারের’ অনুরোধে সাড়া দেয়। তারা বার্মার (মিয়ানমার) আকাশসীমা ব্যবহারে সে দেশের সরকারের কাছে বাংলাদেশের অনুরোধ পৌঁছে দেয়। তখনকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার এ তথ্য প্রকাশ না করার নির্দেশ দিয়েছিলেন।মার্কিন পররাষ্ট্র দপ্তরের অবমুক্ত করা গোপনীয় তারবার্তা থেকে এ ইঙ্গিত পাওয়া গেছে। পঁচাত্তরের ৮ নভেম্বর ঢাকা থেকে রাষ্ট্রদূত ডেভিস ইউজিন বোস্টার এবং ওয়াশিংটন থেকে হেনরি কিসিঞ্জারের পাঠানো এ-সংক্রান্ত দুটি তারবার্তায় দেখা যায়, মেজরদের দেশত্যাগে সহায়তা করার বিষয়টিকে বোস্টার-কিসিঞ্জার সরকারিভাবে ‘সহায়তা’ বলতে রাজি ছিলেন না।বাংলাদেশ সরকারের পক্ষে ঢাকার মার্কিন দূতাবাস রেঙ্গুন ও ব্যাংককের সঙ্গে ‘টেলিযোগাযোগ’ সমস্যার অজুহাত দেখিয়ে ওই সহায়তা দেয়। তবে গত রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সময়ের দায়িত্বশীল সূত্র পঁচাত্তরে কিসিঞ্জার-বর্ণিত টেলিযোগাযোগ সমস্যার কথা নাকচ করে দেন। সূত্রটি বলেন, খুনি মেজরদের বিদেশে পাঠাতে বহির্বিশ্বকে মার্কিন সম্পৃক্ততা দেখানোই ছিল সরকারের লক্ষ্য। আর সেটা পূরণ হয়েছিল।ওই সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ডেস্কের পরিচালক ও বর্তমানে যশোর-২ আসনের আওয়ামী লীগের সাংসদ মোস্তফা ফারুক মোহাম্মদ এক প্রশ্নের জবাবে প্রথম আলোকে বলেন, ‘মার্কিন দূতাবাস বাংলাদেশ সরকারের পক্ষে রেঙ্গুন ও ব্যাংককের সঙ্গে কথা বলেছিল, এটা আমরা তখনই শুনেছিলাম।’৮ নভেম্বর বোস্টার ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরকে লিখেছেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে বিদেশি সংবাদদাতারা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়তে পারেন। তাঁরা জানতে চাইতে পারেন, ঢাকা থেকে ব্যাংককে যেতে আমরা মেজরদের সহায়তা দিয়েছি কি না। পররাষ্ট্র দপ্তর সম্মত হলে আমরা একটা উত্তর দিতে পারি। সেটা হলো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি অনুরোধে সাড়া দিয়ে ঢাকার মার্কিন দূতাবাস বাংলাদেশ সরকারের কাছ থেকে পাওয়া বার্তা রেঙ্গুন ও ব্যাংককের বাংলাদেশ দূতাবাস এবং বার্মা কর্তৃপক্ষকে পৌঁছে দিয়েছিল। আর সেটা ৩ নভেম্বর ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশে একটি বিশেষ বিমান ছেড়ে যাওয়ার পরিকল্পনা অবহিত করার মধ্যেই সীমিত ছিল। বন্ধু সরকারগুলোকে দূতাবাসের যোগাযোগ-সুবিধা প্রায়শই সৌজন্যবশত ব্যবহার করতে দেওয়া হয়ে থাকে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আসা ফ্লাইট-সংক্রান্ত বার্তা পৌঁছে দেওয়ার বাইরে অন্য কিছুর সঙ্গে যুক্তরাষ্ট্র সরকার জড়িত ছিল না।’বোস্টারের এই তারবার্তায় দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছিল, ‘সাংবাদিকেরা আমাদের কাছে এটা জানতে চাইতে পারেন যে যখন আমরা এই বার্তা পৌঁছে দিচ্ছি, তখন মার্কিন সরকার এটা জানত কি না যে ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাজনৈতিক নেতাদের হত্যাকাণ্ডে কথিত মতে ওই মেজররা জড়িত ছিল। আমরা প্রস্তাব করছি যে এর জবাবে আমরা না বলব। বোস্টারের এই তারবার্তার শেষ বাক্যটি ছিল, অনুগ্রহপূর্বক এ বিষয়ে নির্দেশনা দিন।’ ওয়াশিংটন থেকে এর জবাব আসতে দেরি হয়নি। ৮ নভেম্বরই ঢাকাসহ ব্যাংকক, নয়াদিল্লি ও রেঙ্গুনের মার্কিন দূতাবাসকে জানিয়ে দেওয়া হয়, মেজরদের বাংলাদেশ ত্যাগ সম্পর্কে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষ্য কী হবে। এই তারবার্তার শিরোনাম, ‘মেজরদের দেশত্যাগে আমাদের ভূমিকা সম্পর্কে প্রেস নির্দেশিকা’। হেনরি কিসিঞ্জারের পাঠানো এই তারবার্তাটি বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি রাষ্ট্রদূত বোস্টারের চেয়েও আরও বেশি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। বোস্টারের প্রস্তাবে ‘বন্ধু সরকারের’ যে উল্লেখ ছিল তিনি সেটি অনুমোদন দেননি। কিসিঞ্জার লিখেছেন, ‘মেজরদের দেশত্যাগ সম্পর্কে প্রশ্ন তোলা হলে আপনি যা বলবেন, তা হলো আমরা বাংলাদেশের সাম্প্রতিক অভ্যন্তরীণ ঘটনাবলির সঙ্গে সম্পৃক্ত নই। কিংবা সে দেশ থেকে কিছু সামরিক কর্মকর্তার দেশত্যাগের বিষয়েও আমরা জড়িত নই। বাংলাদেশ সরকারের একটি অনুরোধের পরিপ্রেক্ষিতে ৩ নভেম্বর ঢাকা থেকে একটি বিশেষ ফ্লাইট ছেড়ে যাওয়া সম্পর্কে আমরা রেঙ্গুন ও ব্যাংককের বাংলাদেশ দূতাবাসকে তাদের বার্তা পৌঁছে দিয়েছি মাত্র। কারণ বাংলাদেশ সরকার ওই দুটি দেশে তাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে জটিলতার সম্মুখীন হয়েছিল। যখন অন্যান্য সরকার পর্যাপ্ত যোগাযোগ-সুবিধার অভাবে তাদের বৈদেশিক মিশনগুলোর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সমস্যার মুখে পড়ে, তখন যুক্তরাষ্ট্র সহায়তা দিয়ে থাকে। এটা অস্বাভাবিক নয়।’ হেনরি কিসিঞ্জার অবশ্য বোস্টারের পাঠানো তারবার্তার উল্লিখিত দ্বিতীয় অনুচ্ছেদের সঙ্গে একমত হন। এর মানে হলো, যুক্তরাষ্ট্র বলবে, ওই মেজররা জেল হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তা তাঁরা জানতেনই না।অবশ্য ওয়াকিবহাল সূত্র জানায়, ওই সময় বিষয়টি ঢাকার কূটনৈতিক মহলে অনেকেরই জানা ছিল। তা ছাড়া মেজরদের বিদেশে পাঠানো ছিল একটি আপসরফার ফলাফল। শুধু মোশতাকের ইচ্ছায় তা ঘটেনি।প্রথম আলোর অনুসন্ধানে দেখা যায়, অন্য আরও অনেক বিষয়ের মতো জেল হত্যাকাণ্ডসহ পঁচাত্তরের নভেম্বরের ঘটনাবলির বিবরণ রয়েছে, এমন অনেক তারবার্তা এখনো অবমুক্ত করা হয়নি। সে কারণে মার্কিন দূতাবাস পঁচাত্তরের সংবেদনশীল ঘটনাবলির কখন কতটা জানত, আর কতটা জানত না, তা এখনো স্পষ্ট করে বলার সময় আসেনি। বোস্টার ১০ নভেম্বরে এক তারবার্তায় লিখেছেন, ‘এক বা একাধিক মেজরের নির্দেশে ৩ নভেম্বর জেল হত্যাকাণ্ড ঘটেছিল বলে স্পষ্টত প্রতীয়মান হয়।’ এ ছাড়া আরও অনেক তারবার্তায় তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জেল হত্যাকাণ্ডে মেজরদের সংশ্লিষ্টতা উল্লেখ করেন। আপাতত এই প্রথম এটুকু নিশ্চিত হওয়া গেল যে জেল হত্যাকাণ্ডের পর একটি বিশেষ বিমানযোগে দেশত্যাগ করার ঘটনায় মার্কিন দূতাবাসের একটি ভূমিকা ছিল।লক্ষণীয়, বোস্টারের ওই তারবার্তায় দেখা যায়, মেজরদের বহনকারী বিশেষ ফ্লাইট সম্পর্কে তৃতীয় একটি দেশকে অবহিত করার বিষয়ও ছিল। সেটি হলো বার্মা কর্তৃপক্ষ। একজন অবসরপ্রাপ্ত উইং কমান্ডার বলেন, রুটিন ফ্লাইট হলে আকাশসীমা ব্যবহারের জন্য কাউকে কিছু বলার দরকার পড়ে না। সেটি হয়তো অনিয়মিত ফ্লাইট ছিল বলেই বার্মা কর্তৃপক্ষকে জানাতে হয়েছিল।হেনরি কিসিঞ্জার মোশতাকের পক্ষে বার্মা কর্তৃপক্ষকে জানানোর বিষয়টি প্রকাশ না করার নির্দেশনা দেন। এ ছাড়া বোস্টার তাঁর তারবার্তায় কেন মোশতাক সরকার রেঙ্গুন ও ব্যাংককে বাংলাদেশ দূতাবাসকে অবহিত করতে পারেনি বা আদৌ কোনো ধরনের যোগাযোগ-জটিলতা সৃষ্টি হয়েছিল কি না, সে সম্পর্কে কোনো তথ্য উল্লেখ করেননি। অথচ হেনরি কিসিঞ্জার দৃশ্যত একটি অজুহাত খাড়া করেন। তিনি পরামর্শ দেন, বাংলাদেশ সরকার তাদের দূতাবাস দুটির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ঝামেলার সম্মুখীন হয়েছিল। অনেকে অবশ্য মনে করেন, ওই বিশেষ বিমান ব্যাংককে পাঠাতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো উদ্যোগ নিয়েছিল কি না কিংবা নিয়ে থাকলে কী ধরনের জটিলতার মুখে তারা পড়েছিল, তা তদন্ত করার দাবি রাখে। মার্কিন সাংবাদিক অ্যান্থনি ম্যাসকারেনহাস অবশ্য বলেছেন, ২ নভেম্বর সরকারের টেলিযোগাযোগের দায়িত্বে নিয়োজিত এক সেনাবন্ু্লকে ফোন করেছিলেন ফারুক। তিনি তাঁকে অনুরোধ করেছিলেন, বহির্বিশ্বের সঙ্গে টেলিযোগাযোগ যেন সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হয়। তবে সে অনুরোধ ওই সেনা কর্মকর্তা রক্ষা করেছিলেন কি না, তা জানা যায়নি বলে ম্যাসকারেনহাস উল্লেখ করেন।পঁচাত্তরের ৬ নভেম্বর বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক হেদায়েত আহমেদের সঙ্গে দেখা করেছিলেন একজন জ্যেষ্ঠ সাংবাদিক। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, জনাব হেদায়েত তাঁকে নিশ্চিত করেছিলেন, বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে সরকারি উদ্যোগে তাঁদের পাঠানো হয়। ওই সাংবাদিক আরও তথ্য দেন, খালেদ মোশাররফের নেতৃত্বাধীন সেনা কর্মকর্তাদের সঙ্গে মোশতাক চক্রের সমঝোতাক্রমে মেজরদের দেশত্যাগের ব্যবস্থা পাকা করা হয়েছিল। তবে পরে খালেদ মোশাররফ প্রমুখ বলেছেন, মেজরদের বহনকারী বিমানটি ঢাকা ত্যাগের আগ পর্যন্ত তাঁরা জেল হত্যাকাণ্ডের কথা জানতেন না। রশিদ ম্যাসকারেনহাসকে বলেছেন, ৩ নভেম্বর ভোর চারটার একটু পরে মোশতাকের কাছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন ফোন করেন। রিসালদার মুসলেহউদ্দিন তাঁর দলবলসহ ওই সময় ভেতরে ঢোকার অপেক্ষায় ছিলেন। ম্যাসকারেনহাস জেল হত্যাকাণ্ডকে ফারুক-রশিদের পরিকল্পিত আকস্মিক পরিকল্পনা হিসেবে বর্ণনা করেন। উল্লেখ্য, পঁচাত্তরের ৩ নভেম্বরে খন্দকার মোশতাক নিজেই দেশ থেকে পালিয়ে যেতে মার্কিন সরকারের কাছে বিশেষ হেলিকপ্টার ও রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। ৩ নভেম্বর বেলা দুইটা ২০ মিনিটে রাষ্ট্রপতি মোশতাকের মুখ্য সচিব মাহবুব আলম চাষী মার্কিন দূতাবাসকে জানান যে ফারুক-রশিদসহ মোশতাকের জরুরি রাজনৈতিক আশ্রয় দরকার হতে পারে। সূর্যাস্তের মধ্যে তাঁরা জবাব আশা করেছিলেন। বোস্টার এক তারবার্তায় তিন ঘণ্টার মধ্যে এ বিষয়ে জানাতে ওয়াশিংটনকে অনুরোধ করেন। পরে আমরা দেখি, ব্যাংককে গিয়েও মেজরদের ওই দল সেখানকার ও ঢাকার মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখে। কিসিঞ্জার দীর্ঘদিন ফারুকের আশ্রয় দেওয়ার প্রস্তাব ঝুলিয়ে রাখেন। ওই সময় এ অঞ্চলের রাষ্ট্রদূতেরা তাতে অবশ্য সায় দেননি।১৩ নভেম্বর ডেভিস বোস্টার এক তারবার্তায় পররাষ্ট্র দপ্তরকে জানান, ব্যাংকক থেকে একজন আমেরিকান ব্যবসায়ী, যিনি মেজর রশিদের সাবেক নিয়োগপ্রাপ্ত ব্যক্তি, ১৩ নভেম্বর ঢাকায় এসেছেন। তিনি মেজরদের বাংলাদেশ প্রত্যাবর্তন সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন। বোস্টার নাম প্রকাশ না করে লিখেছেন, ব্যাংককে ওই মার্কিন ব্যবসায়ী মেজরদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বোস্টার উল্লেখ করেন, ‘সূত্র বলেছে, মেজররা বাংলাদেশ ফিরে আসতে উদ্গ্রীব এবং তাঁরা নিয়মিতভাবে মোশতাক আহমদ ও মেজর জেনারেল জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগ রাখছেন। ১২ নভেম্বর তাঁরা মোশতাক ও জিয়ার সঙ্গে ফোনে কথাও বলেন। এই সূত্রটি খন্দকার মোশতাক আহমদ, জিয়াউর রহমান ও অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য মেজরদের কাছ থেকে চিঠি বয়ে এনেছেন।সূত্রটি জানিয়েছে, ফারুক ও রশিদ ছাড়া অন্য মেজরদের বাংলাদেশে ফিরিয়ে আনতে অনুমতি দেওয়া হবে। ওই দুজন অনুমতি পাবেন না। কারণ তাঁরা ১৫ আগস্ট মুজিবকে সপরিবারে হত্যার ঘটনায় সরাসরি জড়িত।