ফারুক-রিজভীদের বিরুদ্ধে অভিযোগপত্রের শুনানি ২৮ মার্চ
বিএনপির কেন্দ্রীয় নেতা জয়নুল আবদিন ফারুক, রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমানসহ ১৮-দলীয় জোটের ১৪৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নেওয়ার শুনানি আগামী ২৮ মার্চ। ঢাকার দ্রুত বিচার আদালত-৬-এর বিচারক শাহরিয়ার মাহমুদ আজ সোমবার এ তারিখ নির্ধারণ করেন। রাজধানীর নয়াপল্টনে ১১ মার্চের ঘটনায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুতবিচার) আইনে করা মামলায় বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ১৪৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গতকাল রোববার অভিযোগপত্র দেওয়া হয়। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন পল্টন মডেল থানার পরিদর্শক মাহমুদুল হাসান।অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নেতা জেড এম জাহিদ হোসেন, হাবিবুর রহমান, আবেদ রাজা, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান ও কক্সবাজারের আবু তাহের। এ মামলায় গ্রেপ্তার হওয়া ছয়জনের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় তাঁদের অব্যাহতির আবেদন জানানো হয়।১১ মার্চ বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ ওই কার্যালয়ে ঢুকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৫৭ জনকে আটক করে। ১২ মার্চ মির্জা ফখরুল, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে ছেড়ে দেয় পুলিশ। বাকি ১৫৪ জনের বিরুদ্ধে ওই দিন পুলিশ পল্টন থানায় দুটি মামলা করে। দুটি মামলায় ১৫১ জনকে ২০ মার্চ মোট আট দিন (দ্রুত বিচার আইনের মামলায় তিন ও দণ্ডবিধির মামলায় পাঁচ দিন) করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। জয়নুল আবদিন, আমান ও রিজভীকে রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়নি। এই ১৫৪ জনই কারাগারে আটক আছেন।ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি শাহ আলম তালুকদার প্রথম আলো ডটকমকে বলেন, অভিযোগপত্রে ১ থেকে ৬ নম্বর আসামি অর্থাত্ জয়নুল আবদিন, আমানউল্লাহ আমান, রিজভী, জাহিদ হোসেন, হাবিবুর রহমান ও মোহাম্মদ শাহজাহান মাইকের সাহায্যে ত্রাস ও অরাজক পরিস্থিতি সৃষ্টির ঘোষণা এবং নেতা-কর্মীদের উসকানি দিয়ে উত্তেজিত করেছেন এবং অন্য আসামিরা সমাবেশস্থলের পাশে ১৮ থেকে ২০টি ককটেলের বিস্ফোরণ ঘটান এবং জনসাধারণের মধ্যে ত্রাস সৃষ্টি করতে সড়কে টায়ার জ্বালিয়ে ও ভাঙচুর করে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেন। এ অভিযোগে আইনশৃঙ্খলা বিঘ্নকারী আইনের (দ্রুত বিচার) ৪ ও ৫ ধারায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ।ঢাকা আইনজীবী সমিতির সভাপতি কাজী নজিবুল্লাহ বলেন, দ্রুতবিচার আইনে অভিযোগপত্র গ্রহণের ৩০ কার্যদিবসের মধ্যে মামলার বিচারকাজ নিষ্পত্তির বিধান রয়েছে। এ আইনে সর্বনিম্ন দুই বছর এবং সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান আছে। একই সঙ্গে আদালত সরকারি অর্থসম্পদ ক্ষতির সমপরিমাণ অর্থ দণ্ডিত ব্যক্তিদের জরিমানা করতে পারেন।অভিযোগপত্রে বলা হয়, মাইকে ঘোষণার পর এজাহারভুক্ত অন্য আসামিরা অস্ত্র, রড ও শাবল নিয়ে বিএনপির কার্যালয়ের সামনের রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সরকারি-বেসরকারি কার্যালয়ে ভাঙচুর এবং সন্ত্রাসী কার্যক্রম চালান। আসামিরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ বিএনপির কার্যালয়ে তল্লাশি চালিয়ে আসামিদের গ্রেপ্তার এবং ১০টি ককটেল উদ্ধার করে।অভিযোগপত্রে যে ছয়জনকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়েছে তাঁরা হলেন: বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সহকারী এম এ সোবহান, জুনায়েদ ওসমান, মো. শাকিল, সোহেল রানা, মাহবুবুর রহমান ও নাইম আহমেদ।