ফারুক হত্যা মামলা ডিবির কাছে হস্তান্তর, আটক ২ যুবক রিমান্ডে
ঢাকা ক্যান্টনমেন্ট থানার মানিকদীতে ছাত্রলীগের নেতা ফারুক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক দুই যুবককে গতকাল শনিবার রাতে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল রাতে মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।ডিবির উপকমিশনার মো. মাইনুল হাসান প্রথম আলোকে বলেন, শনিবার রাতে ফারুক হত্যা মামলার তদন্তভার ডিবি বুঝে নিয়েছে। ফারুক হত্যার পর আটক যুবক গোলাপ হোসেন ও শাহাদত হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে আনা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ড সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেছে। তথ্যগুলো যাচাই করে দেখা হচ্ছে।ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসনে আরা বেগম বলেন, ঘটনার সময় মানিকদী আদর্শ বিদ্যানিকেতনের প্রাঙ্গণে উপস্থিত প্রতিষ্ঠানটির দারোয়ান গোলাপ হোসেন ও ক্যান্টিন-কর্মী শাহাদত হোসেনকে ডিবি জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।এই হত্যা মামলায় আটক অন্য ব্যক্তি জামায়াতে ইসলামীর কর্মী আইনজীবী মনিরুল হককেও পুলিশ গ্রেপ্তার দেখিয়ে গতকাল মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠায়।গত শুক্রবার রাতে মানিকদী আদর্শ বিদ্যানিকেতনের মাঠে ছাত্রলীগের ক্যান্টনমেন্ট থানা শাখার সভাপতি ফারুককে গুলি করে হত্যা করা হয়।